× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্য জার্নাল

কেতকী সুবাস শয়নে

ইমতিয়ার শামীম

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৮ পিএম

অলংকরণ : ধ্রুব এষ

অলংকরণ : ধ্রুব এষ

বাস্তব জীবন,Ñ তা হোক সে বিগত দিনের কিংবা বর্তমানের,Ñ তা থেকে একজন লেখক গল্প-উপন্যাস লেখার জন্যে কতদূর পর্যন্ত নিতে পারেন, তার কতটুকুই বা অক্ষর করে তুলতে পারেন? কতটুকু খাঁদ যুক্ত করতে পারেন বাস্তবতার সঙ্গে? কেতকী কুশারী ডাইসনের লেখা উপন্যাসগুলো এর অনন্য উদাহরণ। লেখার ক্ষমতা, লেখায় বিস্তৃতির ক্ষমতা বিস্ময়কর তার; আধুনিক তো অবশ্যই। মাঝেমধ্যে আমার মনে হয়, পাঠক হিসেবে আমরা পৌঁছতে পেরেছি কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর নির্ভরতা, স্নিগ্ধ কৌতূহল ও অনুধ্যান আর রোমান্টিকতার দেয়াল পর্যন্ত; সেই দেয়াল ভেঙে আমাদের আর যাওয়া হয়নি তার নিজের অনন্য স্বকীয় ও অবারিত সাতসতেরোময় কল্পনা ও চিন্তাশক্তির প্রান্তরে। এই সীমারেখার একপ্রান্তে আমাদের রেখে দিয়েই তিনি গত ১১ সেপ্টেম্বর বিদায় নিলেন আমাদের মধ্যে থেকে।

বাঙালি ছিলেন, হয়েছিলেন ভারতীয়ও। ভারতীয় হয়ে আবার থিতু হয়েছিলেন অক্সফোর্ডে; কেবল রবীন্দ্র-গবেষক নন, সাহিত্যিক, অনুবাদক আর ডায়াস্পোরা-তাত্ত্বিকও হয়ে উঠেছিলেন। লিখেছেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সমান তালে। এই দ্বিআবাসিকতা, দ্বিভাষিকতা কি তাকে কখনও পেরেছে ক্ষতবিক্ষত করতে? তাকে এত বেশি পাঠ কখনও করা হয়নি যে, এই প্রশ্নের উত্তর দিতে পারব। তবে ‘Forging a Bilingual Identity : A Writer’s Testimony’ শিরোনামের এক প্রবন্ধে লিখেছিলেন তিনি, দ্বিভাষিকতাকে তিনি কোনো অপূরণীয়তা কিংবা শূন্যতা মনে করেন না, বরং তার কাছে এটি এক আরাধ্য নির্মাণ। তার নিজের জীবন এর বড় উদাহরণ, যা থেকে আমরা পাখির চোখে দেখি, দুই ভাষাতেই বাস করা যায়, মাতৃভাষার মতো করে দুই ভাষাকেই যাপন করা যায়, মাতৃভূমির মতো দুই ভূগোলেই বাস করা যায়। বিদেশে অবস্থানরত বাঙালি ছেলেমেয়েরা অনেকেই এখন ইংরেজি ও বাংলার আত্মপরিচয়গত দ্বন্দ্ব-সংকটে ভোগে, এ কথা তার জানা ছিল। তাই নিজের জীবনের প্রসঙ্গ টেনে লিখেছিলেন তিনি, তার এই জীবনই দেখায় দুটি ভাষাকে মাতৃভাষার মতো উদযাপনে কোনো দ্বন্দ্ব বা সংকট বাধা হতে পারে না।

লেখার শুরুতেই যে প্রশ্ন তুলেছি, কী হতে পারে তার উত্তর? কেতকী কুশারী ডাইসনের লেখা দিয়েই শুরু করা যাক। কবি ছিলেন, কিন্তু কী উপন্যাসে, কী প্রবন্ধসাহিত্যেও ছিল তার অনায়াস চলাচল। সত্যি বলতে গেলে, কবি হিসেবে যত না, তারও বেশি তিনি পরিচিত প্রাবন্ধিক হিসেবে। যেসব উপন্যাস-গল্প লিখেছেন, সেগুলোর অধিকাংশই আত্মজৈবনিক। কিন্তু আত্মজৈবনিক হওয়ার কারণেই বোধকরি আমরা এই ভাবনার ডানা মেলে দিতে পারি যে, জীবনকে তিনি কত রঙে, কত বর্ণে নির্মাণ করতে পেরেছেন। এই প্রসঙ্গে মনে পড়ছে ফরাসি সাহিত্যিক আঁদ্রে মোরোয়ার কথা। লেখকের শিল্পকৌশল নিয়ে তিনি বলেছিলেন যে, প্রায় সব মহৎ উপন্যাসেরই বিষয়বস্তু হলো একটি পূর্ণ জীবনেরÑ মানে, বাল্যকাল থেকে পরিণত বয়স অব্দি জীবনের ক্রমবিকাশ-আশা-আকাঙ্ক্ষা এবং বাস্তবের মধ্যে সংঘাতের ফলে সত্যোপলব্ধিÑ যার সত্যিকার রূপটি তুলে ধরেছেন প্রুস্ত। কিন্তু প্রতিটি উপন্যাসের মূল বিষয়বস্তু এরকম এক হলেও যিনি প্রতিভাবান তিনি তার লেখার জন্যে নিজস্ব পথ খোঁজেন। এই ক্ষেত্রে আত্মজীবনীমূলক উপন্যাসকেও টানা যায় বইকি। তবে সেগুলো তো শেষ পর্যন্ত আংশিকভাবে হলেও আত্মজৈবনিকই। এ ব্যাপারে আবু জাফর শামসুদ্দিনের অনুবাদে মোরোয়ার মূল কথাগুলো বরং হুবহু পড়ে নিতে পারি : ‘সার্থক উপন্যাস বরং তার লেখকের জীবনের সম্পূর্ণ বিপরীত। লেখক ব্যক্তিগত জীবনে অনেক কিছু থেকে বিরত থাকতে বাধ্য হন। লেখক-সৃষ্ট চরিত্রগুলো সেই অসাধিত কার্যাবলি সম্পাদন করতেই উপন্যাসের পাতায় ভিড় জমায়।... ... লেখক কখনও নিজের প্রচ্ছন্ন আশা-আকাঙ্ক্ষা এবং বাসনার ঊর্ধ্বে উঠতে পারেন না। সুতরাং নির্বাচিত বিষয়বস্তুর সঙ্গে তার নিজের আশা-আকাঙ্ক্ষা এবং বাসনা অবিচ্ছেদ্যভাবে মিশে থাকে।’ মিশে থাকে, কিন্তু মিশবার মধ্যে দিয়ে অন্য কিছু হয়ে ওঠেÑ এও মনে রাখা দরকার।

কেতকী কুশারী ডাইসন প্রথম লিখেছিলেন কবিতার বই, ১৯৭৭ সালে, নাম ‘বল্কল’। কবিতার প্রতি তার দুর্বলতা সবারই জানা, এক সাক্ষাৎকারে তিনি নিজেও বলেছিলেন, ‘কবিসত্তাই আমার সব লেখার মূল চালিকাশক্তি।’ তবে তার প্রথম উপন্যাস ‘নারী, নগরী’। আমার কাছে এটির যে পিডিএফ কপি রয়েছে, সেটিতে এর প্রকাশকাল দেখতে পাচ্ছি অগ্রহায়ণ, ১৩৬৬ অর্থাৎ ১৯৫৯ সাল। তবে অন্য কোথাও পড়েছি, ১৯৬৫ সালে এটি ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থাকারে ছাপা হয় ১৯৮১ সালে। কেতকী নিজে এটির সম্পর্কে বলেছিলেন, ‘আত্মজীবনীমূলক রম্যরচনা’। যা লেখা হয়েছে তার নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতার ভিত্তিতেÑ যে অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে আবার রয়েছে তার অক্সফোর্ড জীবনের ছাত্রাবাসসঙ্গিনী ফরাসি বন্ধু তাতয়ানা আন্তনভের কয়েক প্রজন্মের জীবনপ্রবাহ। এর পরপরই ছাপা হয় তার দ্বিতীয় উপন্যাস ‘নোটন নোটন পায়রাগুলি’Ñ তিনি যাকে বলেছেন, ‘নারী, নগরীর’ পরিণত বীজ। সাহিত্য পত্রিকা ‘দেশ’-এ ১৯৮২-৮২ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এটি, গ্রন্থাকারে ছাপা হয় ১৯৮৩ সালে। আত্মজীবনীমূলক এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইংল্যান্ডের নর্টন হিলে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাসকারী বাঙালি নারী নোটন দাস। বহু সংস্কৃতিময় এক শহরে তাদের জীবনযাপন। যেখানে রয়েছে ইংরেজ, রয়েছে আইরিশ, রয়েছে আলজেরীয় সব নর-নারী। নোটন দাসের পায়ের তলা থেকে চোখের চাউনি অবধি স্থির, অনড় থাকে একটি অপরিচিত সমাজ, অনভ্যস্ত ভাষা, বিবিধ সাংস্কৃতিক অস্বস্তি; যেসবের সঙ্গে আরও রয়েছে নিজের সমাজের তিতকুটে সব ঐতিহ্য, যেসবের মধ্যে অন্যতম নিঃসন্দেহে পুরুষতন্ত্র আর পরচর্চা; এতসব কিছুর মধ্যে দিয়ে তিনি এগিয়ে চলেন সামনের দিকে, মিলিয়ে নেন কিংবা মুখোমুখি হন, অতিক্রম করেন; কিন্তু তার জীবনযাপন থেমে থাকে না। কখনও চিঠির মধ্যে দিয়ে, কখনও বা দিনলিপি আকারে আমাদের সামনে ফুটে ওঠেন নোটন দাস।

কেতকী কুশারী ডাইসনের তৃতীয় উপন্যাস ‘রবীন্দ্রনাথ ও ভিকতোরিয়া ওকাম্পোর সন্ধানে’। এটি প্রকাশ পায় ১৯৮৫ সালে আর পরের বছরেই আনন্দ পুরস্কার পাওয়ায় তা দ্রুতই পাঠকের কাছে পৌঁছায়। এককথায় বলা চলে, এই বইটিই তাকে পাঠকের সঙ্গে পরিচিত করে তোলে। এই ফিকশন লিখবার জন্যে তিনি অনেক গবেষণা করেছেন। অবশ্য শুধু এই বইটিই নয়, অনেক কিছু লেখার জন্যেই কেতকী গবেষণা করেছেন। কিন্তু এ বইটির প্রতি যেন তার নিজেরও রয়েছে বিশেষ এক দুর্বলতা। রবীন্দ্রনাথ, ভিকতোরিয়া আর এলহার্মকে তিনি নিজের মতো করে ভাঙবার ও গড়বার সুযোগ পেয়েছেন এ বইটিতে। তাদের সম্পর্ক ও বিচ্ছিন্নতাকে তিনি অনুসন্ধান করেছেন, সম্পর্কের প্রতিচ্ছবি কিংবা চালচিত্র এঁকেছেন; কিংবা এ-ও বলা চলে, সম্পর্ককে তিনি পুনর্নিমাণ করেছেন অনেক বই পড়ে, অনেক চিঠিপত্র পড়ে, এমনকি অনুবাদ করে-করে। গবেষণা আর উপন্যাস এ বইটিতে পরস্পরের নৈকট্যে এসেছে, একজন আরেকজনের শরীরে প্রবেশ করেছে, একজন আরেকজনের আস্বাদ নিয়েছে। গবেষণা করে লেখা হয়েছে, এ কথা বললে ইদানীং অনেকের কাছে আলাদা গুরুত্ব পাওয়া যায়; কিন্তু মনে রাখা দরকার, যত গবেষণা করেই লেখা হোক না কেন, উপন্যাস শেষ পর্যন্ত উপন্যাসই। প্রসঙ্গত আমরা মনে করতে পারি তার আরেকটি উপন্যাস ‘তিসিডোর’কেওÑ যে উপন্যাসে জীবন্ত হয়ে এসেছেন বুদ্ধদেব বসু ও জীবনানন্দ দাশ। আমাদের দেশে আর বাংলা ভাষায় গল্প-উপন্যাস লেখায় তীব্র একটি ঝুঁকি থাকেÑ কারণ এক ধরনের পাঠক আছে, যারা গল্প-উপন্যাসের ছত্রে ছত্রে লেখকের জীবনকে খুঁজে ফেরেন, এইটুকু অনুভূতির স্বীকৃতিও এই ধরনের পাঠকরা দিতে রাজি নন যে, যদি লেখকের জীবনের কোনো অংশ লেখায় এসেও থাকে, তা আসে কোনো চরিত্রের নির্মাণ-বিনির্মাণের সুড়কি হিসেবেই, কোনো অভিজ্ঞতাকে নতুন কোনো বন্দরে পৌঁছে দেওয়ার অভীপ্সাতেই, প্রকৃতির কোনো উদ্ভাসনকে আরও বাঙ্ময় করে তোলার লক্ষ্যেই কিংবা তীব্র কোনো মিথস্ক্রিয়াকে নতুন এক অভিজ্ঞানের পত্রপুটে স্থাপন করতে। গবেষণাযুক্ত কিংবা ঐতিহাসিক কিংবা বিশেষ কোনো ব্যক্তিত্বভিত্তিক গল্প-উপন্যাসের ক্ষেত্রে এই শ্রেণির পড়ুয়াদের কাছে থেকে যে প্রতিক্রিয়া মেলে, তা আরও বিস্ময়কর কিংবা মারাত্মক। তারা ধরেই নেন, যেহেতু গবেষণার ভিত্তিতে লেখা, ইতিহাসের ভিত্তিতে লেখা, সেহেতু এর পরতে পরতে রয়েছে সত্যতা। অন্যদিকে লেখক নিঃসন্দেহে জানেন, যে বিষয়বস্তুর ওপর তিনি লিখছেন, বাস্তব ইতিহাস ও ঐতিহাসিক ভিত্তি থাকায় সেটির প্রতি পাঠকের ব্যাপক আগ্রহ রয়েছে; তাই লেখক হিসেবে তার পক্ষে তখনই সৎ থাকা সম্ভব হয়, যখন তার ওই লেখার মধ্যে দিয়ে এই বিষয়টিকে নিশ্চিত করা যায় যে, পাঠকের ওই বিষয়বস্তুকে ঘিরে পড়ার আগ্রহকে তিনি শোষণ করছেন না, বিপথগামী করছেন না এবং নিজের সৃজনশীলতারও অপচয় করছেন না। কেতকী কুশারী ডাইসনের ‘রবীন্দ্রনাথ ও ভিকতোরিয়া ওকাম্পোর সন্ধানে’র বৈশিষ্ট্য হলো, গবেষণার ভিত্তিতে লেখা হলেও এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিকতোরিয়া ওকাম্পোর মতো ব্যক্তিকে অবলম্বন করলেও এ উপন্যাসের মূল শক্তি হিসেবে তিনি এর নির্মাণশৈলীকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যিনি এই নির্মাণকাঠামোর আস্বাদটি একবার অনুভব করবেন, তিনি আসলে এতে আর ইতিহাস খুঁজতে যাবেন না, গবেষণার আদল দেখতে যাবেন না, সত্য-মিথ্যার প্রশ্নটি তার কাছে বড় হয়ে আসবে না, বিশ্বাসের ব্যাপারটিও গুরুত্ব পাবে নাÑ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নির্মাণের গভীরতা, নির্মাণের খুঁটিনাটি। এককথায় যা বলতে চাই তা হলো, প্রথমত, আত্মজৈবনিকতার পূর্বঘোষণা কেতকীর উপন্যাসগুলোকে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ করে রাখে এবং তিনি সেই ঝুঁকিকে সানন্দে চ্যালেঞ্জ করে থাকেন। কার্যত শেষ পর্যন্ত আমরা দেখি, আত্মজৈবনিকতা থাকলেও তার এসব উপন্যাসে কোনো নস্টালজিয়া নেই। দ্বিতীয়ত, আত্মজৈবনিকতার ওপর ভর করলেও কেতকী তার উপন্যাসগুলোয় আসলে বিচরণ করেছেন ঘুরে-ফিরে চারপাশের ১০ জন মানুষের জীবনেই; তৃতীয়ত, রবীন্দ্রনাথকে ঘিরে তার যে চিন্তাসাম্রাজ্য গড়ে উঠেছে, তার বিস্তার এত বেশি যে, কেতকীর কবিতা কিংবা এই সব রচনা একটু আড়ালেই থেকে যায়। 

কেতকী সম্পর্কে আমার আগ্রহী হয়ে ওঠার সবিশেষ কারণ ছিল, আমার এক প্রিয় লেখক দিলারা হাশেমের প্রতি তারও সুনিবিড় আগ্রহ। এই আগ্রহ এত প্রবল ছিল যে, দিলারা হাশেমকে পশ্চিমবঙ্গের সাহিত্যের পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে তিনি ছোট আকারে হলেও একটি সুসমন্বিত ও সুসংহত গদ্য লিখেছিলেন এবং পরে তার একটি বইয়ে লেখাটি সংকলিত করেছিলেন। অবশ্য আরও কয়েকটি রচনায় তিনি দিলারার লেখালেখি নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলো একসঙ্গে কোনো প্রবন্ধসংকলনে সংকলিত করার ইচ্ছেও ছিল তার। দিলারাও ছিলেন তারই মতো ভিন্ন দুই ভাষার ভিন্ন দুই সংস্কৃতির সদর-অন্দরের মানুষ। দিলারা সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘আমাদের সময়কার বাংলা কথাসাহিত্য সম্পর্কে ঠিক ক’রে আলোচনা করতে গেলে তার কাজকে মানচিত্রের মধ্যে রাখতেই হবে। তার কাহিনীগুলির পটভূমিকা বাংলাদেশসুদ্ধ ভারতীয় উপমহাদেশ থেকে বৃটেনসুদ্ধ ইয়োরোপ এবং মার্কিন দেশ পর্যন্ত বিস্তৃত। তিনি একাধারে গভীরভাবে বাঙালি এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে আন্তর্জাতিক, আন্তঃসাংস্কৃতিক।’ ‘আমলকীর মৌ’-এর সারা ছিল কেতকীর ভাষায় ‘একটি অবিস্মরণীয় আধুনিক নারী চরিত্র।’ ছোট একটি লেখা, কিন্তু তাতে দিলারা হাশেমের প্রায় প্রতিটি উপন্যাস সম্পর্কেই সংক্ষেপে তিনি এমন সারগর্ভ কথা লিখেছেন যে, তা থেকে স্পষ্ট, দিলারার একনিষ্ঠ পাঠক তিনি। ১৯৯৯ সালের শেষদিকে ‘দেশ’-এর তখনকার সম্পাদক অমিতাভ চৌধুরী তার কাছে একটি ছোট লেখা চেয়েছিলেন পত্রিকাটির একপৃষ্ঠার কলাম ‘অধিকন্তু’র জন্যে। কেতকী তখন দিলারা হাশেমকে নিয়ে লিখে পাঠালে অমিতাভ জানিয়েছিলেন, সমপ্রজন্মের একজন সহযাত্রী সাহিত্যিককে নিয়ে লিখে কেতকী যে generosity-র প্রকাশ ঘটিয়েছেন, তা এখন বিরল।

আমাদের এই বাংলাদেশের মেহেরপুরের মানুষ কেতকী,Ñ সেটিও তিনি কখনও ভোলেননি। তার অনেক কবিতা ও গদ্যেই রয়েছে শৈশবের মেহেরপুর। এই মুহূর্তে মনে পড়ছে তার ‘কবিতা-বিচার’ নামে একটি লেখার কথা, যেখানে তিনি শুধু কবিতাকে নয়Ñ পরম মমতায় বর্ণনা করেছেন শৈশবে পাওয়া মেহেরপুরকেও। বলেছেন অক্সফোর্ডের কথাÑ যেখানকার ফসলের ক্ষেত, মেঠো পথ, পথের ধারের নামহারা ফুল, বড় বড় গাছ, খালপাড়, সেখানে বেঁধে রাখা বোট তার কাছে হয়ে ওঠে এমন এক সুড়ঙ্গপথÑ যে পথ দিয়ে পৌঁছে যান মেহেরপুরী ইডেন উদ্যানের কাছে। এই লেখার একেবারে শেষপ্রান্তে এসে মনে পড়ছে, অনেক আগে ইউকে অভিবাসী কবি-লেখক সুমন সুপান্থ একদিন আমাকে অক্সফোর্ডে কেতকী কুশারী ডাইসনের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। যদিও শেষমেশ তা হয়ে ওঠেনি। সুমন সুপান্থের মতো অনেক অভিবাসীকেই বহুসংস্কৃতির দোলাচলেও নিঃসংকোচ লেখকজীবন যাপনের প্রেরণা জুগিয়ে চলেছেন কেতকী। পরিণত বয়সেই তিনি চলে গেলেন বইকি; তবু এ মৃত্যু আমাদের কাছে এক বজ্রপাতই, যাতে আমাদের নিজেদের একটি অংশেরও মৃত্যু হলো।


০১ আশ্বিন ১৪৩৩, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা