× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর

থামছে না মৃত্যু ও পরিবেশ ধ্বংস

রাসেল আহমদ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৪ পিএম

দেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর

দেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর

টাঙ্গুয়ার হাওরে নিয়মের অভাব নেই; অভাব হচ্ছে নিয়ম কার্যকর হওয়ার প্রমাণের। পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, নৌযান নিবন্ধন, লাইফ জ্যাকেট ও লাইফবয়া বাধ্যতামূলক করা, বর্জ্য ব্যবস্থাপনা, উচ্চশব্দ নিয়ন্ত্রণ- নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় একের পর এক নির্দেশনা এসেছে। কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে। কিন্তু এসব উদ্যোগের মধ্যেই ঘটছে মৃত্যু, বাড়ছে পর্যটনের চাপ, কমছে জীববৈচিত্র্য। ফলে প্রশ্ন উঠছে- নিয়ম আছে, কিন্তু মাঠে তার বাস্তবায়ন কতটা?

সর্বশেষ ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাঙ্গুয়ার হাওরের টেকেরঘাট এলাকায় অসুস্থ হয়ে মারা যান মাগুরার ৫১ বছর বয়সী আশিষ কুমার রায়। ছয় পর্যটকসহ ‘হৈমন্তী’ নামের হাউসবোটে তিনি টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট ও শহীদ সিরাজ লেক ঘুরেছিলেন। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে স্পিডবোটে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি পানিতে ডুবে বা নৌদুর্ঘটনায় মৃত্যু নয়; তবে পর্যটনকেন্দ্রিক এই বিশাল জলভূমিতে জরুরি চিকিৎসাসেবার সীমাবদ্ধতার প্রশ্নটি সামনে আনে।

এর আগেও পর্যটনকেন্দ্রিক নানা দুর্ঘটনায় প্রাণ গেছে। অনুসন্ধান ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, চলতি বছরেই হাওর ও আশপাশের জলপথে অগ্নিকাণ্ড, নৌযানের সংঘর্ষ, পানিতে ডুবে মৃত্যু এবং হাউসবোটের মেশিনে পড়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। ৫ জুন আট বছরের সৌম্যতা সরকারের মৃত্যু, ১০ জুন হাউসবোট ও মালবাহী নৌযানের সংঘর্ষে নৌশ্রমিক আমিন মিয়ার মৃত্যু এবং ২১ আগস্ট চলন্ত হাউসবোট থেকে পড়ে ১০ বছরের রুকাইয়া নূর নিখোঁজ হওয়ার ঘটনা নিরাপত্তার ত্রুটি স্পষ্ট করেছে। ২৭ আগস্ট টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পাশের মনাই নদীতে গোসল করতে নেমে প্রাণ হারান আব্দুল মাজেদ নামে এক পর্যটক। গত আট মাসে এ নিয়ে পর্যটনকেন্দ্রিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে।

তবে এটি কোনো পূর্ণাঙ্গ সরকারি হিসাব নয়। অনেক ঘটনায় অপমৃত্যুর মামলা হয় না, আবার স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের ঘটনাও রয়েছে। ফলে প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন।

নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন

নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নটি শুধু লাইফ জ্যাকেট আছে কি না, তা নয়Ñ সেটি ব্যবহার হচ্ছে কি না। প্রশাসনের নির্দেশনায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়া, অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি যোগাযোগব্যবস্থা এবং খারাপ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু শিশু, বয়স্ক ও সাঁতার না-জানা পর্যটকদের ক্ষেত্রে এসব নিয়ম কে নিশ্চিত করবেÑ যে তারা ঝুঁকি নিয়ে পানিতে নামছেন না? দুর্ঘটনার পর উদ্ধারব্যবস্থাই বা কতটা প্রস্তুত?

আবদুল মাজেদের মরদেহ উদ্ধারে স্থানীয়দের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। বিশাল জলভূমিতে নিখোঁজ ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা, দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার করা সহজ নয়। তাই দুর্ঘটনার পর তৎপরতার পাশাপাশি প্রয়োজন প্রশিক্ষিত লাইফগার্ড, দ্রুতগামী উদ্ধার নৌযান, প্রশিক্ষিত ডুবুরি এবং জরুরি চিকিৎসাসেবার কার্যকর ব্যবস্থা। দুর্ঘটনার পর উদ্ধার নয়, দুর্ঘটনা ঠেকানোই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার।

গত আগস্টে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরে হাউসবোট নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। নৌযানের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুট, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফবয়া, জরুরি যোগাযোগের তথ্য, বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈরী আবহাওয়ায় যাত্রা বন্ধ রাখার মতো নির্দেশনা দেওয়া হয়। ১০৭টি নিবন্ধন আবেদন জমা পড়ার তথ্যও পাওয়া গেছে।

কিন্তু এখানেই অনুসন্ধানের মূল প্রশ্ন: কতটি নৌযান বাস্তবে পরিদর্শন করা হয়েছে? কতটি নিবন্ধিত হয়েছে? কতটি নির্ধারিত নিরাপত্তা মান পূরণ করেছে? লাইফ জ্যাকেট থাকার পাশাপাশি সেগুলো যাত্রীদের পরানো হচ্ছে কি না? বর্জ্য ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা কে পরীক্ষা করছে? নির্দেশনা ভঙ্গ করলে কতটি নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? নিবন্ধন যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, তার নিশ্চয়তা কোথায়?

টাঙ্গুয়ার হাওর কি শুধুই পর্যটনকেন্দ্র

টাঙ্গুয়ার হাওর শুধু পর্যটনকেন্দ্র নয়। ১৯৯৯ সালে এটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে (ECA) ঘোষণা করা হয় এবং ২০০০ সালে রামসার সাইটের স্বীকৃতি পায়। প্রায় ১২ হাজার ৬৬৫ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত এই জলাভূমিতে ৫৪টি প্রধান বিল, ১৮টি মৌজা ও ৫১টি জলমহাল রয়েছে। এর জলাভূমি, মাছ, পাখি, জলজ উদ্ভিদ ও হিজল-করচের বন মিলেই গড়ে উঠেছে একটি সংবেদনশীল প্রতিবেশব্যবস্থা।

কিন্তু সেই সংবেদনশীল প্রতিবেশব্যবস্থার ওপর চাপ বাড়ছে নানা দিক থেকে। পর্যটনের মৌসুমে প্রতিদিন প্রায় দুই শতাধিক হাউসবোট ও নৌযান চলাচল করে। ইঞ্জিনের শব্দ, উচ্চশব্দে গান, নৌযানের ভিড়, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য, পানিতে পয়ঃবর্জ্য এবং সংবেদনশীল এলাকায় নৌযানের প্রবেশÑ সব মিলিয়ে পর্যটন হাওরের ওপর একটি দৃশ্যমান চাপ তৈরি করছে। তবে জীববৈচিত্র্য কমে যাওয়ার একমাত্র কারণ পর্যটন নয়; অবৈধ মাছ শিকার, আবাসস্থল ধ্বংস, জলাভূমিতে পলি জমা, অতিরিক্ত মাছ আহরণসহ আরও বহু চাপ এর সঙ্গে যুক্ত।

কমে যাচ্ছে পাখির সংখ্যা 

পাখির সংখ্যা কমে যাওয়া সেই সংকটের একটি দৃশ্যমান সূচক। ২০১৯ সালের শুমারিতে টাঙ্গুয়ার হাওরে ২০৮ প্রজাতির দুই লাখের বেশি পাখির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালে ৪৯ প্রজাতির ৪৩ হাজার ৫১৬টি পাখি গণনা করা হয়। ২০২৬ সালের শুমারিতে সেই সংখ্যা কমে প্রায় ২৩ হাজারে নেমে আসে। বাংলাদেশ বার্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ সীমান্ত দীপু বলেন, এই পতনের পেছনে একাধিক কারণ থাকলেও আবাসস্থলে মানুষের চাপ, পর্যটকবাহী নৌযান চলাচল, স্থানীয় চোরাশিকারিদের দৌরাত্ম্য ও অন্যান্য পরিবেশগত সংকটকে উপেক্ষা করার সুযোগ নেই।

হাওর তীরের সানুয়া জালোহাটি গ্রামের জেলে শিবু বর্মণের ভাষায়, একসময় বিলজুড়ে হাজার হাজার পাখির বিচরণ দেখা যেত। নৌকার বৈঠার শব্দে তারা ভয় পেত না; এখন ইঞ্জিনচালিত নৌযানের শব্দে সেই পরিবেশ বদলে গেছে। তার ভাষায়, আলংদুয়ার একসময় ছিল ‘চিতল মাছের খনি; এখন সেই মাছও নেই, বনও কমেছে।

হাওরের কেন্দ্রস্থলের গ্রাম জয়পুরের বাসিন্দা, পরিবেশকর্মী ও সাংবাদিক আহমদ কবিরের বক্তব্যও একই সংকটের দিকে ইঙ্গিত করে। তার মতে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইঞ্জিনচালিত নৌযানের চাপ কমানো জরুরি; বৈঠাচালিত নৌকা স্থানীয় মানুষের জীবিকা ও চলাচলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পরিবেশ ও হাওর উন্নয়নকর্মী এহিয়া সাজ্জাদ ২০০৮ সাল থেকে টাঙ্গুয়ার হাওরে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করছেন। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে একসময় বিপুলসংখ্যক গাছ লাগানো হলেও স্থানীয়ভাবে বন উজাড়, শিকার এবং অনিয়ন্ত্রিত পর্যটনের চাপ বাড়ছে। তার মতে, প্লাস্টিক ও মানববর্জ্য জলজ প্রতিবেশের জন্য গুরুতর সমস্যা তৈরি করছে।

পরিবেশ ও জলবায়ু লেখক আলম শাইন অবশ্য পর্যটন পুরোপুরি বন্ধের বদলে পরিবেশগত নিয়মের মধ্যে এনে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেন। অর্থাৎ সংকটের কারণ ও সমাধান নিয়ে মতভিন্নতা থাকলেও হাওরের ওপর চাপ বাড়ছেÑ এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্বেগ স্পষ্ট।

কতটুকু নজরদারি

হাওর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সুনামগঞ্জের জেলা প্রশাসন সূত্র বলছে, বিষয়টি তারা আমলে নিয়েছে। সম্প্রতি পর্যটকদের জন্য একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে নির্ধারিত নৌপথ ব্যবহার, লাইফ জ্যাকেট পরা, প্লাস্টিক ও বর্জ্য না ফেলা, উচ্চশব্দে গান না বাজানো, মাছ ধরা ও পাখি শিকার না করা, সংরক্ষিত এলাকায় প্রবেশ না করা এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়- এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে।

১১ সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ‘কমিউনিটি বেইজড ম্যানেজমেন্ট অব টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম’- প্রকল্পের নীতিগত সভায়ও টাঙ্গুয়ার হাওরের সংকট নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অতিরিক্ত পর্যটকের চাপ, অনিয়ন্ত্রিত সম্পদ আহরণ, অপরিকল্পিত ভূমি ব্যবহার এবং পলি জমে বিলের পানি ধারণক্ষমতা কমে যাওয়াকে হাওরের অবক্ষয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাঠপর্যায়ে প্রশাসনের কার্যকর উপস্থিতি, প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার ঠেকানো, কমিউনিটি গার্ড এবং হাউসবোট পরিচালনায় কঠোর পরিবেশগত বিধি প্রয়োগের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এখানে ‘কমিউনিটি ম্যানেজমেন্ট’ শব্দটির প্রকৃত অর্থ নিয়েও প্রশ্ন আছে। স্থানীয় জেলে, কৃষক, নৌকার মাঝি, হাওরপাড়ের বাসিন্দা এবং সম্পদনির্ভর জনগোষ্ঠী যদি শুধু পরামর্শদাতা হন, কিন্তু হাওরের ব্যবহার, পর্যটন, নৌযান চলাচল ও সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্তে তাদের কার্যকর ভূমিকা না থাকে, তাহলে কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনা কতটা অর্থবহ হবে? হাওরের মানুষকে ব্যবস্থাপনার অংশীদার করার পাশাপাশি তাদের বাস্তব সিদ্ধান্তক্ষমতাও নিশ্চিত করতে হবে।

টাঙ্গুয়ার হাওরে তাই এখন শুধু নতুন নিয়মের প্রয়োজন নেই; প্রয়োজন বিদ্যমান নিয়মের বাস্তব প্রয়োগ। নিবন্ধন আছে- কিন্তু পরিদর্শন কতটা? লাইফ জ্যাকেট আছে কিন্তু ব্যবহার কতটা? নিষেধাজ্ঞা আছে কিন্তু প্রয়োগ কতটা? পরিবেশবিধি আছে কিন্তু নজরদারি কতটা? আর কমিউনিটি ম্যানেজমেন্ট আছে কিন্তু স্থানীয় মানুষের সিদ্ধান্তক্ষমতা কতটা?

টাঙ্গুয়ার হাওরের সাফল্য পর্যটকের সংখ্যা দিয়ে মাপার সময় শেষ হয়েছে। সাফল্যের মাপকাঠি হওয়া উচিত- পর্যটক নিরাপদে ফিরছেন কি না, নৌযান নিয়ম মানছে কি না, বর্জ্য হাওরে পড়ছে কি না, পাখি ও মাছের আবাসস্থল টিকে আছে কি না এবং হাওরপাড়ের মানুষ নিজেদের জলাভূমি ব্যবস্থাপনায় কতটা কার্যকর সিদ্ধান্ত নিতে পারছেন।

সুন্দরবনের পর দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর শেষ পর্যন্ত একটি জলাভূমির প্রশ্নের চেয়েও বড় কিছু। এটি রাষ্ট্রের নজরদারি, জননিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় মানুষের অধিকারÑ সবকিছুর পরীক্ষা। নিয়মের তালিকা যত দীর্ঘই হোক, মাঠে তার প্রয়োগ না হলে সেই নিয়ম হাওরকে রক্ষা করতে পারবে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা