ফাইল ছবি
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন গন্তব্য তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই পর্যটন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে ছুটি গ্রুপ। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি পরিবেশবান্ধব ও স্থানীয় অর্থনীতিনির্ভর পর্যটন গড়ে তোলার দিকে গুরুত্ব দিচ্ছে তারা।
২০১২ সালে যাত্রা শুরু করা ছুটি রিসোর্ট লিমিটেড বর্তমানে দেশের চারটি গন্তব্যে কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো- ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।
প্রতিষ্ঠানটির দাবি, এ পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ তাদের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছেন। সেবার মান ও পরিচালন ব্যবস্থার জন্য আইএসও সনদ পেয়েছে ছুটি রিসোর্ট। এ ছাড়া ২০২৫ সালের একটি অনলাইন জরিপের ভিত্তিতে ঢাকার নিকটবর্তী ‘বেস্ট লিডিং রিসোর্ট’ হিসেবে ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জনের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পর্যটনে নতুন গন্তব্য তৈরির পরিকল্পনা
ছুটি গ্রুপ জানিয়েছে, দেশের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও স্থানীয় জীবনযাপনকে কেন্দ্র করে নতুন পর্যটন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
এ লক্ষ্যে পুবাইলে ‘ছুটি সিগনেচার’, পূর্বাচলে ‘ছুটি হারমনি’, কক্সবাজারের ইনানীতে ‘ছুটি বিচ রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’ সহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এসব প্রকল্পের মাধ্যমে নতুন পর্যটন গন্তব্য তৈরির পাশাপাশি আতিথেয়তা খাতে কর্মসংস্থান এবং স্থানীয় ব্যবসা ও অর্থনীতিতে নতুন সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ছুটি গ্রুপ।
টেকসই পর্যটনে গুরুত্ব
পর্যটন অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের কার্যক্রমে বৃক্ষরোপণ, সবুজায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান সম্পদ হচ্ছে প্রকৃতি। তাই পর্যটন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৮.৯ লক্ষ্যের সঙ্গেও টেকসই পর্যটনের বিষয়টি সম্পর্কিত। এই লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সংস্কৃতি ও পণ্যের প্রসার এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটন উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জিডিপিতে পর্যটনের অবদান বাড়ানোর লক্ষ্য
বাংলাদেশে পর্যটন খাতকে অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৬ সালের মধ্যে পর্যটন খাতের জিডিপিতে অবদান বর্তমান প্রায় ৩ শতাংশ থেকে ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য এবং দেশের প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে নিয়ে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে ছুটি গ্রুপ।
প্রতিষ্ঠানটির মতে, এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। নতুন পর্যটনকেন্দ্র, মানসম্মত আতিথেয়তা অবকাঠামো, দক্ষ জনবল এবং স্থানীয় পর্যায়ে ব্যবসার সুযোগ তৈরির মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রযুক্তিনির্ভর পর্যটনের দিকে গুরুত্ব
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভবিষ্যতের পর্যটন’। এই বাস্তবতায় ভবিষ্যতের পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে বলে মনে করছে ছুটি গ্রুপ।
প্রতিষ্ঠানটির মতে, ভবিষ্যতের পর্যটন শুধু নতুন গন্তব্য তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব পর্যটন, স্থানীয় সংস্কৃতি এবং মানসম্মত আতিথেয়তার সমন্বয়ে নতুন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা তৈরি হবে।
ছুটি গ্রুপ জানিয়েছে, আগামী দিনে তাদের লক্ষ্য শুধু রিসোর্টের সংখ্যা বাড়ানো নয়; দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যকে কাজে লাগিয়ে নতুন পর্যটন গন্তব্য তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় অর্থনীতিকে সম্পৃক্ত করা এবং প্রকৃতি ও মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা।