সানজিদা বিনতে হাফিজ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ পিএম
কফি ভালো তো মনও ভালো
আজকের কর্মব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তা, বিষণ্নতা কিংবা দৈনন্দিন কাজের ক্লান্তি কাটাতে আমরা প্রতিনিয়ত কত পথই না খুঁজি। তবে মানসিক প্রশান্তি ও সতেজতা ফেরাতে আমাদের খুব পরিচিত এবং হাতের কাছের একটি পানীয় বড় ভূমিকা রাখতে পারেÑ আর তা হলো কফি। প্রাত্যহিক সকালে এক কাপ গরম কফির ধোঁয়া শুধু ঘুম তাড়াতেই কাজ করে না, মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার সক্রিয় করে মানসিক চাপ কমাতেও সাহায্য করে। বেশকিছু আন্তর্জাতিক গবেষণায় বলেছে, পরিমিত কফি পান বিষণ্নতার ঝুঁকি কমানোর পাশাপাশি মন মেজাজ ভালো রাখতে এবং কর্মোদ্যম বজায় রাখতে দারুণ কার্যকর।
ভালো লাগার অনুভূতি বাড়ায়
কফিতে থাকা প্রধান উপাদান ‘ক্যাফেইন’ মস্তিষ্কের এডেনোসিন (Adenosine) নামক এক ধরনের কেমিক্যালের রিসিভড ব্লক করে দেয়, যা মূলত আমাদের ক্লান্তি ও ঘুমের অনুভূতি তৈরি করে। এর ফলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের মতো ‘ফিল গুড’ কেমিক্যালের নিঃসরণ ও কার্যকারিতা বৃদ্ধি পায়। এই হরমোনগুলো মানুষের মন চাঙ্গা রাখতে এবং সামগ্রিক মেজাজ ফুরফুরে রাখতে সরাসরি ভূমিকা রাখে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, প্রতিদিন সকালে বা কাজের মাঝে পরিমিত ক্যাফেইন গ্রহণ মনোযোগ বৃদ্ধি করে এবং মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ত্বরান্বিত করতে পারে যা মানসিক বিষাদ দূর করতে সহায়ক।
ডিপ্রেশন কমায়
হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর একটি সুপরিচিত গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নিয়ম করে ২ থেকে ৩ কাপ কফি পান করেন, তাদের মধ্যে বিষণ্নতা বা ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২০ শতাংশ কম কফি পান না করা মানুষের থেকে। এর পেছনের প্রধান কারণ হলো কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী (anti-inflammatory) উপাদান। বর্তমানে গবেষকরা বলছেন, মানসিক অস্থিরতা ও বিষণ্নতার সঙ্গে মস্তিষ্কের সূক্ষ্ম প্রদাহ বা ইনফ্ল্যামেশনের গভীর সম্পর্ক রয়েছে। কফির শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যা দীর্ঘমেয়াদে মানসিক প্রশান্তি ও মস্তিষ্কের গঠনগত স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
স্নায়ুবিক জটিলতা কমাতে সাহায্য করে
অ্যালঝেইমার্স বা পারকিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগে আক্রান্ত হওয়া প্রতিরোধেও কফির ভূমিকা স্বীকৃত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব মানসিক বা স্নায়ুবিক জটিলতা তৈরি হয়, তা প্রতিরোধে কফির ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে। বয়সজনিত স্মৃতিভ্রম বা সিদ্ধান্তহীনতা মানুষের মনে যে তীব্র মানসিক চাপ ও হতাশার সৃষ্টি করে, নিয়মিত পরিমিত কফি পানে সেই ঝুঁকি অনেকটাই কমে আসে। ফলে বয়োজ্যেষ্ঠদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক স্থিতিশীলতা আসে।
তবে মানসিক স্বাস্থ্যের এই উপকারিতা পাওয়ার ক্ষেত্রে ‘পরিমিতিবোধ’ সবচেয়ে বড় শর্ত। অতিরিক্ত কফি পানে হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে উদ্বেগের মাত্রা বৃদ্ধি, বুক ধড়ফড় করা, রক্তচাপ বেড়ে যাওয়া এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারেÑ যা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন (প্রায় ৩ থেকে ৪ কাপ কফি) গ্রহণ করা নিরাপদ।