× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌন্দর্যশিল্পের ৯৯ নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬ পিএম

সৌন্দর্যশিল্পের ৯৯ নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

সৌন্দর্যশিল্পের ৯৯ নারী উদ্যোক্তার গল্প নিয়ে ‘চলো এগিয়ে যাই’

বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্পের সংকলন ‘চলো এগিয়ে যাই’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সৌন্দর্যশিল্প খাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্য বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায়চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট লাইফস্টাইল সাংবাদিক লাবণ্য লিপি। তিনি বলেন, ‘আফরোজা পারভীন শুধু যে উদ্যোক্তাদের তুলে এনেছেন, এমন নয়; বরং তাদের স্বাবলম্বী হতে এবং সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তি জুগিয়েছেন। একসময় যারা ঘরে কথা বলতেও সাহস পেতেন না, তারা এখন শুধু পরিবারকেই নয়, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন।’

এরপর বক্তব্য দেন বিশিষ্ট সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলামাস খান। তিনি এ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান তাদের বক্তব্যে নারীদের পথচলার বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরেন। সব বাধাবিপত্তি অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে—এ জন্য উভয়েই নারী হিসেবে গর্ববোধ করেন বলে জানান।

সংগীতা আহমেদ জানান, তিনি ‘চলো এগিয়ে যাই’-এর দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষা করবেন। আর ফারজানা খান বলেন, এই বইয়ের ১০০তম নারী উদ্যোক্তা হতে পারলে তিনি খুশি হতেন।

বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী। তাদের প্রত্যেকের জীবনেই রয়েছে নানা সময়ের নানা প্রতিকূলতার গল্প। সেইসব বাধা অতিক্রম করে আজ তারা নিজ নিজ ক্ষেত্রে একটি অবস্থান তৈরি করেছেন। তাঁদের এই পথচলায় উজ্জ্বলা ও আফরোজা পারভীনের ভূমিকার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস এবং লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি।

নাসিমা আনিস বলেন, ‘সৌন্দর্যখাতে উদ্যোক্তা তৈরি তৃতীয় বিশ্বে একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের সমাজে নারীরা পরিবারে শ্রম দিলেও সেখানে কোনো আর্থিক সম্পর্ক থাকে না। এটাই নিগৃহীত হওয়ার বড় কারণ। ফলে একজন নারী উদ্যোক্তা যখন অর্থ উপার্জন করেন, তখন তিনি পরিবার ও সমাজে ভূমিকা রাখেন। এর পরেই সমাজ তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়। আফরোজা পারভীন তার জায়গা থেকে এই যে কাজটি করেছেন, সেটা প্রশংসার দাবিদার।’

নাহিদা আশরাফি বলেন, ‘আফরোজা পারভীন সম্পাদিত ‘চলো এগিয়ে যাই’ বইয়ের উদ্যোক্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একজন মেকআপ আর্টিস্ট যখন কাউকে সাজিয়ে তোলেন, তখন তিনি কেবল বাহ্যিকভাবেই সাজিয়ে তোলেন না, বরং তাকে আত্মবিশ্বাসী করে তোলেন। এজন্য তাদের আমরা অন্তর থেকে সম্মান জানাতে পারি। আমরা সবাই আসলে বিউটিশিয়ান। কারণ আমরা কেউ শব্দ নিয়ে কাজ করি, কেউ মেকআপ নিয়ে কাজ করি।’

সৌন্দর্যবোধের এই চেতনাকে জাগিয়ে তুলতে পারলে সমাজ অনেক দূর এগিয়ে যেতে পারবে বলেও জানান নাহিদা আশরাফি।

এরপর ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে আফরোজা পারভীন উজ্জ্বলার পথচলা এবং নারী সৌন্দর্যশিল্পী তৈরির প্রয়াসের কথা তুলে ধরেন। একই সঙ্গে ‘চলো এগিয়ে যাই’ বই প্রকাশের পেছনের উদ্যোগ ও উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আফরোজা পারভীনের বক্তব্যের পর অতিথিদের উপস্থিতিতে ‘চলো এগিয়ে যাই’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ও জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি। সাবলীল উপস্থাপনার পাশাপাশি তার কথার বাঁধনে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তিনি শঙ্খ ঘোষের একটি কবিতার অংশবিশেষও পাঠ করেন।

অন্তরা রায়চৌধুরীর গানের মধ্য দিয়ে শেষ হয় ‘চলো এগিয়ে যাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা