স.ম. শামসুল আলম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
অলংকরণ : তানভীর মালেক
তাক ধিনা ধিনধিন
জুনির হলো তিন।
তিন বছরের জুনি
গল্পটা তার শুনি।
এ-ঘর ও-ঘর ছোটে
চুপ থাকে না মোটে।
মায়ের মেকাপ নিয়ে
খুশি মুখে দিয়ে।
দেখতে লাগে সঙ
দেখায় কত ঢঙ।
মাথায় বেঁধে ঝুঁটি
খাচ্ছে লুটোপুটি।
আবার হেলেদুলে
নাচে দুহাত তুলে।
নাচের সাথে গান
আহ্লাদে আটখান।
সবার আদর পেয়ে
মাথায় ওঠে বেয়ে।
তাও বড়দের মতো
কথাও বলে কত।
‘আমার জন্মদিনে
আনবে জামা কিনে।
দেবে নতুন জুতো
লাগবে না পায় গুঁতো।
আমি এখন বড়
কেন আদর করো?
আদর দেব আমি’
মাকে দিল হামি।
আমরা সবাই হাসি
কত্ত ভালোবাসি।
এখন বড় জুনি
সবাই সুদিন গুনি।
তাক ধিনা ধিন তানা
আমি জুনির নানা।
জুনির আছে জানা
গাইছে জুনি গানাÑ
‘আজকে আমার নানা
রামগড়ুরের ছানা।
খায় না কোনো খানা
মৌচাকে দেয় হানা।
হাসতে নানার মানা
রামগড়ুরের ছানা।’