রওনক জাহান পুষ্প
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬ পিএম
কফি কাহন
বিশ্বজুড়ে ১ অক্টোবর পালিত হয় কফি দিবস। ঘুম থেকে উঠে, কাজের ফাঁকে, বন্ধুদের সাথে আড্ডায়, মন খারাপের সময় এক কাপ কফি যেন হয়ে ওঠে প্রিয় বন্ধু। মন চাঙ্গা করে দেওয়া কফি কোথা থেকে কীভাবে এলো চলুন জানা যাক।
ঘুম থেকে উঠেই এক কাপ কফি। অফিসে পৌঁছে আরেক কাপ। বিকালে আড্ডায় আরও এক কাপ। কারও কাছে এটা দিন শুরুর নিয়ম, কারও কাছে ক্লান্তি কাটানোর উপায়, আবার কারও কাছে দিনের সবচেয়ে প্রিয় ছোট্ট বিরতি। পৃথিবীর অসংখ্য মানুষের জীবনে কফি এমনভাবে মিশে গেছে যে এটা এখন শুধু পানীয় নয়, একটা অভ্যাস, একটা সংস্কৃতি।
অথচ এই পানীয়ের শুরুটা হয়েছিল বহু শতাব্দী আগে, আফ্রিকার এক অঞ্চলে।
শুরুর গল্প : ছাগল, ইয়েমেন আর প্রথম কফিহাউস
কফির উৎপত্তি নিয়ে সবচেয়ে পরিচিত গল্পটা ইথিওপিয়ার কালদি নামের এক ছাগল পালককে ঘিরে। গল্প অনুযায়ী, নির্দিষ্ট একটা গাছের লাল ফল খেয়ে তার ছাগলগুলো অস্বাভাবিক চঞ্চল হয়ে ওঠে, কৌতূহলবশত কালদি নিজেও ফল খেয়ে দেখেন আর একই রকম সতেজতা অনুভব করেন। এটা মূলত কিংবদন্তি, তবে ইতিহাস নিশ্চিত করে যে ইথিওপিয়াই কফির আদি আবাসভূমি, আর ১৫ শতকে ইয়েমেনে কফি পানের প্রচলন শুরু হয়।
ইয়েমেনে সুফি সম্প্রদায়ের মধ্যে রাতভর ইবাদতের সময় জেগে থাকতে কফি পানের চল ছিল। সেখান থেকেই কফি ছড়িয়ে পড়ে আরব বিশ্বে, আর তখনই জন্ম নেয় আজকের কফি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, কফিহাউস। ১৬ শতকের মাঝামাঝি সময়ে কনস্টান্টিনোপলে (আজকের ইস্তাম্বুল) কফিহাউস চালু হওয়ার পর কফি পান করা আর শুধু ঘরের বিষয় থাকল না। মানুষ সেখানে বসে গল্প করত, খবর জানত, দাবা খেলত। তখন সংবাদপত্র বা মুঠোফোন কিছুই ছিল না, তাই কফিহাউসই ছিল মানুষের দেখা করার আর খবর জানার প্রধান জায়গা।
এরপর কফি পৌঁছায় ইউরোপে। ১৬৪৫ সালে ভেনিসে ইউরোপের প্রথম দিককার কফিহাউস চালু হয়, এরপর ইংল্যান্ড-ফ্রান্সসহ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। একই সময়ে কফির উৎপাদনও ছড়াতে থাকে ভৌগোলিকভাবে। প্রচলিত গল্প অনুযায়ী, ভারতীয় তীর্থযাত্রী বাবা বুদান ইয়েমেন থেকে কফির বীজ ভারতে নিয়ে আসেন, যেখান থেকে দক্ষিণ ভারতে কফি চাষের ভিত্তি তৈরি হয়। পরে ইউরোপীয় বাণিজ্যের হাত ধরে কফি পৌঁছে যায় ইন্দোনেশিয়া, জাভাসহ বিশ্বের নানা প্রান্তে। আজ আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার ৫০টিরও বেশি দেশে কফি চাষ হয়, যাকে একসঙ্গে বলা হয় কফি বেল্ট।

এক কাপ কফির ভেতরের বিজ্ঞান
কফির স্বাদ কিন্তু সব জায়গায় এক নয়। আরাবিকা ও রোবাস্তা হলো বাণিজ্যিকভাবে সবচেয়ে পরিচিত দুই প্রজাতি। আরাবিকা তুলনামূলক মসৃণ ও সুগন্ধি, আর রোবাস্তা তীব্র স্বাদের, ক্যাফেইনও বেশি। কোন দেশে কফি জন্মেছে, কীভাবে প্রক্রিয়াজাত হয়েছে, কীভাবে রোস্ট করা হয়েছে, সবকিছু মিলিয়েই তৈরি হয় এক কাপ কফির চূড়ান্ত স্বাদ। ইথিওপিয়ার কফিতে ফল-ফুলের মতো ফ্লেভার, ইন্দোনেশিয়ার কফি আর্থি আর ফুল-বডিড, আর ভারতের কফিতে স্পাইসি-নাটি ফ্লেভার, এই বৈচিত্র্যই কফিকে এত আকর্ষণীয় করে তোলে।
আমরা যাকে সাধারণভাবে কফি বিন বলি, সেটা আসলে কফি ফলের ভেতরের বীজ। গাছের ফলটা দেখতে অনেকটা ছোট চেরির মতো, যাকে বলা হয় কফি চেরি। এই চেরি থেকে বীজ আলাদা করা হয়, শুকানো হয়, তারপর রোস্ট করা হয়। রোস্টেড বিন গুঁড়া করে পানি দিয়ে বানানো হয় আমাদের পরিচিত কফি। রোস্টিংয়ের মাত্রার ওপরই নির্ভর করে স্বাদের বড় একটা অংশ। লাইট রোস্টে বিনের নিজস্ব ফ্লেভার আর অরিজিনের বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়, মিডিয়াম রোস্টে পাওয়া যায় ব্যালান্সড টেস্ট, আর ডার্ক রোস্টে কফি হয়ে ওঠে আরও তীব্র, গাঢ় আর স্মোকি।
আর এখান থেকেই তৈরি হয়েছে কফির অসংখ্য রূপ। এসপ্রেসোর সঙ্গে দুধ মিশিয়ে লাতে, দুধ আর ফোম মিশিয়ে কাপুচিনো, পানি মিশিয়ে আমেরিকানো, চকলেট যোগ করে মোকা। গরম কফির পাশাপাশি আইসড কফি, কোল্ড ব্রু বা ফ্রাপের মতো ঠান্ডা কফিও এখন সমান জনপ্রিয়। এসবই মূলত সেই এক কফি বিন থেকেই আসে, তবে ব্রুয়িং মেথড আর অনুপাতের ভিন্নতায় প্রতিটার স্বাদ, ঘনত্ব আর অভিজ্ঞতা একেবারে আলাদা।
ব্র্যান্ড যখন অভিজ্ঞতা বিক্রি করে
তবে কফির এই বিশ্বজোড়া জনপ্রিয়তার পেছনে শুধু স্বাদ বা ক্যাফেইন কাজ করেনি। মানুষ অনেক সময় কফি খায় যখন ঘুমও পায় না, বৃষ্টির দিনে জানালার পাশে বসে, বন্ধুর সঙ্গে দেখা হলে, বই পড়তে পড়তে। কফি ধীরে ধীরে প্রয়োজনের বাইরে গিয়ে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এখানেই ব্র্যান্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মানুষ শুধু কফি কেনে না, কফির সঙ্গে একটা অভিজ্ঞতাও কিনতে চায়।
এর সবচেয়ে পরিচিত উদাহরণ স্টারবাকস। ১৯৭১ সালে সিয়াটলের পাইক প্লেস মার্কেটে স্টারবাকসের প্রথম দোকান খোলে, তখন সেটা আজকের মতো কফিহাউস ছিল না, বরং ফ্রেশ-রোস্টেড কফি বিন বিক্রির ছোট্ট একটা দোকান। বদলটা আসে হাওয়ার্ড শুলজের হাত ধরে। ১৯৮৩ সালে ইতালি ভ্রমণে গিয়ে তিনি সেখানকার এসপ্রেসো বারের সংস্কৃতি দেখেন, যেখানে কফি শুধু পানীয় নয়, মানুষের দেখা করার আর সময় কাটানোর জায়গাও। সেই ধারণা থেকেই ১৯৮৭ সালে স্টারবাকস নতুন করে কফিহাউস হিসেবে যাত্রা শুরু করে, হ্যান্ডক্র্যাফটেড কফি ড্রিংক পরিবেশন করে। আজ স্টারবাকস বিশ্বজুড়ে ৪০ হাজারেরও বেশি স্টোরে ছড়িয়ে আছে, প্রায় ৮৮টি মার্কেটে।
স্টারবাকস যেখানে কফিহাউসের এক্সপেরিয়েন্সকে বড় করেছে, নেসক্যাফে সেখানে কফিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সহজ আর দ্রুত করে। এর গল্প শুরু ১৯২৯ সালে, যখন ব্রাজিলে বিপুল কফি সারপ্লাসের সমাধান খুঁজতে নেসলেকে অনুরোধ করা হয়। ম্যাক্স মর্গেনথালারের নেতৃত্বে দীর্ঘ গবেষণার পর ১৯৩৮ সালে বাজারে আসে নেসক্যাফে, বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট কফি। আগে কফি বানাতে বিনস, গ্রাইন্ডিং, ব্রুয়িংয়ের মতো ধাপ লাগত, নেসক্যাফে সেই প্রক্রিয়াকে ছোট করে দেয়, এক চামচ কফি আর গরম পানি, ব্যস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মার্কিন সেনাদের রেশনের অংশ হয়ে যায়, যুদ্ধ শেষে ইউরোপ-জাপানের বিভিন্ন ত্রাণ সহায়তায়ও পৌঁছায়, ফলে কফি আরও দ্রুত সাধারণ মানুষের ঘরে জায়গা করে নেয়।
কফি আগে থেকেই ছিল, কিন্তু ব্র্যান্ড সেটাকে দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে দিয়েছে। কারও কাছে কফি মানে সকালে নেসক্যাফের এক মগ, কারও কাছে স্টারবাকসের গ্র্যান্ডে লাতে, আবার কারও কাছে ছোট কোনো লোকাল ক্যাফের ফ্রেশলি ব্রুড সিঙ্গেল-অরিজিন কফি। কফি একই, কিন্তু অভিজ্ঞতা আলাদা। আজকের কফির দোকানে তাই শুধু কফি বিক্রি হয় না, বিক্রি হয় অ্যাম্বিয়েন্স, মিউজিক, বসার জায়গা, এক ধরনের লাইফস্টাইল।
কৃষকের গল্প, যা ভুলে গেলে চলবে না
তবে এই আধুনিক গ্ল্যামারের পেছনে কৃষকের গল্পটা ভুলে গেলে চলবে না। এক কাপ কফি তৈরি হওয়ার অনেক আগে কোনো পাহাড়ি অঞ্চলে একটা কফি গাছ বড় হয়, ফল সংগ্রহ করেন একজন কৃষক, তারপর প্রসেসিং, ড্রাইং, রোস্টিং পেরিয়ে সেই কফি পৌঁছায় আমাদের হাতে। কফির জনপ্রিয়তা যত বাড়ছে, কৃষকের আয় আর পরিবেশের প্রশ্নও ততই জরুরি হয়ে উঠছে, বড় ব্র্যান্ডগুলোও এখন সাসটেইনেবল সোর্সিং নিয়ে কথা বলছে।
ঢাকায় কোথায় কফি এনজয় করবেন
মন চাইলে ঢাকাতেই ঘুরে আসতে পারেন কয়েকটা প্রিয় জায়গা থেকে। গ্লোরিয়া জিন্স অস্ট্রেলিয়ান কফি চেইন, ২০১২ থেকে গুলশানে শুরু, হ্যান্ডক্র্যাফটেড কফি আর সঙ্গে ভালো খাবারের মেনুও পাবেন। নর্থ অ্যান্ড দেশের প্রথম কফি রোস্টার, ২০১১ সালে বাড্ডা থেকে শুরু, এখন শহরজুড়ে ছড়িয়ে। আমেরিকানো-লাতে-ব্রাউনি ফ্রেডো এখানকার ফেভারিট, মোটামুটি ১৪০-৪৬০ টাকার মধ্যেই দাম। তাবাক শুরু বারিধারা থেকে, এখন গুলশান-ধানমন্ডি-বসুন্ধরায়, কোজি ভাইব আর চিজকেক ব্রাউনির জন্য বিখ্যাত, অনেক আউটলেটে বই আর বোর্ডগেমও রাখে। ক্রিমসন কাপ আমেরিকান ফ্র্যাঞ্চাইজি, মোকা আর নাইট্রো কোল্ড ব্রুর জন্য তরুণদের কাছে হিট। আর ধানমন্ডির স্কুল-কলেজ এলাকায় নার্ডি বিন ২০১৭ থেকে ছাত্রদের আড্ডার আস্তানা, সস্তায় ভালো কফি খাওয়ার জন্য পারফেক্ট।
শেষ কথা
শত শত বছরের এত পরিবর্তনের পরও কফির মূল আবেদনটা আসলে বদলায়নি। একসময় এটা ছিল জেগে থাকার উপায়, পরে হলো আড্ডার উপলক্ষ, এখন অনেকের কাছে এটা নিজের জন্য রাখা কয়েক মিনিটের পানীয়। এক কাপ কফি হাতে নিলে আমরা কয়েক মিনিটের জন্য হলেও থামি, ডেস্ক থেকে চোখ সরাই, জানালার বাইরে তাকাই।
তাই কফির গল্প আসলে কফির চেয়েও বড়। এটা অভ্যাস বদলের গল্প, বাণিজ্যের গল্প, আর একটা সাধারণ পানীয় কীভাবে মানুষের আবেগের সঙ্গে জুড়ে যেতে পারে, তার গল্প। ইথিওপিয়ার এক অচেনা ফল থেকে আজকের স্টারবাকসের কাপ কিংবা রান্নাঘরের নেসক্যাফের জার, কফি অনেক দূর পেরিয়ে এসেছে। আর শেষ পর্যন্ত আমরা আসলে শুধু কফি পান করি না, কিনে নিই একটা সকাল, একটা বিরতি, নিজের জন্য রাখা কয়েক মিনিট।