× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেলনা জিনিসেই দিন গুজরান

রফিকুল ইসলাম সান, বেড়া-সাঁথিয়া (পাবনা)

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৩ পিএম

ফেলনা জিনিসেই দিন গুজরান

ফেলনা জিনিসেই দিন গুজরান

অন্যের চোখে যা পুরনো, অচল কিংবা ফেলে দেওয়ার মতো, সেটিই মো. আজম আলীর কাছে জীবিকার পুঁজি। ভোর হলেই ভ্যানের সঙ্গে মাইক বেঁধে বেরিয়ে পড়েন তিনি। বেড়া পৌর এলাকার ছোট পায়না মহল্লার এই বাসিন্দা পাড়া-মহল্লার বাড়ি বাড়ি ঘুরে পুরনো টিন, ভাঙা লোহা, তার, প্লাস্টিক ও অচল বৈদ্যুতিক সামগ্রী কেনেন। মাত্র ৮০০ থেকে ১ হাজার টাকার ভাঙারি কিনে দিন শেষে বিক্রি করে যে লাভ হয়, তা দিয়েই চলে সংসার। 

আজম আলীর মতো বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় কয়েকশ মানুষ ভাঙারি সংগ্রহ ও বেচাকেনার সঙ্গে জড়িত। ভ্যানের সাথে মাইক বেঁধে নিয়ে তারা প্রতিদিন বেড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি থেকে পুরনো ও পরিত্যক্ত মালামাল সংগ্রহ করেন। দিন শেষে এসব মালামাল বিক্রি করেন বেড়া পৌর এলাকার মোহনগঞ্জসহ বিভিন্ন আড়তগুলোতে। আর এ আয়েই চলে তাদের সংসার।

পাবনার বেড়ায় এখন জমে উঠেছে ভাঙারি ব্যবসা। পুরনো লোহা, টিন, অ্যালুমিনিয়াম, তামা, প্লাস্টিক, তার, ভাঙা যন্ত্রপাতি ও অচল বৈদ্যুতিক সরঞ্জামকে ঘিরে গড়ে উঠেছে এই ব্যবসা। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন উপজেলার কয়েকশ মানুষ। কেউ পাড়া মহল্লার বাড়ি বাড়ি ঘুরে ভাঙারি সংগ্রহ করেন, কেউ মালামাল বাছাই ও মজুদ করেন। আবার কেউ পরিবহন, ওজন ও পাইকারি কেনাবেচার কাজ করেন।

সরেজমিন দেখা যায়, একসময় বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ মহল্লার ১০-১২টি ভাঙারি পাইকারি আড়ত কেন্দ্রিক ছিল এ ব্যবসা। সময়ের সঙ্গে এর পরিধি বাড়তে থাকে। বর্তমানে হাটুরিয়া, নাকালিয়া, রাকসা বাজার ও নগরবাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক ভাঙারি পাইকারি প্রতিষ্ঠান। এসব আড়তে বেড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে নিয়ে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতিটি আড়তে গড়ে ১৫ থেকে ২০ জন শ্রমিক ও কর্মচারী কাজ করেন। এতে বাড়ি বাড়ি ভাঙারি সংগ্রহকারী ছাড়াও আড়তের শ্রমিক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ।

শুধু বেড়া উপজেলাই নয়, সাঁথিয়া, শাহজাদপুর, ভাঙ্গুড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ভাঙারি মালামাল আসে মোহনগঞ্জসহ বিভিন্ন আড়তে। ফলে একসময় ছোট পরিসরে চলা এ ব্যবসা এখন স্থানীয় অর্থনীতির একটি অংশ হয়ে উঠেছে। বাড়ির কাছে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস যেমন মানুষের হাতে নগদ অর্থ এনে দিচ্ছে, তেমনি এসব মালামাল পুনঃপ্রক্রিয়াজাত হয়ে আবার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ভাঙারি পণ্যের দাম নির্ভর করে ধরন, মান ও বাজারদরের ওপর। লোহা, তামা, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের দাম এক নয়। আবার বাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তনের সঙ্গে দামও ওঠানামা করে। ফলে ভাঙারি ব্যবসার সঙ্গে পণ্য বাছাই, মান যাচাই, ওজন, পরিবহন ও বাজারদরের হিসাব-নিকাশও জড়িত।

বেড়ার আড়তগুলো থেকে ভাঙারি মালামাল চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, মালামালের ধরন ও মান অনুযায়ী এগুলো সাভার, ঢাকার শ্যামপুরসহ বড় বাজারগুলোতে পাঠানো হয়। পরে সেগুলো বিভিন্ন শিল্পকারখানা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে যায়। পুরনো লোহা, তামা, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এভাবেই ফেলে দেওয়া সামগ্রী আবার উৎপাদনের কাজে ফিরে আসে।

এই ব্যবসার সঙ্গে শুধু ভাঙারি সংগ্রহকারীরাই নন, আরও অনেকে যুক্ত রয়েছেন। কেউ ভ্যান চালান, কেউ আড়তে মাল বাছাই করেন, কেউ ওজন করেন। আবার কেউ গুদামে মালামাল সংরক্ষণ ও পরিবহনের কাজ করেন। ছোট ব্যবসায়ীরা অনেক সময় কম দামে মাল কিনে জমিয়ে রাখেন এবং পরে পাইকারদের কাছে বিক্রি করেন। সব মিলিয়ে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বড় কর্মসংস্থানের ক্ষেত্র।

বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ মহল্লার আড়তদার ‘আলহাজ মো. লাল মিয়া বলেন, বেড়া ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক ও লরিতে করে লোহা, টিন, তারসহ নানা ধরনের ভাঙারি তার আড়তে আসে। পণ্যের ধরন ও মান অনুযায়ী দাম নির্ধারণ করে তিনি এসব মালামাল কিনে বাছাই করেন। পরে সাভার, শ্যামপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকার বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি লোহা ৪৭ টাকা ও টিন ৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিলন মাহমুদ বলেন, ‘ভাঙারি বাছাইয়ের সময় ধারালো লোহা, কাঁচ ও মরিচাধরা টিনে কেটে গিয়ে শ্রমিকদের আহত হওয়ার ঝুঁকি রয়েছে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করায় এ ঝুঁকি আরও বাড়তে পারে।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা