জাপানে এক অনন্য শিল্প ইকেবানা। ছবি: সংগৃহীত
শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কখনও প্রিয়জনের স্মৃতিতে, আবার কখনও জীবনের আনন্দ-বেদনার প্রতীক হিসেবে ফুল মানুষের সংস্কৃতি ও অনুভূতির সঙ্গে মিশে গেছে। জাপানে এই ফুলের ভাষাই একসময় রূপ নিয়েছিল এক অনন্য শিল্পেÑ ইকেবানা। পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই শিল্পে শুধু ফুল সাজানো হয় না; ফুল, পাতা ও ডালের বিন্যাসের মধ্য দিয়ে প্রকৃতি, সময়, জীবন ও মানুষের অন্তর্গত অনুভূতিকে প্রকাশ করা হয়।
ইকেবানা মূলত জাপানি ফুল সাজানোর ঐতিহ্যবাহী শিল্প। এর অন্যতম প্রাচীন ধারা ইকেনোবো, যার শিকড় বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। সময়ের সঙ্গে এই শিল্প জাপানের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইকেবানার একটি ঐতিহ্যবাহী বিন্যাস হলো ‘শোকা শোফুতাই’। এতে ফুল, পাতা ও ডালকে প্রকৃতিতে তাদের স্বাভাবিক অবস্থার মতো করে সাজানোর চেষ্টা করা হয়। কোনো ডাল যেন সূর্যের আলোর দিকে এগিয়ে যাচ্ছে, কোনোটি যেন বাতাসের ধাক্কায় সামান্য বেঁকে আছেÑ এভাবেই প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যকে ছোট্ট একটি ফুলদানির মধ্যে তুলে ধরা হয়। এই বিন্যাসের বিশেষত্ব হলো, এতে ফুলের সৌন্দর্যের পাশাপাশি মানুষের জীবনের বিভিন্ন পর্যায়কেও প্রতীকীভাবে প্রকাশ করা হয়। এর তিনটি প্রধান উপাদানÑ শিন, সোয়ে ও তাই।
শিন হলো সবচেয়ে উঁচু উপাদান। এটি প্রথমে সাজানো হয় এবং মানুষের মূল সত্তার প্রতীক হিসেবে আকাশের দিকে উঠে থাকে। এরপর থাকে সোয়ে। শিনের প্রায় দুই-তৃতীয়াংশ উচ্চতার এই উপাদানটি একপাশে রাখা হয়। এটি ফুলের নিজস্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করে। কখনও এর কিছু পাতা সামান্য বিবর্ণ রাখা হয়, যা জীবনের পরিণত বা শেষের দিকের পর্যায়ের প্রতীক। তৃতীয় উপাদানটি ভবিষ্যৎকে নির্দেশ করে। সদ্য ফোটা ফুল কিংবা নতুন জন্ম নেওয়া ছোট পাতার মতো উপাদান এখানে ব্যবহার করা হয়। অর্থাৎ জন্ম, বিকাশ ও ভবিষ্যতের সম্ভাবনাও ফুলের বিন্যাসে জায়গা করে নেয়।
ইকেবানার সৌন্দর্য এখানেইÑ একটি ছোট ফুলদানির মধ্যে যেন জীবনের দীর্ঘ গল্প বলা হয়। ফুল ফোটে, সৌন্দর্য ছড়ায়, ধীরে ধীরে বিবর্ণ হয়; আবার নতুন কুঁড়ি জন্ম নেয়। এই চক্রের মধ্যেই ইকেবানা মানুষের জীবনকে দেখতে শেখায়। ইকেনোবো স্কুলের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত সেনকো ইকেনোবোর মতে, ইকেবানা মূলত সৃষ্টিশীল ব্যক্তি ও ফুলের মধ্যকার সম্পর্কের শিল্প।