রওনক জাহান পুষ্প
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২ পিএম
শাড়ি পরার আগে
আলমারি থেকে শাড়িটা বের করলেন। ভাঁজ খুলতেই রঙটা ঝলমল করে উঠল। মনটা খুশি, কিন্তু ভেতরে একটু দুশ্চিন্তাও, কুচি ঠিকঠাক বসবে তো? আঁচল কি সারাদিন কাঁধে থাকবে? এই ভয় খুব চেনা। যারা নিয়মিত শাড়ি পরেন না, প্রথমবার প্রায় সবারই এমন লাগে। তবে শাড়ি পরার কৌশল শেখার আগেই অর্ধেক কাজ সেরে ফেলা যায়, শুধু কয়েকটা জিনিস আগে থেকে গুছিয়ে রাখলেই।
পেটিকোট: শাড়ির আসল ভিত
পেটিকোটই শাড়িকে কোমরে ধরে রাখে, কুচি রাখে নিজের জায়গায়। তাই আপনার কোমরের মাপে ঠিকঠাক একটা বেছে নিন। ঢিলা হলে হাঁটতে গিয়ে শাড়ি নেমে যাবে, আর বেশি টাইট হলে কিছুক্ষণ পরেই অস্বস্তি শুরু হবে। কোমরে আরাম করে বসবে, অথচ চলাফেরায় বাধা দেবে না, এমনটাই চাই।
ব্লাউজের ফিটিংও জরুরি
ব্লাউজ মানে শুধু রঙ মেলানো নয়। ফিটিং ঠিক থাকলে শাড়ি শরীরে অনেক সুন্দর হয়ে বসে। বেশি ঢিলা বা টাইট হলে পুরো সাজের ভারসাম্যই নষ্ট হয়ে যায়। সিল্ক শাড়িতে ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক কাটের ব্লাউজও দারুণ মানায়। চাইলে সিল্ক শাড়ি ব্লাউজ ব্যাক ডিজাইন দেখে নিজের শাড়ির সঙ্গে মানানসই নকশা বেছে নিতে পারেন। স্লিভলেস বা ফিল স্লিভ, হাতা-গলায় ডিজাইন, লেস-এপ্লিক অথবা সুঁই-সুতোর কাজ, আজকাল অনেক রকমেরই অপশন থাকে, বেছে নিন নিজের পছন্দমতো।
জুতা ঠিক করুন আগে
অনেকে শাড়ি পরার পর জুতার কথা ভাবেন। কিন্তু হিল পরবেন, নাকি ফ্ল্যাট, তার ওপরই নির্ভর করে শাড়ি কতটা লম্বা থাকবে। তাই জুতা আগেই ঠিক করে নিন। হিল পরলে শাড়ি মাটি থেকে একটু ওপরে থাকে, গড়নও লম্বা দেখায়। তবে বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজনে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কাটবে, সেখানে ফ্ল্যাট বা কম হিলের জুতাই ভরসা। সৌন্দর্যের পাশাপাশি আরামকেও গুরুত্ব দিন।
সেফটি পিন থাকুক হাতের কাছে
কুচি ধরে রাখা বা আঁচল কাঁধে স্থির রাখার জন্য কয়েকটা সেফটি পিন খুব কাজে আসে। তবে পিন যত কম, তত ভালো। বেশি পিন লাগালে শাড়ির স্বাভাবিক ঢেউ নষ্ট হয়, আর হালকা কাপড়ে ছোট ছোট ছিদ্রও পড়তে পারে। যেখানে সত্যিই দরকার, শুধু সেখানেই ব্যবহার করুন।

বাজারে শাড়ির জন্য কিছু প্যাঁচ ছাড়া সেফটিপিন পাওয়া যায়, ব্যবহার করতে পারেন সেগুলো, আবার ছোট্ট এক টুকরা কাগজ পিনে গেঁথে নিলেও শাড়ি ছিদ্র হবার ভয় কমে যায়।
কাপড় বাছুন ভেবেচিন্তে
একই নকশার শাড়ি ভিন্ন কাপড়ে একেবারে অন্যরকম দেখায়। কাপড়ের ধরনই ঠিক করে দেয় শাড়ি শরীরে কেমন লাগবে। তাই নতুনদের জন্য শুধু রঙ আর ডিজাইন নয়, কাপড়ের দিকেও নজর দেওয়া দরকার।
সুতি আর জর্জেট সাধারণত সামলানো সহজ। এসব কাপড়ে কুচি করা ও আঁচল গোছানো অনেকের কাছেই তুলনামূলক সহজ লাগে। সিল্ক বা অর্গানজায় একটু বাড়তি যত্ন লাগে, আর ভারী কাপড়ে কুচি ঠিক রাখা বা আঁচল সামলানো আরও কঠিন হতে পারে।
তাই বলে নতুনরা সিল্ক পরতে পারবেন না, তা নয়। একটু অনুশীলন করে নিলে কাতান চাঁদেরি সিল্ক শাড়ি কিংবা কাতান সিল্ক শাড়িও সুন্দর করে পরা যায়। এসব শাড়ির নিজস্ব টেক্সচার আর ড্রেপ সাজে এমন এক ঐতিহ্যের ছোঁয়া আনে, যা অন্য কিছুতে পাওয়া কঠিন।
নিজের গড়ন আর স্বাচ্ছন্দ্যের কথাও ভাবুন
একই শাড়ি সবার শরীরে একইভাবে বসে না। কাপড়ের ওজন, পাড়ের ধরন, প্রিন্ট আর ড্রেপ মিলেই শাড়ির লুক তৈরি হয়। হ্যান্ডলুমের শাড়ি আবার অন্য কাপড়ের চেয়ে আলাদাভাবে শরীরে বসে। তাই অভিজ্ঞতা কম থাকলে প্রথমেই খুব ভারী শাড়ি না নিয়ে সহজ কিছু দিয়ে শুরু করুন। আত্মবিশ্বাস এলে ধীরে ধীরে অন্যগুলোয় যাওয়া যাবে।
পেটিকোট, ব্লাউজ, জুতা আর সেফটি পিন সব এক জায়গায় গুছিয়ে রাখুন। আয়নার সামনে যথেষ্ট জায়গা থাকলে সুবিধা হয়। প্রথমবার হলে তাড়াহুড়ো না করে আগে কয়েকবার কুচি করে হাত পাকিয়ে নিন।
সুন্দর করে শাড়ি পরার জন্য শুধু শাড়ি সুন্দর হলেই চলে না। সঠিক প্রস্তুতি, উপযুক্ত কাপড় আর একটু অনুশীলনÑ এই তিনটেই সমান জরুরি। একবার হাতের কৌশল আয়ত্তে এলে কুচি থেকে আঁচল, সবই ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আর নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য মেনে শাড়ি বাছলে সাজের সঙ্গে আত্মবিশ্বাসও যোগ হবে।