অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৯ এএম
জ্যোতির্পদার্থবিদ্যায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি গবেষক মুস্তাফা মুহিবুল্লাহ। ছবি: সংগৃহীত
মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে জ্যোতির্পদার্থবিদ্যায় এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি গবেষক মুস্তাফা মুহিবুল্লাহ। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘Center for Astrophysics (CfA) & Harvard & Smithsonian’-এর যৌথ অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে নতুন একশ্রেণির মহাজাগতিক বস্তু, যার নাম দেওয়া হয়েছে Hypersoft X-ray Sources (HSS)। এই আন্তর্জাতিক গবেষণা দলের নেতৃত্বে ছিলেন কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুলের ২০০৭ ব্যাচের মেধাবী ছাত্র মুস্তাফা মুহিবুল্লাহ। রুয়েট থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। এই গবেষণায় তার পরামর্শক হিসেবে ছিলেন পিএইচডি সুপারভাইজার ড. জিমি আরউইন এবং CfA-এর ড. রোজান ডি স্টেফানো।
গবেষক মুস্তাফা মুহিবুল্লাহ জানান, নাসার বিখ্যাত Chandra X-ray Observatory-এর সংরক্ষিত দীর্ঘদিনের তথ্য বিশ্লেষণ করে মোট ৬টি গ্যালাক্সিতে ৮৪টি HSS উৎস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরের Andromeda (M31) গ্যালাক্সিতে ২১টি HSS এবং প্রায় ২ কোটি ১০ লাখ আলোকবর্ষ দূরে সর্পিল আকৃতির Pinwheel Galaxy (M101) গ্যালাক্সিতে ৭টি উৎস পাওয়া গেছে।
এই মহাজাগতিক বস্তু কেন এতদিন অদৃশ্য ছিলÑ জানতে চাইলে তিনি বলেন, HSS অত্যন্ত কম শক্তির এক্স-রে বিকিরণ করে, যা সাধারণ প্রযুক্তিতে শনাক্ত করা অত্যন্ত কঠিন। জ্যোতির্বিজ্ঞানে এর প্রভাব সম্পর্কে তিনি বলেন, HSS একক কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো মূলত দ্বৈত নক্ষত্রব্যবস্থা : শ্বেত বামন, নিউট্রন স্টার কিংবা কৃষ্ণ গহ্বর সমৃদ্ধ দুটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত ব্যবস্থা; যা একে অপরকে কেন্দ্র করে ঘোরে। এ ছাড়া Type Ia Supernova-এর পূর্বসূরি জ্যোতির্পদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের প্রশ্ন ছিলÑ টাইপ ওয়ানে সুপারনোভা বিস্ফোরণের আগের নক্ষত্রব্যবস্থা ঠিক কেমন হয়? HSS আবিষ্কারের মাধ্যমে সেই অজানা অধ্যায়ের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। HSS থেকে আসা শক্তিশালী EUV বিকিরণ গ্যালাক্সির আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করে গ্যাস আয়নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার এই আবিষ্কারে কেপিএম স্কুলের ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মুস্তাফা মুহিবুল্লাহ আমাদের ব্যাচের অত্যন্ত মেধাবী ও অনন্য একজন ছাত্র ছিলেন। তার আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্য কেবল আমাদের কেপিএম স্কুলের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক বিরাট গর্বের বিষয়। তার এই গৌরবোজ্জ্বল অর্জন কাপ্তাইসহ সারা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার নতুন এক উদাহরণ হয়ে থাকবে।