পাকুন্দিয়ার পানের হাট
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের পাটমহাল এলাকায় পানের হাটে ভোরের ব্যস্ততা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে রাতের আবহের রেশ। ফজরের আজান শেষ হতে না হতেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের পাটমহাল এলাকায় শুরু হয় ব্যস্ততা। বাজারের অন্য অংশ তখনও অনেকটা নীরব। অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ। অথচ পাটমহালের পানের হাটে তখন যেন অন্য এক দৃশ্য। জমে ওঠে ক্রেতা-বিক্রেতার ভিড়। কারও হাতে পানের বিরা, কারও কাঁধে ঝুড়ি, কেউ আবার মাথায় করে নিয়ে আসছেন পানবরজ থেকে সদ্য তোলা পান।
একদিকে কৃষক ও পাইকারের দরকষাকষি, অন্যদিকে পান পরিবহনের ব্যস্ততাÑ সব মিলিয়ে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার জন্য পাটমহাল পরিণত হয় এক বিশাল বাণিজ্য কেন্দ্রে। কেউ অটোরিকশায়, কেউ সিএনজিতে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ টমটম, ভ্যান ও বাইসাইকেলে করে পান নিয়ে আসছেন। সকাল গড়ানোর আগেই শেষ হয়ে যায় মূল বেচাকেনা। সপ্তাহের শনি ও বুধবার বসে এই পানের হাট। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের হিসাবে, প্রতি হাটে প্রায় ১ কোটি টাকার পান কেনাবেচা হয়। শীত মৌসুমে পানের চাহিদা ও দাম বাড়লে লেনদেন প্রায় দেড় কোটি টাকায় পৌঁছে। তবে উপজেলা কৃষি অফিসের হিসাবে, প্রতি হাটে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার পান বিক্রি হয়। এখান থেকে কেনা পান যাচ্ছে ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, ভৈরব, কটিয়াদী, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে। পাকুন্দিয়ার বিভিন্ন এলাকা ঘুরে পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দরদরা, বরাটিয়া, হিজলীয়া, লক্ষ্মীয়া, নামালক্ষ্মীয়া, সৈয়দগাঁও, হোসেন্দী চরপাড়া, মির্জাপুর ও বাহাদিয়াসহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে পান চাষ হয়ে আসছে।
হিজলীয়া গ্রামের পানচাষি এমএস আল মামুন বলেন, আমার বাবা পান চাষ করেছেন, দাদাও করেছেন। বংশপরম্পরায় আমরাও এই চাষ করে আসছি। আমার মতো গ্রামের আরও অনেক কৃষকের পানবরজ রয়েছে। পান চাষের আয় দিয়েই আমাদের সংসার চলে। নামালক্ষ্মীয়া গ্রামের পানচাষি শাহিদ মিয়া বলেন, আমার বাবা পাকিস্তান আমল থেকেই পান চাষ করতেন। এই পান চাষের আয় দিয়েই বাবা আমাদের সব ভাইবোনকে পড়ালেখা করিয়েছেন। পানচাষি নিজাম উদ্দিন বলেন, আগে জমিতে ধান চাষ করতাম। কিন্তু ধান চাষ করে খরচের তুলনায় লাভ খুবই কম হতো। পরে পান চাষ শুরু করি। রোগবালাই দেখা দিলে আমরা কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ নিই।
কটিয়াদীর গচিহাটা থেকে আসা পাইকার হাবিবুর রহমান বলেন, প্রায় ১০-১৫ বছর ধরে পাকুন্দিয়ার এই হাট থেকে পান কিনছি। এখানকার পানের মান ভালো এবং বিভিন্ন জাতের পান পাওয়া যায়। পাকুন্দিয়া মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, পাকুন্দিয়া বাজারের পানবাজারটি দীর্ঘদিনের ঐতিহ্য। এ বাজার ঘিরে অনেক পানচাষি ও ব্যবসায়ী জীবিকা নির্বাহ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম বলেন, পাকুন্দিয়া উপজেলায় প্রায় ৬৫ হেক্টর জমিতে পান আবাদ হচ্ছে। এখানে মূলত লালডিঙি ও বয়াসুর জাতের পান চাষ করা হয়। এর মধ্যে আকারে বড় ও পুরু হওয়ায় লালডিঙি পান কৃষক ও ভোক্তা কাছে বেশ জনপ্রিয়। নূর-ই-আলম বলেন, নিরাপদ পান উৎপাদনে কৃষকদের সচেতন করতে আমরা ইতোমধ্যে কয়েকটি কৃষক সমিতি গঠন করেছি।