স্মরণ
ফারুক নওয়াজ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৩ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আমীরুল ইসলাম [১৯৬৪-২০২৬] সদ্যপ্রয়াত জনপ্রিয় শিশুসাহিত্যিক। বাষট্টি বছরের জীবনে শৈশবের ১২-১৩ বছর এবং শেষের অসুস্থ অবস্থায় বছরখানিক বাদ দিলে বাকি প্রায় চার যুগ একটানা লেখালেখিতেই নিমগ্ন থেকেছেন। বাইশ-তেইশ বছর বয়সে ছড়ার বই ‘খামখেয়ালী’র জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার অর্জন করেন। অবশ্য তার আগে তার ‘ছড়া আর ছড়া’ নামে একটি ছোট আকারের বই প্রকাশ পেলেও সেটি ছিল কৈশোরের সবুজ মনের বিচ্ছুরিত ভাবনার প্রকাশ।
বলা যায়, ‘খামখেয়ালী’ই তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। বিশেষ করে সে সময় শিশুসাহিত্যের একমাত্র সম্মানজনক স্বীকৃতি ছিল অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। যে পুরস্কারটি অলংকরণসহ শিশুসাহিত্যের ৬টি শাখায় প্রকাশিত বছরের সেরা বইয়ের জন্য দেওয়া হতো। এবং প্রবীণদের সঙ্গে নবীন প্রতিশ্রুতিশীল লেখকরাও বরাবর পুরস্কার পেয়ে এসেছেন।
লেখালেখিটা তার রক্তে মিশে থাকা পরিবারগত প্রবণতা। চাচা প্রয়াত বরেণ্য শিশুসাহিত্যিক ও কবি হাবীবুর রহমান। বাবা সাইফুর রহমান পেশাগতভাবেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। ফুফাত দুই ভাই প্রয়াত বিশিষ্ট লেখক মনওয়ার হোসেন ও কবি মোজাফ্ফর হোসেন। বড়ভাই কামাল আহমেদ লেখক ও সাংবাদিক। আরেক ভাই শিশুসাহিত্যিক ইমরুল কায়েস।
আমীরুল ইসলাম লেখালেখির অল্প সময়েই পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ছড়া দিয়ে শুরু করলেও গদ্যই হয়ে ওঠে তার সৃজনশীল কাজের মূল ক্ষেত্র। তার গদ্যভাষা প্রাঞ্জল ও কাব্যিক। ছোটদের জন্য তার রচনাগুলো অপূর্ব। পেলব শব্দে গাঁথা ছোট ছোট বাক্য। একবারে ছবির মতো করে ঘটনার বর্ণনা। যেমনÑ
আমি ঘুড়ি উড়াতে গেছি। দূরে নীল আকাশ। নদীর ওপারে কাশফুলের বাগান। শাদা কাশফুল মিশে গেছে নীল আকাশের সঙ্গে। আমার ঘুড়ির রঙ লাল। টকটকে আগুনের মতো রঙ। লাটাই ঘুরিয়ে ঘুড়িটাকে ছেড়ে দিলাম বাতাসে। একটা দুটো গোত্তা খেয়ে ঘুড়িটা শো করে উড়ে গেল। কাশফুলের বাগানের উপর দিয়ে ঘুড়িটা এগিয়ে চলেছে। নীল আকাশের দিকে। আমি লাটাই নিয়ে কসরত করছি। কিন্তু একসময় ঘুড়িটা আমার কথা শুনছে না। আমাকেই যেন সে টেনে উড়িয়ে নিয়ে যাচ্ছে।... [আকাশ জুড়ে ঘুড়ি]
ছড়ার প্রসঙ্গ আসলে বলব, অতি সহজ ভাষায় ছড়া লেখার তার দক্ষতা ছিল অপরিসীম। পত্রপত্রিকায় এন্তা লিখেছেন, পাশাপাশি একের পর এক বই প্রকাশিত হয়েছে। ছড়া, কিশোর কবিতা, গল্প-উপন্যাস, নাটক, জীবনীসহ নানা বিষয়ে তার বইয়ের সংখ্য দু-শতাধিক। তার মধ্যে কিছু বই সব-বয়সী পাঠকের উপযোগী রচনা এবং অর্ধেকের বেশি দেশ বিদেশের রূপকথাÑ উপকথার সংগ্রহ। তার সম্পাদিত নানা বিষয়ের সংকলনও আছে অনেকগুলো। তিনি ২০০৬ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান।
লেখালেখির পাশাপাশি পত্রিকা সম্পাদনা এবং টেলিভিশনের স্ক্রিপ্ট রচনা, অনুষ্ঠান পরিকল্পনা ও গবেষণায় জড়িত থেকেছেন। পেশাজীবনে মৃত্যুর পূর্ব পর্যন্ত দীর্ঘ সময় চ্যানেল আই-এর অনুষ্ঠান পরিচালক হিসেবে বহাল ছিলেন।
সব্যসাচী শিশুসাহিত্যক আমীরুল ইসলাম একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন সৃষ্টি নৈপুণ্য, কর্মকুশলতা এবং শিশুসাহিত্যের সংগঠক হিসেবে। তিনি দেশের বাইরে অনুষ্ঠিত লেখক সম্মেলন এবং গ্রন্থমেলায় অংশ নেওয়ার মাধ্যমে শিশুসাহিত্যিক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার ভ্রমণ-নেশা ছিল প্রবল। ঘুরেছেন পৃথিবীর নানাদেশ।
অনুজপ্রতিম আমীরুল ইসলামকে নিয়ে তার মৃত্যুপরবর্তী কিছু লিখতে হবে ভাবিনি। তবে, তার সম্পর্কে সামান্য আলোকপাত করতে প্রয়াসী হয়েছি এজন্য যে আমরা এমনই দুর্ভাগা যে লেখালেখির মতো সৃষ্টিশীল-সৃজনশীল ঐশ্বর্যহীন এই কমর্যজ্ঞে সারাজীবন জড়িত থেকে মৃত্যুর পর তাকে আর কেউ মনে রাখে না। আমাদের নিকট অতীতে প্রয়াত শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখকদের কাউকেও কি আমরা মনে রেখেছি। তাদের জন্ম ও প্রয়াণ দিবসটি নীরবেই চলে যায়। আমীরুল ইসলাম প্রচুর লিখেছেন। দু-শতাধিক বই তার। কিন্তু সেসব বইও একসময় আর পাওয়া যাবে না। জীবৎকালে তাকে আমাদের প্রয়োজন ছিল। তার উপস্থিতি সাহিত্য অনুষ্ঠানগুলিকে জমজমাট করে তুলত। তুখোড় আড্ডাবাজ এই লেখক একসময় সবাইকে নিয়ে হইচই করে কথার ফুলঝুরিতে আসর তোলপাড় করেছিলেন। তার সার্বক্ষণিক চলার সঙ্গী যে একঝাঁক নবীন-তরুণ লেখক, যাদের জন্য তিনি মুঠো মুঠো টাকা ছড়িয়েছেনÑ তারাও কি তাকে আর মনে রাখবে? সেই সত্যটাকে মেনে নিয়েই লিখে কি হবে জানি না, তবুও আমাদেরকে লিখে যেতে হবে।
আমীরুল ইসলামের অসংখ্য বইয়ের মধ্যে যে বইগুলো বর্তমানের নবীন-তরুণ এবং আগামী দিনের লেখক ও পাঠকদের পড়া উচিত বলে মনে করি। এ বইগুলো পড়লেই প্রয়াত এই শিশুসাহিত্যিকের সৃজনভাবনা এবং রচনাশৈলী সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবেÑ ছড়া: খামখেয়ালী, দুই ঢিলে এক পাখি, সোনারঙের ছড়া, ছড়া যখন ছবি, যা দেখি তাই ছড়া হয়ে যায়, ছড়া যখন হালুম, মজার পড়া ১০০ ছড়া ইত্যাদি। অবশ্য লেখকের ছড়া রচনাবলি বের হয়েছে ৩ খণ্ডে। একসঙ্গে অসংখ্য ছড়া। সংগ্রহ করে পড়ে নেয়া যায়।
গল্প-উপন্যাস: রুমঝুমপুর, লাল্লু আর চাল্লু, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূর, আমাদের গোয়েন্দাগিরি, ছেঁড়া কাগজের গল্প, রাজিনের উড়ন্ত সাইকেল, টুনটুনি আর রিমিঝিম, দুলালের পঙ্খিরাজ, নীতিকথার গল্প, যেমন রাজা তেমন উজির। এক যে পেটুক ফড়িংছানা, লুকোচুড়ি ও আমার মা, আমি ভূত হতে চাই, পিচ্চি রতন ও ফুটবল, সোনালি রুপালি গল্প, ইশকুলের গল্প, গল্প থাকে আকাশ জুড়ে, ইশকুলের উপন্যাস ইত্যাদি
বড় অসময়ে আমরা হারালাম শিশুসাহিত্যের দিপ্তীমান লেখক আমাদের প্রিয় আমীরুল ইসলামকে। প্রার্থনা করি অনন্তলোক তার পুণ্য আত্মা যেন অপার শান্তিতে থাকে।