ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার রাতে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার রাতে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, প্রতিদিনের বাংলাদেশের ডেপুটি এডিটর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, রাজনীতিক ও সমাজসেবক এস এম আমান উল্লাহ, অভিনেতা সৈয়দ শুভ্র, প্যান প্যাসিফিক প্রপার্টিজের চেয়ারম্যান লাকী আহমেদ, জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেসিডেন্ট মোছাঃ রেজওয়ান নিশাত লিয়ানা এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সম্পাদক ও সমাজসেবক ওবায়দা বেগম। অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলিও উপস্থিত ছিলেন।
বক্তাদের মতে, সমাজ থেকে অপকর্ম ও নেতিবাচক প্রবণতা দূর করতে পরিশীলিত ও নির্মল সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সুস্থধারার সংস্কৃতিচর্চা মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তারা মানবিক ও সুন্দর সমাজ গঠনে সংস্কৃতির ইতিবাচক চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণী ব্যক্তিকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড’ ও ‘স্টার পারফর্মার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।