সংস্কারকাজে বদলে যাচ্ছে হাজার বছরের ঐতিহ্যের সিন্দুরমতি দীঘি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তঘেঁষে অবস্থান ঐতিহাসিক সিন্দুরমতি দীঘি। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা ৮০০ থেকে ১০০০ বছরের পুরনা দীঘিটিতে লেগেছে সংস্কারের ছোঁয়া। প্রায় দেড়শ কোটি টাকার মেগা সংস্কারকাজে বদলে যাচ্ছে ১৬ দশমিক শূন্য ৫ একর আয়তনের প্রাচীন এই দীঘি। খননকাজ শেষে এখন দীঘির পাড় উঁচু করা, চারপাশে ঢালাই পথ নির্মাণ, বৃক্ষরোপণ, আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণসহ চলছে নানা উন্নয়নকাজ।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে আগত হিন্দু জমিদার রাজ নারায়ণ চক্রবর্তী প্রজাদের পানির কষ্ট দূর করতে প্রায় হাজার বছর আগে বিশাল এই দীঘি খননের উদ্যোগ নেন। কিন্তু খনন শেষ হলেও দীঘিতে পানি না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন।
লোককথা রয়েছে, এক রাতে জমিদার স্বপ্নাদেশ পানÑ তার আদরের দুই কন্যা ‘সিন্দুর’ ও ‘মতি’কে দীঘির মাঝখানে বসিয়ে পূজা অর্চনা করতে হবে। সেই অনুযায়ী দীঘির মাঝখানে পূজার আয়োজন করা হয়। পূজার একপর্যায়ে প্রয়োজনীয় উপাচার সংগ্রহ করতে জমিদার দীঘির পাড়ে উঠে আসেন। ঠিক তখনই দীঘির তলদেশ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করে। তবে সেই অথৈজলে তলিয়ে যান জমিদারের দুই কন্যা সিন্দুর ও মতি। তাদের নাম অনুসারেই দীঘিটির নাম হয় ‘সিন্দুরমতি’।
স্থানীয়রা জানান, দীঘিটি শুধু একটি জলাশয় নয়; হাজার বছরের ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। দীঘির চারপাশে রয়েছে প্রাচীন বটবৃক্ষ ও বিভিন্ন দেব-দেবীর মন্দিরসহ একাধিক ধর্মীয় স্থাপনা। মরদেহ সৎকার, প্রতিমা বিসর্জনসহ নানা ধর্মীয় আচারও পালিত হয় এখানে। প্রতিবছর চৈত্র মাসে দীঘি ঘিরে বসে ঐতিহাসিক ‘সিন্দুরমতি মেলা’। পুণ্যস্নানের আশায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এখানে আসেন।
সিন্দুরমতি দীঘির তত্ত্বাবধায়ক তপন কুমার মণ্ডল বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা এসে দীঘিটিকে ৮০০ থেকে হাজার বছরের পুরনো বলে জানিয়েছিলেন। দীর্ঘদিন অযত্নে থাকায় এখানে পূজা ও মেলার আয়োজন কঠিন হয়ে পড়েছিল। এখন সংস্কারের ফলে এটি আবার নিজস্ব রূপ ফিরে পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা হেমন্ত কুমার বর্মণ বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আসছে। এই দীঘির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘জমিদার ও তার দুই কন্যা সিন্দুর-মতির আত্মত্যাগের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই স্থানটিকে এমনভাবে সাজাতে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও শান্তিতে পূজা অর্চনা এবং পুণ্যস্নান করতে পারেন।’
এর আগে ১৯৭৫ সালে তৎকালীন সরকার দীঘিটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সেসময় খননকালে দীঘির তলদেশ থেকে প্রাচীন মূর্তি ও মূল্যবান মুদ্রা উদ্ধারের কথা জানা যায়। এসব প্রত্নবস্তু বর্তমানে ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।