শামীম রেজার পাঠ-প্রতিক্রিয়াসহ
নাহিদ ধ্রুব
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৬ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম
নাহিদ ধ্রুব। প্রতিকৃতি: জয়ন্ত
কথকতা
অনাদিকাল থেকে বিবিধ বিষাদের
সঙ্গে আমাদের হয়েছে পরিচয়Ñ
জলাশয়ের পাশে আনত মুখ দেখে
সহসা কেঁপে ওঠে সবুজ কিশলয়
পাতার খসখস আওয়াজে ভাঙে ঘুম
দূরের উদাসীন নিকষ তারাদেরÑ
রাত্রি খসে পড়ে ছায়ার মতো করে,
আমরা জানি আজ, রাত্রি আমাদের
সহজে ভুলে যাই পুরনো ছায়াপথ,
যখন ফিরে আসে জটিল বিরূপতা
অন্ধ ছুঁয়ে দেখে দৃষ্টি আমাদেরÑ
কোথাও পথ নাই, সকলই কথকতা
বোধশূন্য কোনো সুরের লহরীতে
আবার দেখা পাই বিবিধ বিষাদের,
নিজের কিছু নাই, থাকে না কোনোদিন
আমরা জানি শুধু বিষাদ আমাদের...
আগন্তুক
বেহেশতি বাতাস লাগছে গায়ে এমন সকাল। ধানক্ষেত ধরে হাঁটি, ভেঙে পিঁপড়ের ঘাঁটিÑ চলেছি অচিনপুরে। গ্রামের সীমানা যেখানে হয়েছে শুরু, সেখানেই স্কুল। ঘণ্টা পড়ে। জল তুলে নিয়ে মেয়েদের দল ফিরে যাচ্ছে ঘরে।
বাউল ধরেছে গান। বটগাছের ছায়ায় বসে কারা যেন হুক্কায় দিয়েছে টান। দুপুর ঘনায়ে আসে। সুপুরিগাছের খোলে গিয়ে বসি শিশুরা আমাকে টেনে নিয়ে যায় বিকালের কাছে।
মাঠেঘাটে ধুলো ওড়ে। দিনটা আমার এভাবেই গেলÑ দ্বারে দ্বারে ঘুরে ঘুরে। দূরে বয়ে যায় নদীÑ তার জলে ভাসে বুক। জগতের রূপ দেখতে পেয়েছি হয়ে আগন্তুক...
সময়
কাঙ্ক্ষিত ছিল, সুফির জীবন
সামান্য এই আর কিছু নয়Ñ
হিসেব জানি না দিন রাত্রির,
খোদাই সময়, খোদাই সময়
মেহফিল থেকে মেহফিলে যাই
নিরিবিলি একা শুনে যাই ধুন,
ইতিকাফ শেষে হারিয়েছি ভাষাÑ
বলে দাও খোদা, কুন ফায়াকুন
বসে থাকি এক খাদেমের মতো
চিরকাল যেন বিষাদ মাজারে,
আমি সে’ই পথ, হারিয়েছি দিশা
ডেকে নাও তুমি, শূন্যের ঘরে
এতো কোলাহল, করুণ গোধূলি
মানবজন্ম, জীর্ণ লানতÑ
এসবের মাঝে মুর্শিদ বলো,
আমি আর কতো করবো মানত?
দিয়ে যাই শুধু জানের সদকা
সামান্য এই আর কিছু নয়Ñ
দিন চলে যায়, রাত চলে যায়
খোদাই সময়, খোদাই সময় ...
লোবানের ঘ্রাণ
সহসা পাথরে লেখা আমাদের বলিরেখা
একদিন মুছে দেবে জল,
তারপর মনে হবে কোথায় কখন কবে
ডুবে গেছে এই মনোতল
থেমে যাবে প্রিয় ঘড়ি, পায়রার ওড়াওড়ি
ঝরো রাতে এলে অবসাদ
বিরহনাটক শেষে শিরায় শিরায় মিশে
গুম হবে তমসার ফাঁদ
কিছুই ছিল না আর কোনোদিন দু’জনার
বসন্তেও ঝরে যাবে পাতা
হয়তো আসবে ট্রেন আধোজাগা সাইরেন
ভেঙে দিতে সব নীরবতা
আবার পড়লে মনে দূরে কোনো শালবনে
ভুলে যাওয়া লোবানের ঘ্রাণ
অনুবাদকের মতো তোমাকে পড়বো যত
মনে হবে অপস্রিয়মাণ
গুমনামী
তখনও অদূরে ডেকে যাবে কোনো পাখি
টেন্ট ফেলবো বাওবাব গাছের ভিড়েÑ
পাখিদের সাথে করে যাবো ডাকাডাকি
রুলটানা কোনো জীবনের পাতা ছিঁড়ে
কে জানে কিসের সন্ধানে মাঝরাতে
হেঁটে যাবে কত জেব্রা-হরিণ দলÑ
শেরপার মতো মিশে যাবো আমি চাঁদে
দেখাবো কোথায় জমে আছে কত জল
সিংহের সাথে সখ্য হয়তো হবে,
লেপার্ড দেখে গাছ হবো প্রয়োজনেÑ
হিংস্র কারা, মানুষের চেয়ে ভবে?
সকলই পোষ্য, ভেবে নেব মনে মনে
মনে হতে পারে নির্বাসনের কথা,
বস্তুবাদের বিপরীতে কারা আসে?
যুক্তি-তর্ক শেষে যত নীরবতাÑ
ভেঙে দিতে আমি চলে যাবো বনবাসে
সাফারি গাড়িতে বেড়াতে আসবে যারা
আমাকেও তারা, খুঁজে পাবে জঙ্গলেÑ
অদ্ভুত চোখে হয়তো দেবে ইশারা,
পালাও এখনই, পালাও পালাও বলে
কিন্তু তখন জঙ্গলে বসে আমি,
মিশে যাবো কোনো চেনা হাতিদের পালে
মানুষ জানবে, আমি এক গুমনামীÑ
ধরা পড়ে গেছি, চিরমোহমায়া জালে
পুষ্পিত সপ্তপর্ণের বনে
পারদের মতো অন্ধকার আমাদের মনে। পৃথিবী সমান নির্জনতার পাহাড় ছড়িয়ে পড়ছে জলে। এখানে কাঁপছে আমাদের অলৌকিক ছায়া। ছিপছিপে চাঁদ উবে যাচ্ছে কর্পূরের মতো।
বহু তপস্যার পর এলো এই রাতÑ যেন আর আসবে না কোনোদিন। বাস্তবতা দূরে থাকো, বৃষ্টি ঝরে পড়ো, রূপকথা কাছে আসো হয়ে দ্বিধাহীন।
যেন এই সরোবরে, পুষ্পিত সপ্তপর্ণের বনে, তাই সমীচীন..
বিষাদ, আগন্তুকতা ও পরাবাস্তবতার নন্দন
শামীম রেজা
নাহিদ ধ্রুবের কবিতাগুচ্ছ পাঠ করলে প্রথমেই যে অনুভূতিটি পাঠককে আচ্ছন্ন
করে; তা হলোÑ বিষাদ, এখানে কোনো একক ব্যক্তিগত আবেগ নয়; বরং অস্তিত্বের এক দীর্ঘস্থায়ী
আবহ। ‘কথকতা’, ‘আগন্তুক’, ‘সময়’, ‘লোবানের ঘ্রাণ’, ‘গুমনামী’ এবং ‘পুষ্পিত সপ্তপর্ণের
বনে’ প্রতিটি কবিতাই যেন বাস্তবের পরিচিত ভূগোল অতিক্রম করে স্মৃতি, স্বপ্ন, নির্বাসন,
আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ও অনস্তিত্বের এক মধ্যবর্তী ভূখণ্ড নির্মাণ করে। কবিকে তাই ভালোবাসা
জানাতে হয় তার এই স্বতন্ত্র কাব্যভুবন নির্মাণের দিকে যাত্রার প্রয়াশের জন্য।
‘কথকতা’য় ‘বিবিধ বিষাদ’ ক্রমে ব্যক্তিগত অনুভূতি থেকে সামষ্টিক অস্তিত্বের
রূপ লাভ করে। জলাশয়ের পাশে আনত মুখ, কিশলয়ের কেঁপে ওঠা, নিকষ তারার উদাসীনতা কিংবা
‘রাত্রি আমাদের’ এসব চিত্র বাংলা রসতত্ত্বের করুণ রসের আধুনিক রূপান্তর। তবে এই করুণতা
নিছক বিলাপ নয়; এর মধ্যে আছে বিস্ময়, নিঃসঙ্গতা এবং অস্তিত্বের অনির্ণেয়তার আবেশ।
ফলে করুণ রস ধীরে ধীরে শান্ত রসের দিকে অগ্রসর হয়।
‘আগন্তুক’ কবিতায় কবি গ্রামীণ বাংলার এক জীবন্ত ইমেজারি নির্মাণ
করেছেন ধানক্ষেত, স্কুলের ঘণ্টা, জলভরা কলস, বাউলের গান, বটগাছ, হুক্কার ধোঁয়া, শিশুরা
এবং দূরের নদী। জীবনানন্দকে স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় রূপসী বাংলার কথা।
‘রূপসী বাংলা’ মূলত নাহিদের উত্তরাধিকার থেকে পাওয়া, কিন্তু কবি এই জগতের অধিবাসী
নন; তিনি আগন্তুক। এই আগন্তুকতা আসলে আধুনিক মানুষের অস্তিত্বগত বিচ্ছিন্নতার প্রতীক।
বোদলেয়ার যে ভ্রূণ রোপণ করেছিলেন পৃথিবীর কবিতায়। পরিচিত পৃথিবীকেও অপরিচিত মনে হওয়াÑ
এখানেই কবিতাটি পাশ্চাত্য আধুনিকতার অ্যালিয়েনেশন বোধের সঙ্গে যুক্ত হয়।
‘সময়’ কবিতায় সুফি মরমিয়ত, ‘কুন ফায়াকু’, মেহফিল, ইতিকাফ, মুর্শিদ
ও ‘শূন্যের ঘর’... এসব প্রতীক এক ধরনের আধ্যাত্মিক পরাবাস্তবতা সৃষ্টি করে। এখানে সময়
ঘড়ির নয়, অন্তর্জগতের; ঈশ্বর অনুসন্ধান আসলে নিজের অস্তিত্ব অনুসন্ধান। ‘খোদাই সময়’
তাই একই সঙ্গে সুফি বাউল দর্শনের কথা মনে করিয়ে দেবে আমাদের। এই তরুণ কবিকে ‘রক্তকে
কালিতে রূপান্তরের জগতে’ স্বাগত জানাই। জয়তু নাহিদ ধ্রুব।