মাসুদুল হাসান রনি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম
অলংকরণ : তানভীর মালেক
রায় কর্মকার ভুঁইয়া মৃধা
দাস বড়ুয়া আইচ
জড়ো হলো নদীরপাড়ে
দেখতে নৌকাবাইচ।
ঢাকের তালে নৌকা চলে
লগি বৈঠার ছন্দে,
দু’পাড় জেগে উঠেছে আজ
জনতার আনন্দে।
মনমাতানো মুর্শিদি গান,
সারি গানের সুরে
ছলাৎ ছলাৎ বৈঠা পড়ে
যাচ্ছে নৌকা দূরে।
হেইয়ো জোয়ান মারো রে টান,
মারো রে ভাই বাড়ি
আমরা হব সবার সেরা,
দাও রে নদী পাড়ি।