× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপারেশন ফুটবল মাঠ

সাইফুল ইসলাম জুয়েল

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:২৪ পিএম

অলংকরণ : তানভীর মালেক 

অলংকরণ : তানভীর মালেক 

স্কুলজুড়ে ফুটবলের জোয়ার বইছে। টিফিন টাইমে এমনকি দুটি ক্লাসের সাময়িক বিরতিতেও প্রত্যেকটি শ্রেণিকক্ষে ছেলে-পেলের দল ফুটবল খেলায় মজছে।

সাফিন এই স্কুলে নতুন এসেছে। ফুটবল নিয়ে সবার এমন উন্মাদনা দেখে প্রথমে বেশ ভালোই লাগল ওর। কিন্তু অবাক করা ব্যাপার হলোÑ ওদের কারোরই ফুটবল নেই। সাফিন আগের স্কুলে পড়ার সময় অনেককে ফুটবলের বদলে ক্রিকেট খেলার টেনিস বল দিয়েও ফুটবল খেলতে দেখেছে। কিন্তু গ্রামের এই স্কুলের ছেলে-পেলেরা আরও এককাঠি সরেস! তারা ফুটবল খেলছে নানা ধরনের ফল দিয়ে। স্কুলের পেছন দিকটায় অনেকগুলো দেশজ ফলগাছ আছে। কখনও কাঁচা ডেওয়া, কখনও জাম্বুরা বা বাতাবি লেবু, কখনও বেল কিংবা গাব ফল হয় ওদের ‘ফুটবল’! ওগুলো গোলাকৃতি কম, কিছুটা ডিম্বাকৃতি ও কিছুটা চাকতির আকৃতিরই হয়ে থাকে বেশি। ক্লাসরুমের জানালায় মাথা গলিয়ে দুয়েকজন বেরিয়ে গিয়ে গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসে। সেই ফল দিয়েই সারা দিন দিব্যি চলে ওদের ফুটবল খেলা।

সেদিন টিফিন পিরিয়ডে সাফিনদের ক্লাসের রোহান ওকে ডাকলÑ ‘এই সাফিন, তুইও আয়।’

সাফিন এতক্ষণ একটা কমিক্স বই পড়ছিল। সত্যি বলতে কীÑ ওরও ভীষণ ইচ্ছে হচ্ছিল ওদের সঙ্গে খেলার। কিন্তু কখনও ফুটবল ছাড়া ‘ফুটবল’ খেলেনি ও। তাই কিছুটা ইতস্তত ছিল।

রোহানের ডাকে ওদের সাথে যুক্ত না হয়ে পারল না। ওদের অঙ্কের এনায়েত স্যার অসুস্থ, তার বদলে কেউ ক্লাস নিতে আসেননি। ফলে মোটামুটি দীর্ঘ সময় ধরে ফুটবল খেলে কিছুটা হাঁপিয়ে উঠল ওরা। সাফিন-রোহান বিশ্রামে গেল। ওদের বদলে অন্যরা খেলতে নামল।

রোহান বলল, ‘তুই খুব ভালো খেলেছিস, সাফিন।’

সাফিন বলল, ‘ফল দিয়ে ফুটবল খেলাটা ভীষণ বোরিং! আর এতটুকুন রুমে খেলাটাও...।’

রোহান বলল, ‘আমাদেরও ভালো লাগে না। কিন্তু কী আর করার...’

‘তোদের কারোর ফুটবল নেই?’

‘না। তবে...’

‘তবে কী?’

‘বেশ কয়েকজনেরই ছিল। ওরা সেগুলো জমা দিয়ে দিয়েছে।’

‘জমা দিয়েছে! কোথায়? কার কাছে? কিসের জন্য?’ সাফিন অবাক হয়।

‘একটা লোক এসেছিল। ফেরিওয়ালা টাইপ। বলল, তোমাদের কার কার পরিত্যক্ত ফুটবল আছে? ওগুলো জমা দিলে তোমাদের যা যা দরকার আমার থেকে নিতে পারবে।’

‘ওওও, পরিত্যক্ত ফুটবল! ভালো বল ছিল না কারও কাছে?’

‘ছিল তো। পছন্দের খেলনা পেতে ওরা নিজেদের ভালো বলগুলোও লোকটাকে দিয়ে দিয়েছে।’

‘হুমম।’ সাফিন হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে উৎসাহ নিয়ে জানতে চাইল, ‘তার আগে তোরা ওই ফুটবল দিয়ে কোথায় খেলতি? যদিও আমাদের স্কুলের সামনে একটি বিশাল ধানক্ষেত আছে। কিন্তুÑ’

‘ওটা ধানক্ষেত নয় রে, ওটাই আমাদের খেলার মাঠ ছিল। আমরা মাঠে খেলছি না দেখে, অর্থাৎ সবাই ফুটবল জমা দেওয়ার পর থেকে, আমাদের স্কুলের সভাপতি ও এই ইউনিয়নের চেয়ারম্যান ওখানে ধানগাছ রোপণ করেছেন। বলেছেন, ‘দেশে আবাদি জমির সংকট। জায়গা ফেলে রাখার মানে হয় না।’

সাফিন আনমনে উঠে ক্লাসরুমের বাইরের বারান্দায় গিয়ে দাঁড়াল। সামনে বিশাল খেলার মাঠ। কিন্তু এখন এটাকে খেলার মাঠ না, ফসলের ক্ষেতই মনে হচ্ছে। দুইপাশে গোল-পোস্টও আছে। যদিও সেগুলোর এখন ভগ্নপ্রায় অবস্থা। এত বড় একটি মাঠ, অথচ ছাত্ররা কিনা ক্লাসরুমেই ফুটবল খেলছে!

‘অথচ, জানিসÑ আমার এই মাঠে ফুটবল খেলতে কত্ত ভালো লাগত...’, কখন জানি রোহান এসে সাফিনের পাশে দাঁড়িয়েছে। সে বিড়বিড়িয়ে কথাটা বলল। ‘এককালে ফুটবল টুর্নামেন্টও হয়েছে এই মাঠে। কী একটা উৎসবমুখর পরিবেশই না সৃষ্টি হতো তখন। গোটা গ্রাম এসে জড়ো হতো এখানে।’

‘আবারও শুরু করা যায় না?’

‘মাথা খারাপ!’ রোহান প্রায় আঁতকে ওঠে। ‘ফুটবল নেই। তাও না হয় ম্যানেজ করা গেল। কিন্তু চেয়ারম্যানের লাগানো ধানগাছ মাড়িয়ে...’

পরদিন সাফিন রোহানকে ওর মোবাইলে তোলা একটা ছবি দেখিয়ে জানতে চাইল, ‘এই লোকটাকে চিনিস?’

রোহান জানাল, ‘আরে, এই লোকটাই তো আমাদের সবার ফুটবল নিয়ে খেলনা দিয়ে গেছে!’

সাফিন গতকাল সন্ধ্যায় এই লোকটাকে সবার অনুপস্থিতিতে গোলপোস্ট দুটি নিয়ে নাড়াচাড়া করতে দেখেছে। কিন্তু রোহানকে কথাটা বলল না।

লোকটা গোলপোস্ট দুটির ক্ষতি চাইছে। হয়তোবা চাইছেÑ ও দুটো না থাকুক। এখানে ফুটবল মাঠের অস্তিত্বই না থাকুক! কেউ তো আছে এর পেছনে...। সাফিন মনে মনে প্রতিজ্ঞা করল, কিছু একটা করতেই হবে।

বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি। ছেলে-পেলেদের আজ ক্লাসে মনোযোগ কম, ফুটবল খেলায় বেশি। কেউ কেউ তো আক্ষেপ করে বলেও বসল, ‘ইসস, আজ যদি বৃষ্টিতে ভিজে মাঠে ফুটবল খেলতে পারতাম!’

টিফিন পিরিয়ডেই স্কুল ছুটি হয়ে গেল। সবাই বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল।

হঠাৎ লাইব্রেরি রুম থেকে একটা ফুটবল মাঠের ঠিক মাঝ বরাবর নিক্ষেপ করল কেউ। যেন ছাত্রদেরকে আগেই বলে রাখা ছিলÑ মাঠে বলটা পড়ার সাথে সাথে দেড়শ-দুশ ছাত্র একসাথে নেমে গেল মাঠে। মনের আনন্দে বল পেটাতে লাগল।

কতক্ষণ পরে দেখা গেল, মাঠের ধানগাছ সব হাওয়া!

পরে আর কোনো দিন কেউ ওই মাঠে ধান চাষ করেনি।

আরেকটি কথা, সামনের শুক্রবার স্কুলমাঠে সাফিনদের ফাইনাল খেলা আছে। তোমরা ওদেরকে সাপোর্ট দিতে আসছ তো?


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা