× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপবাদ ও অভাব মোচনের লড়াই

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯ পিএম

বাঘ বিধবাদের জীবনসংগ্রাম

বাঘ বিধবাদের জীবনসংগ্রাম

সুন্দরবনের গহিনে ভোরের আলো ফোটেনি তখনও। নোনা জলের গন্ধ আর গহিন ম্যানগ্রোভের গা-ছমছমে নীরবতা ঠেলে জীবিকার তাগিদে বনে নামেন উপকূলের অদম্য মানুষগুলো। কিন্তু এই ঘন বনের অপরূপ সৌন্দর্যের আড়ালেই ওত পেতে থাকে আস্ত এক মৃত্যু- রয়েল বেঙ্গল টাইগার। সরকারি হিসাব ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলায় বর্তমানে অন্তত ১৬৫ জন ‘বাঘ বিধবা’ নারী রয়েছেন। সুন্দরবনের বাঘের থাবায় স্বামীদের হারিয়ে এই নারীরা কেবল স্বজন হারানোর শোকেই দগ্ধ হননি; বরং সমাজ ও স্বজনদের দেওয়া ‘অপয়া’ কিংবা ‘অমঙ্গলে’র অভিশাপ মাথায় নিয়ে একঘরে হয়ে বেঁচে থাকার নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েছেন।

তবে সমাজ ও স্বজনদের দেওয়া সমস্ত অপবাদ, অবহেলা আর চরম অভাব জয় করে সন্তানদের শিক্ষিত করে তোলার অনন্য এক জয়গাথা রচনা করেছেন কয়রার এক অদম্য মা। আর তার মতোই অপর এক বাঘ বিধবাও প্রমাণ করেছেন, তীব্র ইচ্ছাশক্তি থাকলে সুন্দরবনের অমানিশা ঠেলে ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব।

২০১২ সালে বাঘের আক্রমণে হঠাৎ স্বামী হারান কয়রার উত্তর বেদকাশীর এক নারী। তিন সন্তানকে নিয়ে অথৈ সাগরে পড়ে চারদিকে অন্ধকার দেখছিলেন তিনি। সীমাহীন সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, স্বামী যখন চলে গেলেন, মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু হাল ছাড়িনি। পেটে ক্ষুধা চেপে অন্যের বাড়ি কাজ করেছি, মাটির কাজ করেছি, আর রাতের পর রাত সেলাই মেশিন চালিয়েছিÑ শুধু সন্তানদের মানুষ করব বলে।

ভিটেমাটি বলতে তার কেবল এক শতক জায়গা রয়েছে। কিন্তু চরম অভাবেও সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে দেননি। দিনমজুরি করে বড় মেয়েকে এইচএসসি ও ছোট মেয়েকে অনার্স পড়িয়ে বিয়ে দিয়েছেন। আর তার ছোট ছেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছে।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, নিজের রক্ত পানি করে সন্তানদের বড় করেছি। আগে অন্যের বাড়িতে কাজ করেছি, ছেলেমেয়েদের নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি, তারপরও ওদের লেখাপড়া করিয়েছি। আজ সন্তানরা শিক্ষিত হয়েছে, এটাই আমার সম্পদ, আমার শান্তি।

২০০৭ সালে সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাঘের শিকার হন কয়রার মহারাজপুরের এক গৃহবধূর স্বামী। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে নেমে আসে নির্যাতন। অবশেষে এক বছরের কন্যাসন্তানকে বুকে জড়িয়ে ভিটেমাটি ছেড়ে শহরে পাড়ি জমান। পরবর্তীতে কচুশাক বিক্রি ও বিভিন্ন হোটেলে ১০ বছর রান্নার কাজ করে মেয়েকে মানুষ করেন তিনি। শত বাধা পেরিয়ে কয়রার বাবু নিরঞ্জন ডাক্তার সড়কে একটি চায়ের দোকান দিয়ে আজ তিনি পুরোপুরি স্বাবলম্বী।

তবে এই দুই নারীর মতো দু-একজন ভাগ্য ফেরাতে পারলেও কয়রার সিংহভাগ বাঘ বিধবার জীবন আজও অনিশ্চিত। উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এনজিওগুলো সাময়িক ত্রাণ বা প্রশিক্ষণ দিলেও স্থায়ী সমাধান হয় না। এদের দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে সরকারি টেকসই কর্মসংস্থান জরুরি।

বাঘ বিধবাদের নিয়ে উপকূলে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডির সভাপতি আশিকুজ্জামান বলেন, আমরা ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে যতটুক সম্ভব কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তবে সরকারি ও বেসরকারি বৃহৎ সংস্থাগুলো আরও বড় পরিসরে এগিয়ে না এলে এই বিশাল জনগোষ্ঠীর মুক্তি সম্ভব নয়। কয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাঘ বিধবাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বিভিন্ন সরকারি ভাতা ও সহায়তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের টেকসই পুনর্বাসনে সরকারি পর্যায়ে বিশেষ কর্মসংস্থান প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট’ (আইসিডি)-র বাস্তবায়নে এবং ‘LKMBI’-এর অর্থায়নে কয়রার অদম্য এই নারীদের সেলাই মেশিন ও দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

১৬৫ জন বাঘ বিধবার অবহেলা আর করুণ জীবনগাথার মাঝে এই অদম্য নারীরা উপকূলের মাতৃত্বের প্রতীক। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ পেলে এই নারীরা সমাজ থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে নিজেদের ভাগ্যের চাকা সম্পূর্ণরূপে ঘোরাতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা