পৃথিবীর নদীগুলোর প্রকৃত আচরণ সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণায় বড় পরিবর্তন আনছে সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি বা এসডব্লিউওটি উপগ্রহ। ছবি: সংগৃহীত
পৃথিবীর নদীগুলোর প্রকৃত আচরণ সম্পর্কে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণায় বড় পরিবর্তন আনছে সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি বা এসডব্লিউওটি উপগ্রহ। প্রায় চার বছর ধরে কক্ষপথে থাকা এই উপগ্রহ একই সঙ্গে নদীর পানির উচ্চতা ও জলভাগের বিস্তৃতি পরিমাপ করতে পারছে। ফলে কোথায় নদীর স্বাভাবিক প্রবাহ বদলে গেছে, কোথায় বাঁধ বা সেচব্যবস্থার প্রভাব পড়েছে এবং কোথায় প্রচলিত জলবিজ্ঞান মডেল বাস্তবতার সঙ্গে মিলছে না, তা আরও স্পষ্ট হচ্ছে।
গবেষকদের মতে, নদীর পরিবর্তনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেচ, বাঁধ, জলাধার ও পানির ব্যবস্থাপনা বিশ্বজুড়ে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে দিচ্ছে। এসডব্লিউটির তথ্য তাই শুধু নদী পর্যবেক্ষণের নতুন জানালা খুলছে না, বরং ভবিষ্যতের বন্যা ও পানিসম্পদ ব্যবস্থাপনার মডেলকেও নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করছে।
ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয়ের জলবিজ্ঞানী কলিন গ্লিসনের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় প্রায় ৬৮ হাজার নদীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, বিশ্বের অধিকাংশ নদী প্রচলিত সরল ও আদর্শ নদী খাতের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে চীন, আর্কটিক অঞ্চল এবং শুষ্ক এলাকাগুলোর নদীর আচরণ প্রচলিত মডেলগুলো ঠিকভাবে ধরতে পারছে না। এসডব্লিউটি পৃথিবীর অধিকাংশ স্থান ১১ দিন পরপর পর্যবেক্ষণ করতে পারে এবং ৩০ মিটার পর্যন্ত প্রশস্ত নদী ও হ্রদও শনাক্ত করতে পারে। রাডার প্রযুক্তির মাধ্যমে এটি পানির পৃষ্ঠের উচ্চতা ও বিস্তৃতি একসঙ্গে পরিমাপ করে। বন্যার পূর্বাভাসেও এর তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গবেষকরা দেখিয়েছেন, এসডব্লিউটির তথ্য ব্যবহার করে তৈরি বৈশ্বিক বন্যা মডেল নদীর তলদেশের সোনার জরিপ ভিত্তিক মডেলের কাছাকাছি নির্ভুলতা দিতে পারে। এ ছাড়া এসডব্লিউটি নদীতে আকস্মিক প্রবাহ-তরঙ্গ, সমুদ্রের জোয়ারের পানি উজানে প্রবেশ এবং জলাভূমির পরিবর্তনও শনাক্ত করছে। এক গবেষণায় ৫১ হাজারের বেশি নদী শাখা বিশ্লেষণ করে ১ লাখ ৬৫ হাজার কিলোমিটারের বেশি নদীতে জোয়ারের প্রভাব পাওয়া গেছে।