প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫০ পিএম
দৌড়, সংগীত ও স্মৃতির মেলবন্ধনে ‘মুভস্ উইথ মেলোডি’
দৌড়ের সঙ্গে সংগীতের সম্পর্ক নতুন নয়। প্রিয় একটি গান অনেক সময় ক্লান্ত পা-কে আরও কিছুটা পথ এগিয়ে যেতে সাহায্য করে। সেই অনুভূতিকেই এবার একটি ভিন্নধর্মী ভার্চুয়াল ফিটনেস অভিজ্ঞতায় রূপ দিতে যাচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম মুভস্।
‘মুভস্ উইথ মেলোডি | হোয়্যার মোশন মিটস মিউজিক’ আয়োজনের মাধ্যমে সংগীতের কয়েকজন কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এই আয়োজনে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চু ও ম্যাডোনা, ২৯ আগস্ট মাইকেল জ্যাকসন, ৫ সেপ্টেম্বর ফ্রেডি মার্কারি, ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর, ২ অক্টোবর জেমস এবং ৯ অক্টোবর জন লেননকে স্মরণ করা হচ্ছে।
অংশগ্রহণকারীরা প্রিয় শিল্পীর গান শুনতে শুনতে রানিং, সাইক্লিং কিংবা স্কেটিং-এর মাধ্যমে নিজেদের চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারবেন।
ভার্চুয়াল আয়োজনের নতুন সম্ভাবনা
‘মুভস্ উইথ মেলোডি’-তে নেই কোনো নির্দিষ্ট ভেন্যু বা নির্দিষ্ট সময়। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিজের সুবিধামতো জায়গা ও সময়ে এই আয়োজনে অংশ নেওয়া যাবে। অর্থাৎ ঢাকার কোনো নির্দিষ্ট স্থানে ভোরবেলায় পৌঁছানোর বাধ্যবাধকতা নেই। নিজের এলাকার রাস্তা, পার্ক কিংবা পরিচিত কোনো নিরাপদ জায়গা থেকেই সম্পন্ন করা যাবে চ্যালেঞ্জটি।
সাধারণ অংশগ্রহণকারীরা ৯ থেকে ৯৯ কিলোমিটারের মধ্যে নিজেদের পছন্দের যেকোনো দূরত্ব বেছে নিতে পারবেন। সেই দূরত্ব ১ থেকে ৬টি সেশনে সম্পন্ন করার সুযোগ থাকছে। ফলে কেউ চাইলে একদিনে পুরো দূরত্ব শেষ করতে পারেন, আবার নিজের সময় ও সক্ষমতা অনুযায়ী কয়েকটি দিনে ভাগ করেও চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারেন। ১৩ বছরের নিচের শিশুদের জন্য রয়েছে ১ থেকে ৯ কিলোমিটারের বিশেষ ক্যাটাগরি।
রানিংয়ের পাশাপাশি সাইক্লিং ও স্কেটিংয়েও অংশ নেওয়া যাবে। নিজের কার্যক্রম স্ট্রাভা অ্যাপ কিংবা জিপিএস ট্র্যাকার দিয়ে রেকর্ড করতে হবে। চ্যালেঞ্জ সম্পন্ন করার পর নির্ধারিত প্রক্রিয়ায় সেই কার্যক্রমের তথ্য জমা দিতে হবে, যা অংশগ্রহণ যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে।
এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে অন্যের সঙ্গে গতির প্রতিযোগিতার চেয়ে নিজের লক্ষ্য পূরণ করাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কে কত দ্রুত দৌড়ালেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করে সেটি শেষ করা।
ফলে যারা নিয়মিত রানিং করেন, তাদের পাশাপাশি যারা নতুন করে শরীরচর্চা শুরু করতে চান, তাঁরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী এই আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। নিজের জায়গা, নিজের সময়, নিজের গতি—তবু একই আয়োজনের অংশ হওয়ার সুযোগ।
বন্ধুত্ব থেকে সংগীত, মুভস্-এর আয়োজনের গল্প
‘মুভস্ উইথ মেলোডি’ মুভস্-এর প্রথম আয়োজন নয়। এর আগে ‘রান উইথ ফ্রেন্ডস’ দিয়ে বন্ধু ও কমিউনিটির সঙ্গে ভার্চুয়াল দৌড়ের অভিজ্ঞতা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এরপর ‘রান অ্যান্ড রাইড দ্য ওয়ার্ল্ড’-এর মাধ্যমে দৌড়ের সঙ্গে ভ্রমণ ও পর্যটনের গল্প যুক্ত করা হয়।
এরপর ‘ব্যাক টু চাইল্ডহুড: লেভেল আপ ইয়োর মেমোরিজ!’ আয়োজনের মাধ্যমে ফিটনেসের সঙ্গে যুক্ত হয় নব্বইয়ের দশকের নস্টালজিয়া।
এবার সেই ধারাবাহিকতায় গল্পের কেন্দ্রে এসেছে সংগীত। মুভস্-এর লক্ষ্য হলো প্রতিটি ভার্চুয়াল আয়োজনকে শুধু একটি দূরত্বের চ্যালেঞ্জ না রেখে একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করা।
মেডেলেও থাকছে সংগীতের ছোঁয়া
‘মুভস্ উইথ মেলোডি’-এর সফল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে গিটার আকৃতির প্রিমিয়াম ফিনিশার মেডেল। এর প্রস্থ ২০৬ মিলিমিটার এবং পুরুত্ব ৪ মিলিমিটার।
এর সঙ্গে থাকছে পারফরম্যান্স হেডব্যান্ড, ফিজিক্যাল ও ডিজিটাল রেস বিব এবং ব্যক্তিগত ই-সার্টিফিকেট।
মুভস্-এর প্রতিষ্ঠাতার মতে, “আমার কাছে একটা ভালো মেডেল শুধু একটি পুরস্কার নয়, এমন একটি স্মৃতি, যেটা হাতে নিলে কয়েক বছর পরও মনে হবে, এটা কোন গল্পের অংশ ছিল।”
ভার্চুয়াল চ্যালেঞ্জের পর কফি রেভ
ভার্চুয়াল চ্যালেঞ্জের পাশাপাশি ২৪ অক্টোবর থাকছে সীমিত পরিসরের কফি রেভ পার্টি। এতে থাকবে সরাসরি ডিজে পরিবেশনা, কফি, মেডেল প্রদান অনুষ্ঠান এবং আলোকচিত্র ধারণের ব্যবস্থা।
অর্থাৎ একজন অংশগ্রহণকারী দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের মতো করে চ্যালেঞ্জ সম্পন্ন করলেও শেষ পর্যন্ত একটি কমিউনিটির সঙ্গে সেই যাত্রা উদযাপনের সুযোগ পাবেন।
‘মুভস্ উইথ মেলোডি’ চ্যালেঞ্জের সময়কাল ১৬ আগস্ট থেকে ৯ অক্টোবর। যারা এখনো রানিং শুরু করেননি, তাঁরাও নিজেদের সুবিধামতো জায়গা ও সময়ে এই যাত্রায় যুক্ত হতে পারবেন।
নিবন্ধন চলছে মুভস্-এর নির্ধারিত নিবন্ধন প্ল্যাটফর্মে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে মুভস্-এর নিজস্ব ওয়েবসাইট www.muvs.run - এ।
‘মুভস্ উইথ মেলোডি | হোয়্যার মোশন মিটস মিউজিক’ শুধু একটি ভার্চুয়াল ফিটনেস চ্যালেঞ্জ নয়। সংগীত, শরীরচর্চা, স্মৃতি ও কমিউনিটিকে একসঙ্গে যুক্ত করে এটি তৈরি করতে চায় একটি ভিন্ন ধরনের ফিটনেস অভিজ্ঞতা।