এহসানুল হক সুমন, রংপুর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫ এএম
রংপুরে ক্যামেরায় ধরা পড়া দুর্লভ খয়রা মেছো পেঁচা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বড় বড় হলদে-কালো গোলাকার চোখ। গলা ও শরীরের পশম ফোলা। মাথায় শিংয়ের মতো পালক আর ঠোঁট মিলিয়ে ভীতিপ্রদ চেহারা ধারণ। দুর্লভ খয়রা মেছো পেঁচার এ রূপ দেখে যে কেউ ভয় পেতে পারে। সম্প্রতি এক দুপুরে ঘন গাছের আড়ালে খয়রা মেছো পেঁচার ছবি তুলেছেন রংপুরের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রানা মাসুদ। লালমনিরহাট হাটে পাখির ছবি তুলতে বেরিয়ে দুর্লভ খয়রা মেছো পেঁচার দেখা পান তিনি।
রানা মাসুদ বলেন, ঘন বন-জঙ্গল উজাড়ে দিন দিন পেঁচার আবাসভূমি নষ্ট হচ্ছে। তাই আগের মতো পেঁচার দেখা মেলে না। পেঁচার যে কয়েকটি প্রজাতি আছে, তার মধ্যে খয়রা মেছো পেঁচা দুর্লভ প্রজাতির। পাখিদের আবাসস্থল সংরক্ষণ ও নিরাপদ পরিবেশ দিতে পারলে অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে কবিতার সেই লক্ষ্মী পেঁচাদের ডাক আবারও শোনা যাবে।
জানা যায়, গ্রাম-বাংলার অতি পরিচিত পাখি খয়রা মেছো পেঁচা। এটি আমাদের দেশের নিশাচর পাখি। ইংরেজিতে একে ব্রাউন ফিশ আউল বলা হয়। এরা হুতোম পেঁচা নামেও পরিচিত। এ পাখি লম্বায় ৫২ থেকে ৫৫ সেন্টিমিটার হয়। মাথা, ঘাড়, গলায় কালোর ওপর সাদা ছোপ থাকে। মাথার দুই পাশের পালক লম্বা হওয়ায় তা কানের মতো মনে হয়। অনেকটা শিং সাদৃশ্য। পিঠে বাদামি-কালো টান রয়েছে। বুক ও পেটে আছে হালকা বাদামি-কালো লম্বা টানের ছিট। খয়রা মেছো পেঁচার চোখ গোলাকার ও বড়। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে প্রায় একই রকমের। খয়রা মেছো পেঁচার প্রধান খাবার মাছ। এদের প্রজনন সময় জানুয়ারি থেকে এপ্রিল। এরা বাসা বাঁধে গাছের প্রাকৃতিক কোটরে অথবা পুরনো দালানের ফোঁকরে। খয়রা মেছো পেঁচার ডিম পাড়ে একটি থেকে দুটি। এটি ফুটতে প্রায় ৩০ থেকে ৩৫ দিন সময় লাগে।
গ্রামাঞ্চলে এখনও কিছু কিছু নজরে পড়ে। এ পেঁচা নিশাচর হলেও ঝড়-বাদলের দিনে যখন মানুষের অনাগোনা কম থাকে, তখন এরা মাছ শিকারে বের হয়। তবে বেশিরভাগ সময় রাতের বেলা জলাশয়ের আশপাশে ঘুরে কিংবা জলার ওপরে হেলে পড়া গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে। রাতের বেলা মাঝেমধ্যেই গভীর স্বরে ডেকে ওঠে ‘ভূত-ভুত-ভূতম’। খয়রা মেছো পেঁচা দেখতে ভয়ানক হলেও এরা অত্যন্ত নিরীহ ও লাজুক পাখি। এ পাখি ইঁদুর-সাপ শিকার করে মানুষের উপকার করে।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা জানান, খয়রা মেছো পেঁচার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। নগরায়ণের ফলে বড় গাছ কেটে ফেলায় গাছের কোটরে থাকা তাদের নিরাপদ আবাসস্থল নষ্ট হচ্ছে। এছাড়া কৃষিজমিতে কীটনাশক ব্যবহারের ফলে ইঁদুর, পোকামাকড় কমে যাওয়ায় তাদের খাদ্যচাহিদা মিটছে না। অপরদিকে বিষক্রিয়ায় মারা যাওয়া ইঁদুর, পোকামাকড় খেয়ে পেঁচারও জীবন বিপন্ন হচ্ছে।
প্রকৃতি ও জীবন ক্লাব রংপুরের উপদেষ্টা হাসেম আলী বলেন, পাখিদের মধ্যে পেঁচা গ্রামীণজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাই পেঁচার জীবন বিপন্নকারী কাজ থেকে আমাদের সরে আসতে হবে। পেঁচার নিরাপদ আবাসস্থল ও জীবনধারণের পরিবেশ সৃষ্টি করতে হবে।