গবেষণায় দেখা গেছে, ভয়ংকর এই শিকারি ডাইনোসরের শরীরের তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রার কাছাকাছি। ছবি: সংগৃহীত
কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো টাইরানোসরাস রেক্সকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশালাকার এই শিকারি ডাইনোসর কতটা উষ্ণ ছিল, কীভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতÑ এসব প্রশ্নের উত্তর খুঁজে আসছেন বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে। এবার জীবাশ্ম হয়ে যাওয়া দাঁতের রাসায়নিক সংকেত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা টি-রেক্সের দেহের তাপমাত্রা সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, ভয়ংকর এই শিকারির শরীরের তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রার কাছাকাছি।
একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল, ডাইনোসর ছিল ধীরগতির ও শীতল রক্তের প্রাণী। তবে পরবর্তী গবেষণায় সেই ধারণা বদলে যায়। বিভিন্ন প্রমাণ থেকে বিজ্ঞানীরা জানতে পারেন, অনেক ডাইনোসর ছিল উষ্ণ রক্তের এবং তারা নিজেদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারত।
বিজ্ঞানীদের বড় একটি অংশ মনে করে, টাইরানোসরাস রেক্স বা টি-রেক্সও উষ্ণ রক্তের প্রাণী ছিল। তবে বিলুপ্ত কোনো প্রাণীর দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নির্দিষ্টভাবে জানা সহজ নয়। কারণ জীবন্ত প্রাণীর মতো এর শরীরে থার্মোমিটার ব্যবহার করার কোনো সুযোগ নেই। গবেষকদের মতে, দাঁতের এনামেলে থাকা পরমাণুগুলো প্রাণীর দেহের তাপমাত্রার ওপর নির্ভর করে নির্দিষ্ট ধরনের বিন্যাসে একত্রিত হয়। সেই বিন্যাস বিশ্লেষণ করে প্রাণীটির দেহের তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। গবেষণায় টি-রেক্সের তিনটি দাঁত পরীক্ষা করা হয়। এতে দেহের তাপমাত্রা গড়ে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। আধুনিক হাতির দেহের তাপমাত্রার সঙ্গে এই তাপমাত্রার মিল রয়েছে। একই সঙ্গে মানুষের গড় দেহের তাপমাত্রা সাধারণত ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের ভূরসায়নবিদ এবং গবেষণার সহলেখক অরাধনা ত্রিপাঠি বলেন, বিজ্ঞানীরা সবচেয়ে পরিচিত প্রাণী টি-রেক্স কতটা উষ্ণ ছিল, তা নির্ণয় করতে পেরেছেন। গবেষণার ফলাফল বুধবার সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।