মাহবুবা মিতু
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম
বাসা বদল হোক স্বস্তির
বাসা বদলানো মানেই যেন একসঙ্গে অনেকগুলো কাজের পাহাড় সামনে এসে দাঁড়ানো। পুরনো স্মৃতির মায়া কাটানো তো আছেই, তার ওপর আসবাবপত্রের স্তূপ, জিনিসপত্র হারিয়ে যাওয়ার ভয়, নতুন প্রতিবেশী, বাচ্চাদের স্কুল, অফিসের দূরত্বÑ সব মিলিয়ে মনে হয় জীবনটাই উল্টে যাচ্ছে। কোথা থেকে শুরু করবেন, কী আগে গুছাবেন, কোন জিনিস সঙ্গে নেবেন আর কোনটা বাদ দেবেনÑ এসব ভাবতেই অনেকের মাথা ঘুরে যায়। তবে একটু পরিকল্পনা করে এগোলে বাসা বদলের এই হ্যাপা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। শেষ মুহূর্তের তাড়াহুড়ো না করে কাজগুলো কয়েক ধাপে ভাগ করে নিলেই পুরো প্রক্রিয়াটি হয়ে উঠতে পারে অনেক বেশি সহজ ও গোছানো।
আগে পরিকল্পনা, পরে প্যাকিং
বাসা বদলের তারিখ ঠিক হওয়ার পরই প্যাকিং শুরু না করে আগে একটি ছোট পরিকল্পনা তৈরি করুন। কোন দিন কোন ঘর গুছাবেন, কী কী জিনিস প্যাক করবেন, পরিবহনের ব্যবস্থা কীভাবে হবেÑ এসব লিখে রাখুন। একসঙ্গে পুরো বাড়ি গুছাতে গেলে কাজের চাপ অনেক বেশি মনে হবে। বরং ঘর অনুযায়ী কাজ ভাগ করুন। যেমনÑ প্রথম দিন বই ও শো-পিস, পরের দিন কাপড়, এরপর রান্নাঘর। প্রতিদিন অল্প অল্প করে এগোলে শেষ মুহূর্তে চাপ কম থাকবে।
অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন
বাসা বদল হলো অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলার সেরা সুযোগ। পুরনো জামাকাপড়, ব্যবহার না করা রান্নাঘরের সামগ্রী, নষ্ট ইলেকট্রনিকস, ভাঙা খেলনা যা বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে, সেগুলো সাথে করে নতুন বাসায় বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। তাই প্যাকিংয়ের আগে প্রতিটি জিনিস হাতে নিয়ে ভাবুনÑ এটি কি সত্যিই নতুন বাসায় প্রয়োজন? উত্তর না হলে যেগুলো ভালো অবস্থায় আছে তা দান করে দিন বা বিক্রি করে দিন, আর বাকিগুলো ফেলে দিন। এতে প্যাকিংয়ের চাপ ও খরচ দুটোই কমবে।
প্যাকিং মেটেরিয়াল সংগ্রহ
প্যাকিং শুরু করার আগেই প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে নিন। প্রচুর কার্টন (কার্ডবোর্ডের বাক্স), বাবল র্যাপ, সেলোটেপ, মার্কার পেন, পুরনো পেপার এবং কাঁচি হাতের কাছে রাখুন। কাচ বা ভঙ্গুর জিনিসের নিরাপত্তার জন্য বাবল র্যাপ ও পুরনো খবরের কাগজ অত্যন্ত জরুরি।
ঘরভিত্তিক প্যাকিং ও লেবেলিং
সবকিছু একসঙ্গে একটি বড় বাক্সে ভরে ফেললে নতুন বাসায় গিয়ে জিনিস খুঁজে বের করাই হয়ে উঠতে পারে আরেক ঝামেলা। তাই প্যাকিংয়ের সময় ঘরভিত্তিক পরিকল্পনা করুন। শোবার ঘরের জিনিস এক বাক্সে, রান্নাঘরের সামগ্রী আরেক বাক্সে, বই আলাদা বাক্সে এভাবে গুছিয়ে রাখলে নতুন বাসায় জিনিসপত্র গোছানো অনেক সহজ হবে। শুধু ঘর অনুযায়ী আলাদা করলেই হবে না, প্রতিটি বাক্সে স্পষ্ট করে লেবেলও দিন। ‘কাপড়’ বা ‘রান্নাঘর’ লেখার বদলে একটু নির্দিষ্ট করে লিখতে পারেনÑ ‘মাস্টার বেডরুম, শীতের কাপড়’ কিংবা ‘কিচেনÑ প্লেট ও গ্লাস’। চাইলে প্রতিটি ঘরের জন্য আলাদা রঙ বা নম্বর ব্যবহার করতে পারেন। এতে নতুন বাসায় বাক্স নামানোর সময় কোনটি কোন ঘরে যাবে, তা সহজেই বোঝা যাবে এবং অপ্রয়োজনীয়ভাবে একের পর এক বাক্স খুলে জিনিস খুঁজতে হবে না।
জরুরি কাগজপত্র ও অলংকার নিজের হেফাজতে রাখা
জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, ব্যাংকের কাগজপত্র, পাসপোর্ট, দলিল বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ, ক্যাশ এবং সোনা-দানা কোনোভাবেই প্যাকিংয়ের ট্রাকে তুলবেন না। এগুলো একটি হ্যান্ডব্যাগে নিয়ে সবসময় নিজের তত্ত্বাবধানে রাখুন।
প্রয়োজনীয় জিনিস আলাদা রাখুন
নতুন বাসায় গিয়েই সব বাক্স খোলা সম্ভব হয় না। সবকিছু প্যাক করে ফেললে প্রথম রাতেই বিপাকে পড়তে পারেন। তাই একটি ‘প্রথম দিনের ব্যাগ’ আলাদা রাখুন। সেখানে প্রয়োজনীয় পোশাক, তোয়ালে, প্রসাধনী, টুথব্রাশ, সাবান, ওষুধ, চার্জার, প্রয়োজনীয় কাগজপত্র, কিছু শুকনো খাবার এবং জরুরি অন্যান্য সামগ্রী রাখুন। এই ব্যাগটি এমন জায়গায় রাখুন, যাতে ট্রাকভর্তি বাক্সের মধ্যেও সহজেই পাওয়া যায়।
প্রফেশনাল শিফটিং সার্ভিস
নিজেরা টেনে টেনে আসবাবপত্র বা ভারী জিনিস সরাতে গেলে হাত-পা জখম হওয়া বা আসবাব নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বর্তমানে বেশ কিছু ভালো ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’ বা শিফটিং সার্ভিস রয়েছে, যারা নিজস্ব লোক ও গাড়ি দিয়ে সুন্দরভাবে প্যাকিং থেকে শুরু করে আসবাব সেট করে দেয়। বাজেটের মধ্যে থাকলে তাদের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সেবা সরবরাহকারীদের আগে থেকেই জানানো
বাসা ছাড়ার আগেই ওয়াই-ফাই সংযোগ, ডিশ লাইন, রান্নার গ্যাস বা ফিল্টারের টেকনিশিয়ানকে নতুন বাসায় শিফট করার কথা জানিয়ে রাখুন। এতে নতুন বাসায় উঠেই প্রয়োজনীয় নাগরিক সুবিধাগুলো পেতে বেগ পেতে হবে না।
কাচ ও ভঙ্গুর জিনিসে বাড়তি সতর্কতা
প্লেট, গ্লাস, ফুলদানি, আয়না কিংবা শো-পিস প্যাক করার সময় খবরের কাগজ, বাবল র্যাপ বা নরম কাপড় ব্যবহার করুন। বাক্সের ভেতরে ফাঁকা জায়গা রাখবেন না; ফাঁকা থাকলে পরিবহনের সময় জিনিসগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যেতে পারে। ভারী জিনিস বড় বাক্সে না রেখে ছোট বাক্সে ভাগ করে রাখুন। এতে বাক্স বহন করাও সহজ হবে এবং ছিঁড়ে যাওয়ার ঝুঁকিও কমবে।
নতুন বাসার জন্য ‘ফার্স্ট সেটআপ’ পরিকল্পনা
নতুন বাসায় গিয়ে সব বাক্স একসঙ্গে খুলতে যাবেন না। প্রথমে প্রয়োজনীয় ঘরগুলো ব্যবহারযোগ্য করে তুলুন। বিছানা, বাথরুম, রান্নাঘরের মৌলিক জিনিস এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী আগে গোছান। বাকিগুলো ধীরে ধীরে খুলুন। এক দিনে পুরো বাড়ি নিখুঁতভাবে সাজানোর চেষ্টা করলে ক্লান্তি বাড়বে, কাজের গতি কমবে।
বাসা বদলানো যতটা পরিশ্রমের, সঠিক পরিকল্পনা থাকলে ততটাই সহজে সামলানো সম্ভব। শেষ মুহূর্তে সবকিছু একসঙ্গে গুছিয়ে ফেলার বদলে আগে থেকেই কাজ ভাগ করে নিন। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন, প্রয়োজনীয় সামগ্রী ঘরভিত্তিক প্যাক করুন, প্রতিটি বাক্সে লেবেল দিন এবং গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করে রাখুন। বাসা বদল শুধু এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় যাওয়ার নাম নয়; এটি জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। তাই হুটহাট নয়, একটু পরিকল্পনা আর গোছানো প্রস্তুতিতেই বদলের এই ব্যস্ততাকে করে তুলুন সহজ ও স্বস্তির।