মাহমুদা সুলতানা লিমা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম
নতুন রাঁধুনিদের রান্নাবান্না
বাঙালি পরিবারে রান্না শুধু খাবার তৈরির কাজ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, যত্ন, সৃজনশীলতার প্রকাশ ও পারিবারিক বন্ধন। তবে যারা নতুন রান্না শুরু করেন, তাদের কাছে রান্নাঘরটা অনেক সময় বেশ কঠিন মনে হতে পারে। কখনও লবণ বেশি, কখনও ঝাল বেশি, কখনও ভাত ঝরঝরে হয় না, আবার কখনও মসলা ঠিকমতো কষানো হয় না। প্রথম দিকে এমন ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। একটু ধৈর্য, নিয়মিত চর্চা আর কিছু সহজ কৌশল জানা থাকলেই রান্না হয়ে উঠতে পারে অনেক সহজ ও আনন্দের।
রান্না শুরুর আগে প্রস্তুতি
রান্নার আগে প্রস্তুতিই অর্ধেক কাজ সহজ করে দেয়। নতুনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হওয়া উচিত রান্না শুরুর আগে সব উপকরণ গুছিয়ে রাখা। কোন রান্নায় কী কী লাগবে, তা আগে দেখে প্রয়োজনীয় উপকরণ যেমনÑ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ধুয়ে, কেটে এবং প্রয়োজনীয় মসলা মেপে হাতের কাছে রাখলে রান্নার সময় তাড়াহুড়া কমে যায়। এটিকে অনেকেই ‘মিজ অন প্লাস’ বা রান্নার আগের প্রস্তুতি বলেন। এতে কোনো উপকরণ বাদ পড়ার সম্ভাবনাও কম থাকে।
রেসিপি অনুসরণ করুন
নতুনদের জন্য রেসিপি নিঃসন্দেহে একটি ভালো গাইড তবে নিজের স্বাদকেও গুরুত্ব দিন। সব পরিবারের স্বাদ এক নয়। কারও ঝাল বেশি পছন্দ, কারও কম; কেউ মসলাদার খাবার পছন্দ করেন, কেউ আবার হালকা। তাই রেসিপিকে ভিত্তি হিসেবে রেখে নিজের ও পরিবারের স্বাদ অনুযায়ী সামান্য পরিবর্তন করা যেতেই পারে।
লবণ ও মসলার ব্যবহার
নতুন রাঁধুনীদের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি হলো লবণ বেশি বা কম হওয়া। তাই শুরুতে অল্প লবণ দেওয়া ভালো। রান্নার শেষ পর্যায়ে স্বাদ দেখে প্রয়োজন অনুযায়ী লবণ বাড়ানো যায়। একইভাবে মরিচ ও অন্যান্য মসলাও পরিমাণ বুঝে ব্যবহার করা উচিত। বাঙালি রান্নায় মসলা কষানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ ভাজার পর আদা-রসুন ও গুঁড়া মসলা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে হবে। সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন, যাতে মসলা পুড়ে না যায়। মসলা থেকে তেল আলাদা হয়ে এলে সাধারণত বোঝা যায় যে মসলা ভালোভাবে কষানো হয়েছে। মনে রাখবেন, রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মসলা কতটা ভালোভাবে কষানো হয়েছে তার ওপর।
ভাত ঝরঝরে করার কৌশল
ভাত রান্নার সময় পানির পরিমাণ ঠিক করা জরুরি। চালের ধরন অনুযায়ী পানির পরিমাণ ভিন্ন হতে পারে। নতুনরা একই ধরনের চাল দিয়ে কয়েকবার রান্না করলে ধীরে ধীরে সঠিক মাপটি বুঝে যাবেন। ভাত হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখলে ভাত সুন্দরভাবে সেট হয়।
মাংস রান্নায় তাড়াহুড়ো নয়
গরু, খাসি বা মুরগির মাংস রান্নার ক্ষেত্রে মসলা ভালোভাবে কষিয়ে রান্না করলে স্বাদ ভালো হয়। মাংসের ধরন ও টুকরার আকার অনুযায়ী রান্নার সময়ও ভিন্ন হতে পারে। তাই শুধু রেসিপির সময়ের ওপর নির্ভর না করে মাংস নরম হয়েছে কি না, সেটি খেয়াল করা উচিত।
সবজি রান্নায় সতর্কতা
সবজি অতিরিক্ত সিদ্ধ করলে এর স্বাদ, রঙ ও গঠন নষ্ট হয়ে যেতে পারে। তাই সবজি রান্নার সময় প্রয়োজনের চেয়ে বেশি পানি না দেওয়া এবং অতিরিক্ত সিদ্ধ না করাই ভালো। বিভিন্ন সবজির রান্নার সময়ও এক নয়Ñ কোনটি আগে, কোনটি পরে দিতে হবে, তা বুঝে রান্না করলে খাবার আরও সুস্বাদু হবে।
রান্নার মাঝেই স্বাদ দেখে নিন
রান্না শেষ হওয়ার পর স্বাদ পরীক্ষা করার পরিবর্তে রান্নার বিভিন্ন পর্যায়ে স্বাদ দেখে নিতে পারেন এতে লবণ, ঝাল বা মসলার ভারসাম্য সহজেই ঠিক করা যায়। তবে খাবার গরম অবস্থায় স্বাদ নেওয়ার সময় অবশ্যই সাবধান থাকতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা
রান্নার ক্ষেত্রে স্বাদের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। রান্না শুরুর আগে ভালোভাবে হাত ধোয়া, কাঁচা ও রান্না করা খাবারের জন্য আলাদা ও পরিষ্কার সরঞ্জাম ব্যবহার করা এবং চুলার আশপাশে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। রান্নাঘর গুছিয়ে ও পরিচ্ছন্ন রাখলে একদিকে যেমন কাজের সময় কমে আসে, অন্যদিকে খাবারের মান ও স্বাস্থ্যনিরাপত্তাও বজায় থাকে।