মুহাম্মদ শফিকুর রহমান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭ পিএম
ফাতেমা ইসমাইল কেয়া
বই পড়ে শুধু জ্ঞানই নয়, আসে হাতখরচের টাকাও। আবার সেই বইই হয়ে ওঠে অন্যকে পাঠক বানানোর হাতিয়ার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ফাতেমা ইসমাইল কেয়ার গল্পটা ঠিক এমনই। ফেসবুকে তার বইভিত্তিক পেজ ‘লিট এন্ড লাইফ উইথ কেয়া’র অনুসারী ২৫ হাজারের বেশি।
ঝুলিতে রয়েছে ২০০-এর বেশি সার্টিফিকেট, ৩০টির বেশি ক্রেস্ট এবং অসংখ্য পুরস্কার। নিজের উপার্জনের টাকা দিয়ে পাঠকদের বই উপহার দেওয়ার নজিরও রয়েছে তার। বইয়ের সঙ্গে কেয়ার সম্পর্ক অবশ্য সামাজিক মাধ্যমে কাজ শুরুর অনেক আগে থেকেই। ছোটবেলায় মা বানান করে করে তাকে ছবিওয়ালা গল্পের বই পড়তে শেখাতেন। পরে কিনে দিতেন শিশুদের নানা বই। পড়ার অভ্যাস গড়ে উঠলে বাবা প্রতি মাসে বই কেনার জন্য অর্থ দিতে শুরু করেন। ধীরে ধীরে বই হয়ে ওঠে তার নিত্যসঙ্গী।
স্কুলজীবনেই বন্ধুদের বই পড়তে উৎসাহিত করতেন কেয়া। পাঠচক্রে অংশ নিতেন, বই নিয়ে আলোচনা করতেন। তার কাছ থেকে গল্প শুনে অনেক বন্ধুও বই পড়ায় আগ্রহী হন। নিজের খালাতো বোনকেও ছোটবেলা থেকে বই পড়িয়েছেন; সেই বোন এখন নিজেই একটি বইয়ের পেজ পরিচালনা করেন।
প্রথমে লিখিত রিভিউ দিয়েই শুরু। পরে ২০২১ সালে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে ফেসবুকে বই নিয়ে নিয়মিত কাজ শুরু করেন। বইয়ের ছবি, ভিডিও, রিভিউ ও আলোচনাÑ সব মিলিয়ে ধীরে ধীরে তৈরি হয় তার নিজস্ব প্লাটফর্ম। কয়েকটি ভিডিও পেয়েছে লাখ লাখ ভিউ। তবে কেয়ার কাছে ভিউ বা লাইকই চূড়ান্ত সাফল্য নয়। তার মূল লক্ষ্য পাঠক তৈরি করা।
বই নিয়ে কয়েকশ প্রতিযোগিতায় অংশ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই পুরস্কার পেয়েছেন বলে জানান কেয়া। বর্ষসেরা বুক ফটোগ্রাফার, সেরা রিভিউয়ারসহ বিভিন্ন স্বীকৃতি রয়েছে তার। রয়েছে ২০০-এর বেশি সার্টিফিকেট, ৩০টির বেশি ক্রেস্ট, প্রাইজমানি ও নানা পুরস্কার। পুরস্কার হিসেবে পাওয়া বইয়ের সঠিক হিসাব নেই, তবে সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানান তিনি।
শখের কাজ একসময় হয়ে ওঠে আয়ের পথও। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রমোশনাল কাজের প্রস্তাব পাওয়ার পর বই নিয়ে কাজকে পেশাগতভাবেও নিতে শুরু করেন কেয়া। মাসভেদে আয় কমবেশি হলেও নিজের হাতখরচ চালানোর মতো অর্থ আসে এই কাজ থেকেই। পাশাপাশি নিজের টাকায় পাঠকদের বই উপহার দেন। বিভিন্ন লাইব্রেরিতেও বই পাঠিয়েছেন বিনামূল্যে।
কেয়ার সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য পাঠকের ভালোবাসা। তার ভিডিও দেখে কেউ নতুন করে বই পড়া শুরু করেছেন, কেউ দীর্ঘদিনের ‘রিডিং ব্লক’ কাটিয়ে ফিরেছেন বইয়ের জগতে। কারও কাছে একটি বইয়ের গল্প তুলে ধরাই তাকে বইটি পড়তে আগ্রহী করেছে।
তরুণদের বইমুখী করতে সামাজিক মাধ্যমকে কার্যকর মাধ্যম মনে করেন কেয়া। তার মতে, স্ক্রল করতে করতে কেউ যদি একটি বইয়ের আকর্ষণীয় অংশ শুনে থেমে যান, সেখান থেকেই তৈরি হতে পারে বইটির প্রতি আগ্রহ। তাই থ্রিলার, নন-ফিকশন, সমকালীন সাহিত্যসহ নানা ধরনের বই নিয়ে কথা বলেন তিনি।
বই নিয়ে কাজ করতে গিয়ে সমালোচনা ও নেতিবাচক অভিজ্ঞতাও হয়েছে। তবে সেসব পেছনে ফেলে এগিয়ে চলেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বই নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন। নিজের বিশ্ববিদ্যালয়ের লিটারেচার ক্লাবের সঙ্গেও যুক্ত আছেন।
পড়াশোনার পাশাপাশি বই নিয়ে এই ব্যস্ততার মধ্যেও ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার কেয়ারÑ আরও পড়বেন, আরও মানুষকে পড়াবেন। তার বিশ্বাস, বই পড়ে কেউ ঠকে না; কোনো না কোনোভাবে বই মানুষের উপকার করে। তাই তার পথচলা শুধু বই পড়ায় নয়Ñ নিজে পড়া, অন্যকে পড়ানো এবং সুযোগ পেলেই অন্যের হাতে একটি বই তুলে দেওয়া।