× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজের স্বপ্ন বুনছে গবি শিক্ষার্থীরা

তাহমিদ হাসান

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম

পাঁচটি প্লাস্টিকের বোতল নির্ধারিত বুথে জমা দিলেই মিলছে একটি করে সজীব চারা গাছ

পাঁচটি প্লাস্টিকের বোতল নির্ধারিত বুথে জমা দিলেই মিলছে একটি করে সজীব চারা গাছ

ফেলনা প্লাস্টিকের বোতলও হয়ে উঠতে পারে সবুজের নতুন সম্ভাবনা- এই ভাবনা থেকেই সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাস্তবে রূপ নিলো এক ব্যতিক্রমী উদ্যোগ। হাতে কয়েকটা ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে একটি সজীব চারাগাছ এমনই অভিনব বিনিময়ের আসর বসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৪তম ব্যাচের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে গত বৃহস্পতিবার বাদামতলায় অনুষ্ঠিত হয় ‘রিডিউস প্লাস্টিক গো গ্রিন’ কর্মসূচি। কর্মসূচির নিয়মও ছিল সহজ এবং আকর্ষণীয় পাঁচটি প্লাস্টিকের বোতল নির্ধারিত বুথে জমা দিলেই মিলছে একটি করে সজীব চারা গাছ। এভাবেই একসময়ের ফেলনা বর্জ্য পরিণত হলো নতুন প্রাণের সূচনায়। অনুষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দেশের বনাঞ্চলের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম, এই উদ্যোগ শিক্ষার্থীদের গাছ লাগাতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজন প্রসঙ্গে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা বলেন, অপচয় না করে পুনর্ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দেওয়া সম্ভব। তিনি এই কর্মসূচিকে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি একাত্মতা প্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সবসময় অপচয়ের বিরোধী ছিলেন এবং তরুণদের সমাজসেবা ও প্রাণ-প্রকৃতি রক্ষার কাজে উৎসাহ দিয়ে গেছেন। আয়োজকদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফা ইসলাম জানান, ‘Reduce Plastic, Plant More Trees’ স্লোগানে শুরু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য আশপাশের পরিবেশ প্লাস্টিকমুক্ত করা এবং বেশি গাছ লাগানো। তিনি বলেন, শিক্ষার্থীদের এত বিপুল সমাগম তারা প্রত্যাশা করেননি, যা তাদের জন্য ছিল আনন্দের একই সঙ্গে আশার বিষয়।

কার্যক্রমে অংশ নেওয়া ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, বর্তমান পরিস্থিতির নিরিখে এই উদ্যোগ প্রশংসনীয় এবং এমন কর্মসূচি ভবিষ্যতে আরও হওয়া উচিত।

সার্বিক বিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় সংকট অক্সিজেনের সংকট প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের কর্মকাণ্ডে অক্সিজেনের উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কার্বন উৎপাদন বাড়ছে। তিনি জানান, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা নিজেরাই ফান্ড গঠন করে এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, একটি বোতল, একটি চারা আর একটু সচেতনতা দিয়েই বদলে যেতে পারে গোটা ক্যাম্পাসের রূপ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা