সুমন বনিক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
বাংলা সাহিত্যভাণ্ডারে ভ্রমণআখ্যান, স্মৃতিকথা কিংবা আত্মঅন্বেষণমূলক গ্রন্থের সংখ্যা নেহাতই কম নয়। বাংলা সাহিত্যে বেশ কিছু আত্মজীবনী ও স্মৃতিকথা অত্যন্ত জনপ্রিয় ও মূল্যবান। দৃষ্টান্তস্বরূপ দু-একটি গ্রন্থের নাম উল্লেখ করে বলতে পারিÑ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’, ‘ছেলেবেলা’, মণীন্দ্র গুপ্তের ‘অক্ষয় মালবেরী’ রাম সুন্দরী দেবী রচিত ‘আমার জীবন’ ইত্যাদি। রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ গ্রন্থে কবির কৈশোর ও যুবজীবনের সুন্দর স্মৃতি ও মানসিক বিকাশের গল্প এখানে স্থান পেয়েছে। তেমনি, ‘ছেলেবেলা’ গ্রন্থে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে কবির শৈশবের দিনগুলোর সহজ ও সুন্দর বর্ণনা আমরা পাঠ করি। বুদ্ধদেব বসুর ‘আমার ছেলেবেল’ বইতে শেকড় ও শৈশবের স্মৃতিবিজড়িত এক অমূল্য রচনা ইত্যাদি বইতে আমরা বরেণ্য ব্যক্তিদের জীবনের গল্প খুঁজে পাই।
প্রণবকান্তি দেবÑ একজন শিক্ষক-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, লেখালেখি করেন, দক্ষ সংগঠক এবং সংস্কৃতিসচেতন ব্যক্তি। শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে তার চিন্তার পরিধি বিস্তৃত হয়েছে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সমাজের নানা অনুষঙ্গে। প্রণবকান্তি দেবের সদ্যপ্রকাশিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ মননসমৃদ্ধ একটি বই। বইটি প্রচলিত ভ্রমণকাহিনি নয়, বরং তার পেশাগত বহু বর্ণিল অভিজ্ঞতা সঞ্চিত অভিজ্ঞান।
‘জানা পথে অজানা প্রান্তরে’ লেখক আন্তর্জাতিক কনফারেন্স, গবেষণার জগৎ, শিক্ষকতার সাধনা, মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং আত্মবিকাশের গল্প একসূত্রে গেঁথেছেন। তাই, বইটি পরিণত হয়েছে সাহিত্য অনুভূতির এক বর্ণময় ক্যানভাসে। প্রণবকান্তি দেব প্রণীত ‘জানা পথে অজানা প্রান্তরে’ শুধুমাত্র বিদেশ ভ্রমণের কাহিনিচিত্র নয় কিংবা সেমিনার-সম্মেলনের দিনলিপিও নয়; বরং একজন শিক্ষকের জ্ঞানযাত্রা, মননযাত্রা ও অভিজ্ঞতা সঞ্চিত এক অনুপম ব্যতিক্রমধর্মী মলাটবদ্ধ বই।
প্রণব প্রয়াস খুঁজেছেন তার অভিজ্ঞতা, অনুভব ও চিন্তার জগৎ অন্য মানুষের হৃদয়ে পৌঁছে দেয়ার। জ্ঞান, মানবিকতা ও সংস্কৃতির আন্তঃসম্পর্কে বিশ্বাসী এই লেখকের সৃজনযাত্রা মূলত মানুষকে ঘিরেই। ব্যক্তি ও সমাজ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য ও সমকালÑ সবকিছুর মধ্যে তিনি খুঁজে ফেরেন সংলাপের সম্ভাবনা এবং আলোর পথ। তার লেখালেখি সেই অনুসন্ধানেরই এক আন্তরিক ও মননশীল প্রকাশ। প্রণবকান্তি দেব তার চিন্তা-চেতনার মাধ্যমে সমকাল, সমাজ এবং মানুষের জীবন বাস্তবতাকে অন্বেষণ করেন। তাই, তার লেখায় শিক্ষা ও সংস্কৃতি নিয়ে গভীর প্রত্যয়, সমাজের প্রতি দায়বদ্ধ-দৃষ্টি এবং মানবিক ভবিষ্যতের স্বপ্ন উঠে আসে বারবার। ‘জানা পথে অজানা প্রান্তরে’ বইটি প্রণবের সেই সুকুমারবৃত্তির সাক্ষর বহন করে। লেখক প্রণবকান্তি দেব বইটির পাঠপ্রারম্ভে গ্রন্থ প্রণয়নে প্রেক্ষাপট তুলে ধরে পাঁচ পৃষ্ঠার একটি দীর্ঘ ভূমিকা লিখেছেন। ভূমিকার শুরুতে শিক্ষকতার মহান পেশাকে তুলে ধরেছেন এভাবে :
‘আমরা সাদা চোখে যা দেখিÑ ক্লাস, পরীক্ষা, ফলাফল, তার নাম তো চাকরি। বস্তুতপক্ষে, শিক্ষকতা এক সাধনার নাম। একটি ব্রত। একটি ভ্রমণ। যে ভ্রমণ শেষে উপলব্ধি হতে পারেÑ
আমি চোখ মেললুম আকাশে,
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’,
সুন্দর হলো সে।
যদিও শিক্ষকতা কখনও কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না। পথের আনন্দ, বেদনা, প্রাপ্তি, হারানোই তার অভিজ্ঞতার মণি-মুক্তা।’ শিক্ষকতা যে-একটি মহত্তম পেশা, পরম আনন্দের পেশাওÑ সেই সত্যটি প্রণব বারবার বলার চেষ্টা করেছেন। লেখকের বয়ান থেকে তার সত্যানুসন্ধানী ও আলোর পিয়াসী মনের আকুতি, মনের আকাঙ্ক্ষা ফুটে ওঠে। নানান দেশ-বিদেশ ঘুরে গ্রন্থ প্রণেতা অর্জিতÑ আহরিত বহু বর্ণিল অভিজ্ঞান-অভিজ্ঞতাকে নয়টি শিরোনামে সূচিবদ্ধ করেছেন, সূচিপত্রটি সজিয়েছেন:
প্রথম কনফারেন্স: অজানার দোরগোড়ায়, শেখার অনন্তযাত্রা/ নেপাল : হিমালয়ের দেশে আন্তর্জাতিক কনফারেন্সে/ভারত : ঘুরি আমি বিস্ময়ে/আসাম বিশ্ববিদ্যালয় ও একটি স্বপ্ন পূরণের গল্প/আইভিএলপি এবং টিসল ২০১৮ : স্বপ্ন পূরণের আমেরিকা অধ্যায়/এ জার্নি টু লন্ডন, এ জার্নি ফর IATEFL/গৌহাটি, বুকের কোন পাশটার নাম রাখি/সিলেট টু পোর্টল্যান্ড : এ জার্নি টু এ ড্রিমল্যান্ড/একটি সত্যিকারের বিশ্ববিদ্যালয়!
বইয়ের প্রতিটি নিবন্ধ পড়তে গেলে বারবার খটকা লাগে, এটি কী ভ্রমণ আখ্যান নাকি আত্মজৈবনিক-স্মৃতিকথা! বইটিতে কিছু দুর্লভ ছবি সংযোজিত হয়েছে, যা স্থানিক এবং কালিক বর্ণনার নীরব সাক্ষী হিসেবে বার্তাবহন করবে।
‘জানা পথে অজানা প্রান্তরে’ বইতে প্রণব নেপাল, ভারত, লন্ডন, আমেরিকা কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কনফারেন্সের অভিজ্ঞতা তিনি কেবল তথ্য-উপাত্ত হিসেবে মলাটবদ্ধ করেননি; বরং তার আহরিত জ্ঞান/অভিজ্ঞতাকে রূপ দিয়েছেন মানবিক অনুভূতি, মননের বিস্তার এবং পাঠকের অন্তর্লোকে আলোকসম্পাতে। বইটি সাহিত্যপ্রেমীর পাশাপাশি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে যারা ভাবেন তাদেরও ভাবনার খোরাক দেবে বলে বিশ্বাস। বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ, প্রকাশ করেছে অভ্র প্রকাশন। প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’ বইটি পাঠক সমাদৃত হোক, সেই প্রত্যাশা রাখছি।