ফারহাত মাইশা অর্পা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়
গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। মেলার সমাপনী দিনে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় বিশ্ববিদ্যালয়গুলো এক হাজারেরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলায় অংশ নেওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সঙ্গে তুলনামূলক মূল্যায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগুলো অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচিত হয়। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অসাধারণ সাফল্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব উদ্ভাবন দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর অবদান রাখবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। ইনোভেশন ফেয়ারে ‘বিইউবিটি ইনোভেশন হাবে’-এর মাধ্যমে বিইউবিটির শিক্ষার্থী, প্রকৌশলী ও গবেষকদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়। গত দেড় বছরে ‘বিইউবিটি ইনোভেশন হাব’ ২০টির বেশি পণ্য তৈরি করেছে। এসব পণ্য কৃষি, চিকিৎসা প্রযুক্তি, করপোরেট যোগাযোগ, নিরাপত্তা, এডটেক ও এসটিইএম শিক্ষাসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছে। পণ্যগুলোতে বিইউবিটির শিক্ষার্থী ও প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ খুলনা বিশ্ববিদ্যালয় দেশের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মেলায় বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল অংশ নেয়, যার মধ্যে ব্যক্তিগত ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থী আজমাইন ইনকিয়াদ হকের ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্পটি সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে।
শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় যে পাঁচটি প্রতিষ্ঠান বিশেষ স্বীকৃতি ও শীর্ষ স্থান লাভ করে। সেগুলো হলো : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (শীর্ষ স্থান ও চ্যাম্পিয়ন), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) (দ্বিতীয় চ্যাম্পিয়ন), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), খুলনা বিশ্ববিদ্যালয় (ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্পের জন্য জাতীয়ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
নানা ধরনের উদ্ভাবন
মেলায় যাত্রীবাহী অটোরিকশার বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে চলা চার চাকার ‘সান কার’ প্রদর্শন করছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। চালকসহ তিনজন যাত্রী নিয়ে চলতে সক্ষম বাহনটি চলার সময়ই সূর্যের আলো থেকে ব্যাটারি চার্জ করতে পারে। বাহনটির বিষয়ে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইমরান চৌধুরী বলেন, ‘আমরা সান কার নামে যাত্রীবাহী গাড়ি তৈরি করেছি, যা সূর্যের আলোতে চলবে। সূর্যের আলো না থাকলেও এটি প্রায় পাঁচ ঘণ্টা চলতে পারবে। এটি প্যাডেলচালিত ও বিদ্যুৎচালিত রিকশার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। গাড়িটি চার চাকার হওয়ায় এটি তুলনামূলকভাবে কম দুর্ঘটনাপ্রবণ। এটি তৈরি করতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।’
মেলায় নিজেদের তৈরি সৌরবিদ্যুতে চলা সেচ পাম্পসহ বৈদ্যুতিক মোটরবাইক ও গাড়ি প্রদর্শন করছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক ইমতিয়াজ আবেদীন বলেন, ‘আমরা বিদ্যুৎচালিত বাইক ও গাড়ি তৈরি করেছি। আমাদের আরেকটি উদ্ভাবন হলো সৌরবিদ্যুতে চলা পাম্প ‘সোলার সেচ’। কৃষিজমির সেচকাজে ব্যবহার উপযোগী পাম্পটির মাধ্যমে প্রতি ২০ সেকেন্ডে ৫০০ লিটার পানি উত্তোলন করা যায়।’
আখের ছোবড়া থেকে নিজস্ব প্রযুক্তিতে প্লেট ও গ্লাস তৈরি করে প্রদর্শন করছে ‘শূন্য’ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আকিল আহমেদ বলেন, ‘আমরা মূলত আখের ফেলে দেওয়া অংশ নিয়ে কাজ করি। আখের বর্জ্য ব্যবহার করে একবার ব্যবহারযোগ্য প্লেট ও গ্লাস তৈরি করছি। এগুলোর দাম প্লাস্টিকের তৈরি প্লেট ও গ্লাসের প্রায় কাছাকাছি। তবে আমাদের তৈরি পণ্য পরিবেশবান্ধব। অন্যদিকে প্লাস্টিকের প্লেট ও গ্লাস পরিবেশের ক্ষতি করে।’
মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা, সংলাপ, অধিবেশন ও গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। এসব আয়োজনে উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
চৌকস প্রহরী নামে আগ্নেয়াস্ত্রের প্রটোটাইপ প্রদর্শন করছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। ক্যামেরাযুক্ত থাকায় দূর থেকে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন এমআইএসটির সাইবার নিরাপত্তা গবেষক জাওয়াদুর রহমান। তিনি বলেন, ‘আমাদের সীমান্ত এলাকায় অনেক দুর্গম এলাকা রয়েছে, যেখানে সব সময় সহজে পৌঁছানো যায় না। এসব এলাকায় অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি থাকে। ভারত ও চীনের মতো দেশগুলোতে সক্রিয়ভাবে গুলি করতে সক্ষম এ ধরনের প্রযুক্তি রয়েছে। ‘চৌকস প্রহরী’ নামের আগ্নেয়াস্ত্রটি স্বয়ংক্রিয় বা মানুষের সহায়তায় ব্যবহার করা যায়।’