মতিন রায়হানের পাঠ প্রতিক্রিয়াসহ
ধানসিড়ির আয়োজন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম
অলংকরণ: তানভীর মালেক
মরফিনমিশ্রিত দুপুর
সায়্যিদ লুমরান
এ ভরা নৈদাঘে
দুপুরের পাশে রৌদ্রফুল ফোটে বাষ্পের অহমিকায় উড়ে যায় ঘ্রাণ,
শৈশবের কারমান রেখা ক্রস করেÑ এই দৃশ্য মুমূর্ষু বিষাদ!
মাটির ফাটল থেকেÑ উদ্গত মরফিন চামরের দোল খেয়ে স্মৃতিদগ্ধ বাতাসে
মিশ্রিত হলে কিঞ্চিৎ শুশ্রূষা হয়,
কুয়ার গভীর হতে উঠে আসে ধু-ধু প্রতিধ্বনি যেন ঝাঁকে-ঝাঁকে জন্মান্ধ বাদুড়
প্রদগ্ধ হৃদয়Ñ সে-ও অন্ধ বাদুড় একÑ প্রক্ষেপণ করে শ্রুতির অধিক প্লুতস্বরÑ
সংবিগ্ন স্যানিটোরিয়াম, নিক্রপলিসের কোনো মর্মর দেয়ালে...
প্রাচীন হে, ফিরে এসো মরফিনমিশ্রিত দুপুরে, আলিঙ্গন হোক পুনর্বারÑ
প্রিয় বিষাদবরেষু, ব্যাপনে ফুরিয়ে যাওয়া ঘ্রাণÑ এসো, রৌদ্রফুলÑ নিদাঘ
দুপুর!
নিশীথ
শৈবাল নূর
তোমার কলমিবনে উদাস ডাহুকের প্রেমে পড়েছি
বিলীয়মান কুয়াশাভাস, চেহারা পাচ্ছে সরু-নদী
জনসমাবেশ, রক্ত সংবিধানের বাইরে
আমাদের গোপন কুসুম আদান-প্রদান
কতগুলো পাখিমিছিল;
ওহে হারানো প্রহারÑ মুক্ত করো খুনের আয়না
পানকৌড়ি শিকারের আদি-কৌশল;
কেন খুঁজে পাই না আমাকে!
জড়িয়ে জেনেছিÑ
গোপন গোর তুমি, জননীর যোজন রক্তজবা।
গভীর ও জলছায়া
মিনহাজুল হক
মেটাবলিক সিনড্রোম হাওয়া
হাওয়ার মধ্যে শরীর ও ছায়া
ক্রাফটের বাহানা নয়
কিংবা মরুছায়া...
মূলত আনন্দ! ঘরবধূ চিয়ার্স
নিচে নেমে যাওয়া
ফালি ফালি চিৎকার
ঘেমে ওঠা থুতনি
এই তো ফাস্ট এইড
গভীর ও জলছায়া
অথবা জলের ভেতর জোছনা
এমন রাত্রিসব ছলছল
আমতলায় নিভৃত রঙ
ক্যান্ডেললাইট ডিনার
হ্যাপি চিয়ার্স...
স্থান একটি বাহ্য গতিবেগ
দিপংকর মারডুক
অন্তত এই কয়েক মুহূর্তের জন্য পাশ হারিয়ে এক স্পষ্ট তাকিয়ে ছিলাম। সবকিছু এলোমেলো। যেমনÑ হঠাৎ তুমি চললে লাফিয়েÑ যমুনার জলে। সমাহিত কুল-বাজারÑ যৌথ খামারের বাঁশি। পারদ গালানো ধ্যানে যদি তুমি ওঠো, হও উজ্জ্বলÑ সময়ের দূরবর্তী। আমি তো ভেষজ পাণ্ডুলিপিতে ধুলোমাখা জীর্ণ স্মৃতি বহনকারী। পান করি পুনরুজ্জীবিত পাহাড়-পর্বত। কিন্তু একটি ন্যায্য প্রশ্ন, বৃষ্টির সকালে কীভাবে উত্তর দিয়ে যায় কণিকা, উপকণিকার অধ্যয়নরত জিজ্ঞাসা! সে কি ঘোড়ার টলমল জানতো? কিংবা যাবতীয় নিয়ত সত্ত্বের অবিচলিত বিভিন্ন দিক? এর বাইরেও আমি চলাচল করি না ভুলা ব্যর্থতায়, পাতিসরালির স্থানে, এখানেইÑ
নিষ্কৃতি
নাহিয়ান ফারুক
কত জোড়া ভুলের আসামি হয়ে এ-আত্মবিস্মৃতির রাতে দাঁড়িয়ে
আমি অন্ধকারে আরও একটিবার আরও একটা নতুন ভুলের পায়ে
ধরে মিনতি করি, তোমারে যদি আমি করে ফেলি ভুলে, ভুলÑ
তবে এমন গহিন রাতের ভেতর তাজা ব্যথায় ফিরতি ব্যাকুল
আমি কীভাবে ফজরের কাছে যাব?
কেমনে পুরনো ব্যথা আলোয় নিংড়াব?
কী করে সামলাব ভাগ্যের ফেরে দাঁড়িয়ে থাকা শূল?
নয়া ভুলে ডুবে গেলে কেমনে দিব পুরনো মাশুল?
পাপে পরাভূত হয়ে নতুন পাপের পায়
কপাল ঠেকিয়ে বলি, দেও গো রেহাই।
মজে গেলে পুনরায়, মজ্জার ভেতর
আঁধার মাখিয়ে দিবে পুরনো ইতর।
ইতরের দল নিয়ে খেলাধুলো করে,
দাগ কত লেগে গেছে মাটির গতরে।
তারপরে নয়া করে সেই খেলা খেলে,
ভিজিতে কে চায় এমন জঞ্জাল জলে!
দুপুরের পরে
রাবিয়া সাহিন ফুল্লরা
দুপুরের পরে কী করা যায়
ঘুম তো শেষ, বই পড়তেও দিবা না, যাও
দেখো তো, বাইরে বাতাস আছে কি না
রিনিরিনি করে পাতারা কাঁপতেছে কি না
মসজিদের সামনে বিছায়ে থাকা ফুল
ইটের টাল আর তার পাশে
দেবী দুর্গার মতো হাত ছড়ানো পেঁপে গাছ
আছে কি না লাল কৃষ্ণচূড়া গাছ
পুঁইয়ের লতা আর নীল ভাসতে থাকা আকাশ
বিষ্টির পরে ওঠা মিষ্টি রইদ
দুয়েকটা রিকশা আর
পান-ফুচকার দোকান
আমরা বাইরে যাব!
গাড়ি কল দিছো?
হুমম, হ্যালো, হ্যালো...
দেখো তো, বাইরে বাতাস আছে কি না
ভার্সিটির ছেলেরা গান গাইতেছে কি না...
বাঘ
সাকিব শাকিল
সারাদিন বনের ভিতর ঘোরার পর আমি দেখি বাঘ হয়ে গেছি!
বাঘ দেখি মানুষ হয়ে গেছে।
এখন মানুষের ভাষা কিছু বুঝি না আর
মানুষও বোঝে না আমার ভাষা।
তারপরও দেখি, এই মনুষ্য সকল নিজেদের সত্য শেখানোর ভান করে
এক মিথ্যাবাদী রাখালের সাথে জুড়ে দিয়েছে আমার জীবন।
অথচ আমার উদাহরণ শুধু আমিই ছিলাম।
অ্যাড্রোনাইটিস
সন্ন্যাসী আরণ্যক
আনাগোনা থেকে তোমাকে যদি করা যেতেই পারেÑ
যেমনÑ
> নূহের প্লাবন হয়নি যখনো
> হিমালয়ের জন্ম হয়েছে কি হয়নি
> আদম গন্ধম খেয়েছে কি খায়নি। ইত্যাদি
এমন কোনো এক পক্ষে
অধিষ্ঠানে জলের স্বাভাবিক শান্ত গ্লাসÑ
ঠোঁটে তুলতে না তুলতেÑ একি বাষ্প একি অধিতৃষ্ণা!
সবকে উহ্য রেখে এবার তাকে চেনা যেতে পারেÑ
থিতু বেদনা থেকে বলছি
ইয়ার খান
আনন্দ, আমার বন্ধুর বাগান
চুপিসারে যাই
বাতাসের উপকণ্ঠে রুয়ে আসি গান
ফেরার পথকে মনে হয় দীর্ঘ বিতান
অথচ ফিরে দেখি উল্লম্ফন নেই, পচন নেই
গমন কেবলই এক ব্যর্থ ধীবর
যে জল থেকে জলের শ্বাস তুলে আনতে গিয়ে
তোমার দুঃখের কাছে অলি সেজে বসে আছে।
ঋ.
হাসিন এহ্সাস লগ্ন
মনে পড়ে শৈশবের পাঠ।
প্রথম বর্ণপরিচয়, প্রথম বর্ণমালা।
অ আ ই ঈ...
তারপর আসে ঋ।
‘ঋ’-তে ‘ঋণ করা ভালো নয়’।
পাশের ছবিতে এক শাড়ি পরা মেয়ের মলিন মুখ।
সাদা রঙের সেই শাড়ি আমি নীল ক্রেয়নে রাঙিয়েছি।
তোমার অনেক ঋণ।
বলো, কী রঙ লাগাবো? কোন ক্রেয়নকাঠি?
শিরোনামহীন
রাজিয়া সুলতানা নুরিন
আমাদের বাড়ির উপর নুয়ে পড়েছে আকাশ
দূর থেকে দেখলে মনে হবে
এ বাড়ির পরই আকাশ মিলে গেছে মাটিতে।
সেখানে সবুজ আর নীল কাতানে দাঁড়িয়ে আছে পান্ডোরা।
দেবতাদের ক্ষমতা ভাগাভাগির মাঝখান দিয়ে
দুনিয়া ভেদ করে চলে যাচ্ছে এক আন্তঃনগর ট্রেন।
প্রিয়তমার মুখ ভাগ হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতায়।
যেন অলীকের সীমানায় সব রঙ দায়ী হয়ে দাঁড়িয়ে আছে।
পাখিদের খাবার টানাটানির শব্দে বাচ্চাটা কেঁদে উঠে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে আবার।
শ্মশান থেকে বিধবা একাই ফিরে গেছে সাদা রঙে।
বাড়ির সব খবর রেখে দিয়েছে জীবনের জিবরাইল-সুরে আর রঙে।
আব্বা
রোদ্দুর রিফাত
পৃথিবী একটা ব্যস্ত মহাসড়কÑ
আব্বা সেই মহাসড়কের বুকে
চিত হয়ে শুয়ে থাকা সাদা জেব্রা ক্রসিং;
নিজেকে বিছিয়ে রাখেন আমাদের
সমস্যা ও দুর্ঘটনার আগে।
আমরা আব্বার বুকে কদম ফেলে
দুর্ঘটনা এড়িয়ে নির্ভয়ে পার হয়ে যাই পৃথিবী।
বোনের মতন
জেসিকা আক্তার জেসি
দীর্ঘ রাতের বুকে ঝিঁঝিপোকা ডাকিতেছে। কোথাও যাওয়ার জায়গা নেই। জীবনের ভেতরে মরে পড়ে আছে আরও জীবন।
অনেক কথা বলবার আছে। কাছে এসো। তোমার শরীর এতো ঠান্ডা। মরে যাবো।
মৃত্যুর কপালে তুমি একটি চুমো খাও। মৃত্যুর ঠোঁটে তুমি একটি দীর্ঘ চুমো খাও।
ভণিতা করো না। আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই অন্ধকারে হৃদয় আরও বেশি ব্যথিত হয়ে আছে।
জীবনের কান্নার কপালে চুমো খেয়ে বলি শান্ত হও। এই পাহাড়ের মতন ধীর হও।
তবুও জীবন আমার। দুঃখ আমার। বোনের মতন কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে বুকের ভেতরে এত মেঘ। বুকের এমন নিবিড় বাতাস।
একটু আলগা হও। একটু কাঁদো।
নদী-নালার নিহিত নকশা
নাফিউল হক
হেঁকে উঠল কেÑ ভেজা ইটের আঙিনা ধরে সমস্ত শ্যাওলা মুখে পুরনো ঘৃণার ছাপ, ফুটো কল থেকে ঝরে পড়া পানি গায়েব করে দেয় একেকটা কুকুর জন্ম।
হ্যাঁচকা ধাক্কায় বাঁক নেয় অলিগলিÑ জোড়া লাগা সিঁড়ির গোপন সুরে যেন কেউ আঁকছে কাদার ক্যালেন্ডার।
বেহুঁশ রোদ্দুর আজও নাকি বুকের ভেতর জমা করে রেখেছে অপমানের রবিশ্মশান।
আমি হাঁটি, আঁশটে গন্ধে ভিজে থাকা অদ্ভুত সিগন্যালের দিকে। মাঝে মাঝে দেখিÑ জঞ্জালের পাহাড়ে মাথা তোলে
একটা শিশুমাপের প্রতিরোধ, তার নরম হাত একটা ভাঙা রিকশার হুডে লিখে দেয় ঋতুর কঙ্কাল।
এভাবে শীত কাটে। এভাবেই কুয়াশা থেকে জন্ম নেয় প্রাণের নিঃশ্বাসÑ যাকে আমরা ভুলে যাই, ভুলেই থাকি অবলীলায়।
ছায়া
এথেন্স পাটোয়ারী
দুপুরে মা গোসল করতে যায় নদীতে
শাড়ির আঁচলে করে নিয়ে আসে নদী।
রোদে শুকাতে দেয় সেই শাড়ি
আমাদের উঠানে টুপটুপ করে ঝরে পড়ে
তখন ডাকাতিয়া, ইছামতী, কর্ণফুলী।
প্রতিদিন দূরের মাঠে একটা গাছ ছায়া দেয়
সেই ছায়ার নিচে দাঁড়াই।
বাবা মনে করে বাড়ি নিয়ে আসি রোজ সন্ধ্যা।
ক্রিস্টাল কুইন
আদিত্য আনাম
ঈশ্ স্বরে তোমাকে ডাকি, ঈশ্বরে সাড়া দেয়
রাতগুলো চুপ হয়ে যায়
যেন একটি পোষা বিড়াল
যথেষ্ট কালো এবং অদৃশ্য
আর তার বুকের ভিতর তুমি নক্ষত্রে অলংকৃত
উজ্জ্বলে ঝলমল জ্বলছোÑ
তুমি একটি কবিতা
তুমি তেরো লক্ষটি কবিতা
তুমি একজন কবিতা
তুমি এক সহস্র কবিতা
ঈশ্ স্বরে তোমাকে ডাকলে, ঈশ্বর হয়ে যায়
চাঁদের সাথে টেলিপ্যাথি হয়
স্পর্ধার পর্দা খুলে যায়
ফুলগুলো আরেকটু হৃদয় নিয়ে ফোটে
ঈশ্ স্বরে তোমাকে ডাকলে
পৃথিবীর তিনশ বছর আয়ু বেড়ে যায়
আর প্রকৃত বুদ্ধ খুঁজে পায় নীরবতার আদিম দরজা।
শিরোনামহীন
আতিকুর রহমান হিমু
নিস্তব্ধতায় শত শত মাইল গোলাপ পেরিয়ে তোমার কাছে যাইÑ অন্ধকারের কোমল গন্ধে স্তনাগ্রে ফোটাও নক্ষত্র; ঠোঁটের কোলাজে ফিনফিনে জ্যোৎস্না, নিম্নাঙ্গের বেলাভূমিতে আছড়ে পরে সমুদ্র-গর্জন। গাঢ় রাতের গানে ডানা মেলে জারুলের বন, প্লাবনে ভেসে যায় অনিন্দ্য ভূগোল; আদিম পূর্ণিমার প্রার্থনায় জেনেছি শরীর এক আশ্চর্য জলপ্রপাত।
বিপ্লবস্মৃতি
নাদিয়া জান্নাত
অনেক বিপ্লব জমা পড়ে আছে মনে।
হাত ধরে হাটে গিয়ে মাছ কিনে ঘরে ফেরা রাত
ফিরে যদি পাই, মনে হবে
তরতাজা ছাতিমের মতো শুয়ে থাকা
ও-শয়ন ভঙ্গি
স্বর-ছন্দে যতবার হয়েছে সাক্ষাৎ
পালিত পাখির মতো যতদিন তার
বুক জুড়ে থেকেছি গোপন
মধু মধু ছিল সেইসব
যৌথতার দিনগুলো রান্নার আনন্দে মেতে ছিল
ভাবলেই মনে হয়, তেল নুন ঝালে কতকাল দেখা নেই তার
বন্যাকবলিত গ্রামে কচুফুল হয়ে ফুটে ছিলাম আমরা
যেনও ছিলাম কাদামাখা বোরো ধানের আইলে
মাথা বের করা টাকি মাছ
বহুবার নিষেধ না মেনে দুইজন
খেয়েছি গন্ধম
দুনিয়ার দুই মেরু প্রান্তে
হয়েছি নিক্ষিপ্ত
ঠিকঠাক ফুটে উঠবার আগে আমাদের মন
নিশিদিন হয়েছে অঙ্গার।
হংস
মাসিয়াত জাহিন
এখন
হংস আমি তাই
আর্দ্র চোখ তোমার
লাগলো না মনে
পানিতে ডুবাই উল্টানো মাথা
সোজা ও উবু হয়ে
হাঁটো যারা
সমান লাগে প্রতিসরণে
এখন হংস বলে
কাঁদলে তুমি
ফ্যালফ্যাল করে হাসি
এখন হংস বলে
ভিক্ষার মুখে
গ্রীবা বাঁকিয়ে তাকাই
চোখে পটল চিড়ে
বলে ফেলি
দেখো আমি কী নিদারুণ সুন্দর!
বৈবাহিক, ডিস্টোপিয়া
অদ্বিত অদ্রি অনন্ত
যৌথ-আচরণের জীবন হেলেছে ডানে; সামান্য
তরিকায় খরচ করে অঙ্গের খুচরা স্বভাব
জেনেছি সাবান যে-গতিতে ফুরায়; তার তুলনায়
বেডরুমে হয় কচ্ছপের ক্ষয়।
মূক হয়ে বসে থাকি শূন্যসমান...
গানের কাছে গিয়ে চুপ করে থাকা প্রাণ
গানের গা-ঘেঁষা সে মাত্রই মূক; দৃশ্যমান যা-কিছু
কখনও প্রতিধ্বনির মতো একবার ডুবে
ভেসে ওঠে বিচ্ছিন্নতায় পুনঃ ও পুনঃ, রায়ে।
চুক্তির চ্যুতি-বদ্ধতার গ্যাপেÑ
অঙ্গের সরল ভঙ্গি জনিত ত্রুটিতে জীবন হেলেছে ডানে; সামান্য ঘাড় কাত করে হেঁটে চলেছে জোড়াতে নর-নারী
জিব্রাল্টার প্রণালি
মারুফ আহমেদ নয়ন
বাঘের হৃদয় নিয়ে হরিণীর প্রেমে পড়েছিলাম।
তাকে অনুসরণ করে ঝরনার নিকটে আসি।
মাংসাশীদের যা স্বভাবÑ দেহে ঠান্ডা আগুন।
নদীতে কুমিরের ‘ডেথ রোল’ দেখছিল পাখিরা।
যখন চোয়ালের কাছে এলো মহাপ্রেমের ঘূর্ণন,
শুরু হলো। তুমিও পেয়েছ মাদি কুমিরের স্বভাব।
গোপনে প্রদর্শন করো দয়া, আড়ালে বলোÑ
গণ্ডারদের নিঃসঙ্গতা। এমন ভয়াবহ নিঃসঙ্গতা
নিয়ে তোমার প্রেমে পড়েছিলাম।
তুচ্ছতায় তুমি হেসে উঠলে, গাছ থেকে পাখিরা
উড়ে যায় ভয়ে, দেহ ছেড়ে পালায় আত্মা।
আমাদের দূরত্ব যেন জিব্রাল্টার প্রণালিÑ
পাশাপাশি স্বাদু ও নোনাপানির স্রোতধারা,
তবু বিচ্ছিন্ন চিরকাল।
মুখোশ
সুকান্ত হৃদয়
জন্মের খিলান থেকে নেমে আসে বসন্তের দূত
দুই হাতে প্রজ্বলিত গাঢ় অন্ধকারের ভেতর
এতটুকু দেখি তারে, সোনালি আলোর তলোয়ার
টেনে লেখা নামÑ ছড়ায় চির-ক্ষমাহীন বিদ্যুৎ
মিহিন শৈশবে, দাম্ভিক কৈশোরে, এমন পাগলÑ
সঙ্গে সঙ্গে থাকে, রক্তে রক্তে থাকে, হাড়ে ও মজ্জায়
ঘুরপাক কেটে মাতাল রাজার মতো দুঃখ পায়
কিছুদিন বায়ুর অপঘাতে তন্দ্রাচ্ছন্ন নকল
ধাতু গলে গেলেÑ হাতে নিয়ে ঘষে দেই জ্যোৎস্নার
তালুতে, তারপর শুধু ঘুম ঐ ঘুম লেগে থাকেÑ
সকল কথার ভেতর, পৃথিবীর সকল গানে;
অচেনা কেউ তো নয় মুখোশের বিমূর্ততা ছাড়া
এতটুকু দেখি তারে, সোনালি আলোর তলোয়ার
নিরাপদ দূরত্বে থাকি যে যার আত্মমগ্নতায়।
শিরোনামহীন
সাঈদ শ’
কেন অনর্থ এই প্রার্থনা? কেন বায়ুর উপরে সীমাহীন ডাক? হাতের নাগালে যে থাকে, সে পর বটে, তবু পরমংশ। তাকে সালাম দাও, ভক্তি দাও। যেন সে দুঃখে জড়িয়ে থাকে, যেন সে বিপদে এগিয়ে আসে। অহেতু নিষ্কৃতি চাই না।
আগুনে যে ঝাঁপ দিয়েছে, তার কাছে তো জলই দেবতা।
তৃতীয় দশকের কবিতার বাগ্ভঙ্গি ও চিত্রকল্প
মতিন রায়হান
কবিতার ইতিহাস ভাষা বদলে যাওয়ার ইতিহাস। আর এই বদলে যাওয়াই কবিতার নিয়তি। বাংলা কবিতার ক্ষেত্রেও এ কথা সমানভাবে প্রযোজ্য। স্পষ্ট করে বললে, চলমান শতকের বাংলাদেশের তৃতীয় দশকের কবিতা নিয়ে আজকের এই আলাপ। আলোচ্য দশকের মাত্র পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। তাই এই দশকের কবিদের চূড়ান্ত তালিকা তৈরি করা এখনও সম্ভব নয়। কারণ আগামী পাঁচ বছরে আরও নতুন নতুন মুখ যুক্ত হবে এই দশকের কবি-তালিকায়। ফলে একটি খণ্ডিত কবি-তালিকাই তৈরি করা যেতে পারে। আলোচ্য দশকে কারা কারা কবিতা লিখছেন? নিজের অভিজ্ঞতা ও সমকালের কবিদের সহায়তায় একটি খণ্ডিত তালিকা যদি তৈরি করি, তাহলে যেসব নাম উঠে আসে, এরা হলেনÑ শৈবাল নূর, মিনহাজুল হক, সায়্যিদ লুমরান, দিপংকর মারডুক, নাহিয়ান ফারুক, জাকারিয়া প্রীণন, সুজালো যশ, সন্ন্যাসী আরণ্যক, এথেন্স পাটোয়ারী, মারুফ আহমেদ নয়ন, রাবিয়া সাহিন ফুল্লরা, ম্রিতোষ তত্রাচ, আজমাঈন তূর হক, রিফাত বিন নুরুল, হাসিন এহ্সাস লগ্ন, রোদ্দুর অরিত্র, রোদ্দুর রিফাত, সুকান্ত হৃদয়, অনামিকা রায়, শামসুদ্দিন শিপন, মাসিয়াত জাহিন, ফরহাদ নাইয়া, মিজবাহ জামিল, হোসেন রওশন, সাঈদ শ’, রাজিয়া সুলতানা ঈশিতা, জেসিকা আক্তার জেসি, নাফিউল হক, রাজিয়া সুলতানা নুরিন, নাদিয়া জান্নাত, রুম্মানা জান্নাত, রক্তিম রাজিব, রিফাত বিন নূরুল, শান্তা এফ আরা, সাকিব শাকিল, ইয়ার খান, আবির আবরাজ, উদয়ন রাজীব, সৈয়দ এনামুল তাজ, এসএম কাইয়ুম, খান আলাউদ্দিন, শফিক মিলু, শফিক সাঁই, সুবাইতা প্রিয়তি, সারক শিকদার, সঞ্জয় পুণীক, ওয়াসিফা জাফর অদ্রি, সাফওয়ান আমিন, হোসাইন মাইকেল, ফাল্গুনী এলিজাবেথ, দন্ত্যস নূপুর, জুবায়ের দুখু, হিম ঋতব্রত, তাহমিদ চৌধুরী, অদ্বিত অদ্রি অনন্ত, আদিত্য আনাম, আতিকুর রহমান হিমু, অসীম বাহাদুর, রিদওয়ান নোমানী, উম্মে হাবীবা, দৃষ্টি নুত, তাসমিয়াহ ইশিকা প্রমুখ। এদের সবার কবিতা তেমনভাবে না পড়লেও কয়েকজন কবি ও তাদের কবিতার সঙ্গে ইতোমধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। এরা হলেনÑ সুজালো যশ, শৈবাল নূর, মিনহাজুল হক, সায়্যিদ লুমরান, নাহিয়ান ফারুক প্রমুখ। আর এই সম্পর্কসূত্র তৈরি করে দিয়েছে বাংলা একাডেমি লেখক কর্মশালা ২০২৫-এ সমন্বয়কের দায়িত্ব পালন। এদের প্রত্যেকের প্রথম কিংবা দ্বিতীয় কাব্যগ্রন্থ এই কর্মশালার তত্ত্বাবধানে সম্প্রতি প্রকাশিত হয়েছে।
কবি শৈবাল নূরের কাব্যগ্রন্থের শিরোনাম ‘জলের স্বরাজ’। শিরোনামেই কাব্যগ্রন্থের অন্তর্গত সুরটি বেজে ওঠে। জলের মধ্যে কী রাজত্ব কায়েম করেছেন এই কবি? জল বিষয়ক বেশ কিছু কবিতায় জলের স্বরাজের স্বরূপ অবলোকন করা যায় একটু গভীরভাবে কবিতাগুলো পাঠ করলেই। কবি যখন উচ্চারণ করেন : ‘আর নিখুঁত ভাষাদৌরাত্ম্যের আড়ালে দেখিÑ/ মারমুখী এই বায়ু, পপকর্নের মতো ঝরছে শিউলিফুল/ নাকি শিশিরও চুরি করছে তার দোদুল্য ঘ্রাণ!/ উল্লেখ্য, যে সামাজিক ভাষা থেকে নির্মাণ হচ্ছে এসব/ তার তাবৎ সকালজুড়ে কীটনাশক স্প্রে-মেশিনে/ আমার মুখ ভিজিয়ে চলেছে বিমূঢ় কৃষক!/ বেপরোয়া অটো-ভ্যান, উড়তি বাইকার আর ভাটার ইটবাহী ট্রাক/ ভেবে দেখো, এই পঙ্কিল ও ধূলি-গুল্মে রচিত আমি।’ (স্ব : জলের স্বরাজ) তখন আমাদের কান অন্যরকম সজাগ হয়ে ওঠে। বলতে দ্বিধা নেই, এই কাব্যভাষা আমাদের কাছে অভিনতুন এবং খুব বেশি সমকাল-লগ্ন। আরও স্পষ্ট করে বললে দূর-অতীত ও সমকাল এক পরম্পরা তৈরি করে, যেখানে কবিকে মনে হয় এক তীক্ষ্ন অথচ নীরব দ্রষ্টা।
লেখক কর্মশালার আরেকটি কবিতার বই কবি সায়্যিদ লুমরান রচিত ‘মরফিনমিশ্রিত দুপুর’। দুপুরের এই যে বিশেষণ আমাদের কাব্য-ভাবনায় এক ঘোরগ্রস্ত সময়কে হাজির করে। ‘এ ভরা নৈদাঘে দুপুরের পাশে রৌদ্রফুল ফোটে; বাষ্পের অহমিকায়/ উড়ে যায় ঘ্রাণ, শৈশবের কারমান রেখা ক্রস করেÑ এই দৃশ্য মুমূর্ষু বিষাদ!/ মাটির ফাটল থেকেÑ উদ্গত মরফিন চামরের দোল খেয়ে স্মৃতিদগ্ধ বাতাসে/ মিশ্রিত হলে কিঞ্চিৎ শুশ্রূষা হয়,/... প্রাচীন হে, ফিরে এসো মরফিনমিশ্রিত দুপুরে, আলিঙ্গন হোক পুনর্বারÑ/ প্রিয় বিষাদবরেষু, ব্যাপনে ফুরিয়ে যাওয়া ঘ্রাণÑ এসো, রৌদ্রফুলÑ নিদাঘ দুপুর!’ (মরফিনমিশ্রিত দুপুর : মরফিনমিশ্রিত দুপুর) কবির এই উচ্চারণ জীবনকে দেখবার, অনুভবের এক সূক্ষ্ম অভিব্যক্তি; যেখানে প্রিয়জন হয়ে ওঠে জনৈক ‘বিষাদবরেষু’।
‘বায়ু ও বালির সিনেমাটোগ্রাফি’ কাব্যগ্রন্থ নিয়ে কবি মিনহাজুল হক যখন আমাদের সমুখে দাঁড়ান, তখন আমরা লক্ষ করি দৃশ্যকেন্দ্রিক কবিতা নির্মাণের প্রয়াস। জীবনের ক্ষণস্থায়িত্ব, অস্তিত্বের ভাঙন ও বিলুপ্তি, সময়ের প্রবাহে মানুষের অসহায়তা প্রভৃতি প্রতীক ও রূপকের মাধ্যমে দৃশ্যগ্রাহ্য করে তোলেন কবি। কাব্যের শিরোনাম কবিতায় কবির উচ্চারণ : ‘নারিকেল পাতার ভেতর থেকে শুনি/ জীবন স্বপ্ন অথবা যাপনে মৃত/ এই দুটি চোখ বারবার লাল নিশান/ ঐ যে দেখি চিলের ডানাভাঙা মহড়া/ দেখি, এই বায়ু ও বালির জমে থাকা/ মিথ্যা সিনেমাটোগ্রাফির হাইলাইটস!’ তখন আমরা একটু নড়েচড়ে বসি। এই কাব্যভঙ্গি আমাদের কবিতায় নতুন কী যোগ করছে তা স্পষ্ট করে ব্যাখ্যা করা না গেলেও অন্তত এটুকু তো বলা যায়, এই কাব্যভাষা নতুন ও নিরীক্ষাপ্রবণ। ‘দেহগুলো পুড়তে থাকে অবিরাম/ কেউ দেখে না কোথায় এত গন্ধ জাগে/... রাফখাতা জুড়ে আগুনের দিনলিপি/ নতুন কিছু লেখার সাদা পৃষ্ঠাগুলো/ জমে আছে নিসর্গ ফুলের কান্নায়/ যেখানে উড়তে থাকে বাংলাদেশ!’ (বাংলাদেশ : বায়ু ও বালির সিনেমাটোগ্রাফি) কবি মিনহাজুল হক যখন এভাবে প্রতীকী চিত্রকল্প রচনা করেন, তখন সমকালের বাংলাদেশ বাঙ্গময় হয়ে ওঠে গভীর ভারাক্রান্ত হৃদয়ে, গুমড়ে-ওঠা কান্নায়। বলতে দ্বিধা নেই, আলোচ্য কাব্যে মিনহাজ তৈরি করেছেন এক দৃশ্যনির্ভর কাব্যভাষা।
একই কর্মশালার আওতায় প্রকাশিত হয়েছে নাহিয়ান ফারুক রচিত ‘মাটির ঘরে কাঠের খিড়কি’ কাব্যগ্রন্থটি। এ কাব্যে কবির প্রেমভাবনা সুফিবাদে স্নাত। তবে এই ভাবনায় রাষ্ট্র-ধর্ম-প্রেম একাকার হয়ে আছে। এই কাব্যে কবিতার ধরনে-ছন্দে-বিষয়ে কোনো নির্দিষ্ট ঘরানাকে অনুসরণ করা হয়নি। অনেক ক্ষেত্রেই তার কবিতা বক্তব্যপ্রধান। কবিতার নান্দনিকতার চেয়েও কোনো কোনো সময় রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। এটা তার জীবন-দৃষ্টিভঙ্গিরই পরিচায়ক। তার কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘আম্মা’ তিন পর্বে বিভক্ত। এর ১ নম্বর পর্বে কবির উচ্চারণ : ‘আম্মা প্রতিবার চাল ধুতে নিলে এক মুষ্টি চাল তুলে রাখতেন আড়ালে।/ সঞ্চয়ে বড্ড পাকা ছিল তাঁর হাত।/ উনি যখনই উদ্বৃত্তের গন্ধ পেতেন, তখনই ভবিষ্যৎকে হম্বিতম্বি করতেন,/ নষ্ট হতে দিতেন না।/ উদ্বৃত্তকে তাঁর মনে হতো ভবিষ্যৎকে বিগড়ে ফেলার ফাঁদ।/ আর সঞ্চয় ছিল মহাস্ত্র।/ এভাবেই তিনি সঞ্চয়ের মুখে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন।/ এখন যখন ঢাকায় একা-একা ঘুরি, মনে হয় জীবন থেকে কেউ একমুঠো/ তুলে রাখুক মায়ের মতো;/ কিংবা মা-ই তুলুক।/ সেই সুযোগ মাকে কখনো আর দেওয়া হয় না।/ যাদের দিই, তাদের মুঠোতে উঠে না আমার জীবন।’ মা, গ্রামজীবন, গ্রামীণ লোকাচার, পুত্রের শহুরে জীবন ও নানা টানাপড়েন প্রভৃতি বিষয়-আশয় কী চমৎকার কাব্যভাষায় নিনাদিত।
তৃতীয় দশকের আরেক কবি জাকারিয়া প্রীণন। তার কাব্যভাষাটিও স্বতন্ত্র ও সংবেদনময়। ‘যখন অনন্ত রাত্রিরা উন্মোচিত করে শরীরÑ গৃহপালিত/ মাংসের আরতি ডুবে যায় রক্তের চাবি নিয়ে। জলের/ গভীরে অতসি পাথর নিয়তির গুপ্তচর।/ এই তন্ময়তার মায়াবী লণ্ঠনÑ জীর্ণ পাতার মগজে সবুজ/ আলো ফেলে কোথায় যায়? মেঘের মগজে উন্মোচিত/ প্রথম শেফালি; যেন কম্পিত পূর্ণিমার পারদে উজ্জ্বল ঋতু/ কে তুমি ওখানে বেহালা বাজাও?/ জলের গভীরে প্রমত্ত ঢেউ চুরি হয়ে যায়।’ (ডুব; সূত্র : গুচ্ছ কবিতা; অন্য আলো অনলাইন, প্রথম আলো, ১৭ জানুয়ারি ২০২৬) এই উচ্চারণের মধ্য দিয়ে জাকারিয়া প্রীণন এক অন্যরকম কাব্যভাষা নির্মাণ করেছেন। প্রকৃত অর্থেই এই ভাষা অভিনতুন ও স্পর্শময়।
এই সময়ের আরেক কবি রাজিয়া সুলতানা নুরিন। প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্রবিন্দু প্রকাশিত তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রথম জন্মের দিকে দৌড়াচ্ছে একটা ঘোড়া’। অন্যরকম ভাবনাজাগানিয়া নাম। নুরিনের কাব্যভাষা এরকম : ‘লোকে ভালোবাসার কথা বললে আমি বুঝি তারা তোমার কথাই বলতেছে।/ খুব আনন্দের কথা বললে বুঝি তোমার কথাই বলে।/ কৃষ্ণচূড়ার পথ পুরোটা লাল হয়ে গেলে স্কুল ড্রেস পরা/ মেয়েটার কথা মূলত তোমারই বিবরণ।’ (সূত্র : রাজিয়া সুলতানা নুরিনের তিনটি কবিতা : সাহিত্য পত্রিকা ‘তুরীয়’)
রাবিয়া সাহিন ফুল্লরার কবিতায় আঞ্চলিক শব্দ ও কথ্যভঙ্গি অন্যরকম দ্যোতনা তৈরি করে। তবে এ কথাও সত্যি, এই যথেচ্ছ শব্দপ্রয়োগ ঝুঁকিপূর্ণও। কারণ এ ধরনের কবিতায় ছন্দমনস্ক হওয়া ভারি কঠিন। ‘রইদের চিকমিকি’ কবিতা থেকে একটু উদ্ধৃতি দেওয়া যাক : ‘কথারা কানে বাজে, সুরহীন, ঝিমঝিম/ শিশুমন যে রকম আধোবোলে কথাদের গুনগুনায়/... কখন যে ঘুমায়ে পড়লাম, ঘুমে আমি আর কারা সারাবেলা শাপলা তুললাম, দাদির লগে লগে পাতিলও মাজলাম (হা হা)।’
তৃতীয় দশকের আরেক কবি সাকিব শাকিল। তার কবিতায় লক্ষ করি একধরনের ধাঁধা। যেমন : ‘সারাদিন বনের ভিতর ঘোরার পর আমি দেখি বাঘ হয়ে গেছি!/ বাঘ দেখি মানুষ হয়ে গেছে।/ এখন মানুষের ভাষা কিছু বুঝি না আর/ মানুষও বোঝে না আমার ভাষা।’ (বাঘ) এই বৈপরীত্য আমাদেরও নিদারুণ ভাবনায় নিক্ষেপ করে।
‘অ্যাক্রোব্যাট’ কবিতায় কবি সন্ন্যাসী আরণ্যক যখন বলেন : ‘পারলে এসোÑ সন্ধ্যাবেলা। অ্যাক্রোব্যাট শেখাবো।/ শোনাবো ডেমরা ঘাটের কথা। একটা স্বভাবতইÑ যাকে/ বলে তুলতুলে সূর্যÑ লালÑ অধিকতর ভিজে গেলÑ/ পূর্বপাশ শীতলক্ষ্যার তলেÑ প্রমোদ তরির খুউব ভেতর।’ তখন এক অন্যরকম ঘোরগ্রস্ত চিত্রকল্প ধরা দেয়। ‘সন্ধ্যাবেলা’র ‘তুলতুলে সূর্য’ সৃষ্টি করে এক অন্যরকম ব্যঞ্জনা।
কবি রোদ্দুর রিফাত যখন ‘আব্বা’ শিরোনামের কবিতায় উচ্চারণ করেন : ‘পৃথিবী একটা ব্যস্ত সড়ক/ আব্বা সেই মহাসড়কের বুকে/ চিত হয়ে শুয়ে থাকা সাদা জেব্রা ক্রসিং;/ নিজেকে বিছিয়ে রাখেন আমাদের/ সমস্যা ও দুর্ঘটনার আগে।’ তখন পিতার দায়িত্বশীল আচরণ ও কর্তব্যবোধ মাথা তুলে অভয়বাণী শোনায়।
কবি জেসিকা আক্তার জেসির ব্যক্তিক জীবনযন্ত্রণা যখন তার ‘ছলনা’ কবিতায় সিলিংয়ে মৃত্যুর নামান্তর হয়ে ওঠে তখনও বেঁচে থাকার স্বপ্ন রচনা করে এক কবির ‘লোভী জীবন’। কবির ভাষায় : ‘মাংস খুলে খেয়েছে নিজস্ব মানুষ। নিশ্চুপ ও নীরবে পালিয়ে এসেছি বিছানায়। কেঁদেছি। জীবনকে ঝুলিয়ে দিয়েছি সিলিং-এ।/ তবুও এই লোভী জীবন ভোর দেখবে বলে বেঁচে থাকে।’
কবি এথেন্স পাটোয়ারী তার ‘ছায়া’ শীর্ষক কবিতায় বাবা-মা’র রূপকে এক অসাধারণ চিত্রকল্প রচনা করেন; কবির উচ্চারণ : ‘দুপুরে মা গোসল করতে যায় নদীতে/ শাড়ির আঁচলে করে নিয়ে আসে নদী।/ রোদে শুকাতে দেয় সেই শাড়ি/ আমাদের উঠানে টুপটুপ করে ঝরে পড়ে/ তখন ডাকাতিয়া, ইছামতী, কর্ণফুলী।/ প্রতিদিন দূরের মাঠে এক গাছ ছায়া দেয়/ সেই ছায়ার নিচে দাঁড়াই।/ বাবা মনে করে বাড়ি নিয়ে আসি রোজ সন্ধ্যা।’
নাদিয়া জান্নাতের ‘বিপ্লবস্মৃতি’ কবিতা আমাদের নিয়ে যায় মানব-ইতিহাসের সূচনাবিন্দুতে; ‘বহুবার নিষেধ না মেনে দুইজন/ খেয়েছি গন্দম/ দুনিয়ার দুই মেরু প্রান্তে/ হয়েছি নিক্ষিপ্ত/ ঠিকঠাক ফুটে উঠবার আগে আমাদের মন/ নিশিদিন হয়েছে অঙ্গার।’ জীবনযন্ত্রণার এই কাব্যরূপ আমাদের ভীষণরকম ভাবায়।
কবি দিপংকর মারডুকও কাব্যভাবনায় জীবনজটিলতাকে স্থিত করে প্রায় এক অগম্য জগৎ তৈরি করেন; যেখানে যে-কারও ঢুকবার সাধ্য নেই; তবে ঢুকতে হলে চাই সনিষ্ঠ প্রাক-প্রস্তুতি। তার ভাষায় : ‘জুনমাসÑ হলুদ দাগÑ রাস্তার পীড়াদায়ক ক্ষরণ কিছুই মুছে যাওয়ার নয়। দৃঢ়ভাবে আরও দৃঢ়ভাবে, তুমি প্রতিলিপিতে বহুবর্ণিল করবে মনে পড়া কালো মেঘের কার্যকর দিন। যদি থাকো ক্ষণস্থায়ী, সূর্যরশ্মি উপড়েÑ আমি বরাবরই ডাহুকের রাতজুড়ে ভালোবাসবো।’ কবির এই ভালোবাসা রাত্রিকালে ডাহুকের ‘রক্ততোলা ডাক’-এর মতোই ভীষণ কষ্টদায়ক।
কবি সাঈদ শ’ যখন বলেন : ‘আগুনে যে ঝাঁপ দিয়েছে, তার কাছে তো জলই দেবতা।’ কিংবা, ‘বনে গিয়ে দেখি, পাখিদের মধ্যে পাখি হয়ে ওঠার কোনো শিক্ষা নাই।’ তখন আমাদের একটু নড়েচড়ে বসতে হয়!
কবি মারুফ আহমেদ নয়ন যখন ‘জিব্রাল্টার প্রণালি’ কবিতায় উচ্চারণ করেন : ‘বাঘের হৃদয় নিয়ে হরিণীর প্রেমে পড়েছিলাম।’ তখন এই কাব্যভাষায় চমকিত না হয়ে পারা যায় না।
তৃতীয় দশকের অনেকের কবিতা থেকেই উদ্ধৃতিযোগ্য পঙ্ক্তি খুঁজে বের করা কঠিন কিছু নয়। তবে স্থানস্বল্পতাই এই অভীপ্সা পূরণে প্রধান বাধা। বলা যায়, আমাদের একুশ শতকের তৃতীয় দশকের কবিতা ক্রমশ শনাক্তযোগ্য হয়ে উঠছে। এর বহুস্বর, ভাঙাগড়া ও সংবেদনশীলতা বিশেষভাবে লক্ষণীয়। বড়ো দাগে চিহ্নিত করতে গেলে বলা যায়, ব্যক্তিগত ও সামষ্টিক অভিজ্ঞতার মিশ্রণ, ভাষার ভাঙচুর, পরীক্ষাধর্মিতা, পরিচয় ও অস্তিত্বের প্রশ্ন, রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদী সুর, প্রতীক ও চিত্রকল্পের নতুন ব্যবহার, সংক্ষিপ্ততা ইত্যাদি বিষয় দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। যেহেতু তৃতীয় দশক কেবল প্রথমার্ধ অতিক্রম করল, তাই এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছবার সুযোগ নেই। আরও অনেক নতুন মুখ যুক্ত হবে এই দশকের কাব্য-কাফেলায়; ফলে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই।
ঋণ স্বীকার: কবি শৈবাল নুর