দিলারা মেসবাহ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৮ পিএম
অলংকরণ : তানভীর মালেক
রাজহাঁসের মতো সাদা ধবধবে বাড়িটির নাম পবন। এই বাড়ির লোকজন ধবধবে, মানে তাদের মন ধবধবে। হেসে কথা বলেন, আদর করেন। বন্ধুরা, মনোরম সেই বাগানের কথা খানিকটা বলব আজ।
মহুয়া খালামণিদের বাগানবাড়ি! পুরো শহরে আর একটির হদিস পাবে না। শুনে রেখো কিন্তু।
সকালে তমাল মামা এসেছেন। আমরা তমাল মামার ভক্ত ভারি। কত যে গপ্পো জানেন তিনি! চকলেটও বিলি করেন। তপা, মিতুল, সুবাস আর আমি হাজির।
মামার দিলখোলা সে কি হাসি! আয় আয় আয় রে ছানাপোনারা। আজ ফুলদের জামা বদলানোর গল্প হবে।
সুবাস কলকল করে ওঠে, ‘মহুয়া খালার স্থলপদ্মের সাথে আমরা মাঝেমধ্যে কথাও বলি মামা। কত যে তার শখ। সকালে সাদা, বেলা বাড়তে থাকলে গাঢ় গোলাপি, তারপর লাল টুকটুকে জামা গায়ে দিয়ে হাসতে থাকেন। কী মজা লাগে মামা।’
‘তোরা ফুল লতাপাতা নিয়ে আরও অনেক শিখবি। নতুন নতুন বিষয় শিখাব। গাছ লতা ফুল ফলের দুনিয়ায় কত মজার কাহিনী রয়েছে। পরম বন্ধু আমাদের প্রকৃতি।’
মহুয়া খালা সবে কলেজে ঢুকেছেন। বাগিচা তদারকি-যত্ন খালাই করেন। স্থলপদ্মের চার চারটি গাছ। টেনিস বলের সমান ফুল ফোটে। আরও কত ফুলগাছ সারি সারি। শালগাড়িয়ার হাবু একদিন ঘুরতে ঘুরতে দিলালপুর মহল্লায় এসে হতবাক। সাদা ফুরফুরে কত্তগুলা স্থলপদ্ম ফুটেছে পবন বাড়ির বাগিচায়।
সে আজ শহরে বেড়াতে বেরিয়েছে। বেলা পড়ে এলে আবার ফুলবাড়ির সামনে চলে এসেছে হাবু। ও মা! ফুলগুলো সব লাল! ও ঠিক শুনেছে ঘাড় দুলিয়ে পদ্ম বলছে, ‘কেমন আছ হাবু ভাই?’
হাবু ঠকঠক করে কাঁপছে নাকি! যা ভীতু বেচারা! ‘এ তো ভুতুড়ে বাগান মাগো। বাঁচাও বাঁচাও’ বলে হাবু চিক্কুর দিয়ে ওঠে।
হাবুকে তার মা নানা কারণে বাড়ির বাইরে যেতে দেন না। নিজের ঘর, উঠোনটুকুই তার দুনিয়া। বাবার হাত ধরে বাড়ির লাগোয়া স্কুলে যায় মাত্র।
মামা ঘটনা শুনলেন! একটু হাসলেন। ছোট বন্ধুরা, কিশোর বয়স থেকে চোখ-কান একটু খোলা রাখা ভালো না? মামা তেমনটিই বলেন। বিকালে তালের বড়া খেতে খেতে আমরা কান পেতে রইলাম। রসালো বড়া আর রসময় তমাল মামার পুষ্পকথা। মামা এবার বুনো ফুল ল্যান্টানার কথায় মেতে উঠলেন, ‘ফুল যখন ফোটে তখন থাকে উজ্জ্বল রঙিন। মৌমাছি, পোকামাকড় মধু খায়। এরপরই ল্যান্টানার রঙ হয়ে যায় ফ্যাকাসে। মনে হয়, সে ঘোষণা দিচ্ছে একবিন্দু মধু নেই। খামোখা বিরক্ত কোরো না। তোরা হাইড্রেনজিয়া ফুল দেখেছিস? থোকায় থোকায় ফোটে। প্রথমে নীল রঙে, কখন যেন গোলাপি জামা পরে নেয়। আমার ছাদে অঢেল ফোটে সিজনে ‘আজকালপরশু’। এনার জামা বদলানোর স্বভাব মজার। প্রথম (ইয়েসটারডে) গাঢ় বেগুনি রঙে, পরদিন (টুডে) হালকা বেগুনি আর শেষদিনে (টুমরো) শুধু সাদা!
কী তোরা মজা পাচ্ছিস তো?’
আমরা হৈরৈ করে বলে উঠলাম, ‘দারুণ মামা। কিন্তু দুয়েকটা ফুল দেখিনি।’
‘বেশ তো সুযোগমতো চিনিয়ে দেব।’ মামা আশ্বাস দিলেন। ‘আচ্ছা আর দুয়েকটা নাম জানিয়ে রাখি। এগুলো সব নোট করে রাখবি। আমি পড়া ধরব কিন্তু।’
‘আমাদের দক্ষিণের ঘরে লতিয়ে উঠেছে মধুমঞ্জরী লতা। রবিঠাকুর নাম দিয়েছিলেন। তোরা হয়তো বলবি ওটা তো মাধবীলতা! সাদা রঙে ফোটে, এরপর গোলাপি, শেষমেশ লাল রঙে। অনেক সময় একই সাথে তিনটি রঙের মনোহর ছবি দেখা যায়। শেষ বুনো ফুলটি হলো উলটচণ্ডাল! প্রথমে ফোটে উজ্জ্বল কমলা রঙে, শেষে কড়া লাল রঙে।আজ এই পর্যন্ত থাক। সন্ধ্যায় জাদুঘরে সেমিনার আছে।’
পবন বাড়িটা যেন রূপকথার স্বপ্নপুরী। এর মধ্যে আরও একবাটি গরমা গরম তালের পিঠা নিয়ে হাজির মহুয়া খালা। মিষ্টি সুবাসে ঘর থৈ থৈ। মতিয়া বেলির সুবাস খুঁজে পেলাম খালার বেণিতে।