মাসুদুল হক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:২২ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫১ পিএম
উইলিয়াম কেরি। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ
উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪) ছিলেন অষ্টাদশ শতকের শেষভাগ ও উনিশ শতকের প্রথমার্ধের অন্যতম প্রভাবশালী ব্যাপ্টিস্ট মিশনারি। ধর্মপ্রচারক হিসেবে তার পরিচিতি যতটা বিস্তৃত, বাংলা ভাষা, মুদ্রণ, শিক্ষা ও অনুবাদচর্চায় তার অবদানও ততটাই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের দরিদ্র জুতা-সেলাইকারী পরিবার থেকে উঠে আসা কেরি আত্মশিক্ষার মধ্য দিয়ে ভাষা ও ধর্মতত্ত্বে জ্ঞান অর্জন করেন এবং ১৭৯৩ সালে ভারতে আসেন। তার দীর্ঘ ভারতীয় কর্মজীবনের সবচেয়ে খ্যাতিমান অধ্যায় শ্রীরামপুর মিশনকে ঘিরে; কিন্তু সেই বৃহৎ কর্মযজ্ঞের ভিত নির্মিত হয়েছিল তারও আগে, উত্তরবঙ্গের দিনাজপুরের মদনাবাটীতে অতিবাহিত প্রায় সাত বছরে। ১৭৯৪ সালের ১৫ জুন টাঙ্গন নদীর তীরে মদনাবাটীর ঘাটে তার আগমন তাই কেবল একজন মিশনারির নতুন কর্মস্থলে পদার্পণ ছিল না; বাংলা ভাষা, গদ্য, শিক্ষা ও মুদ্রণসংস্কৃতির ইতিহাসেও এটি ছিল এক তাৎপর্যপূর্ণ সূচনামুহূর্ত।
কেরি দিনাজপুরে এসেছিলেন জন টমাস, স্ত্রী ও সন্তানদের সঙ্গে। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকৃত অঞ্চলে মিশনারিদের প্রকাশ্য ধর্মপ্রচার কার্যত নিষিদ্ধ থাকায় তাকে সরাসরি মিশনারি পরিচয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। কোম্পানির কর্মকর্তা জর্জ উডনির ব্যবস্থায় মদনাবাটীতে একটি নীলকুঠির সুপারিনটেনডেন্ট হিসেবে কেরির কর্মজীবন শুরু হয়; জন টমাস নিযুক্ত হন মহীপালের নীলকুঠির দায়িত্বে। নীলচাষ ছিল তাদের আনুষ্ঠানিক পেশা, কিন্তু তার অন্তরালে চলত ধর্মপ্রচার ও শিক্ষাকর্ম। এই দ্বৈত অবস্থান কেরির দিনাজপুর-জীবনের একটি মৌলিক বৈশিষ্ট্য। নীলকুঠি তার কাছে নিছক ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল না; বরং সাধারণ কৃষক, শ্রমিক, কুঠির কর্মচারী ও গ্রামীণ মানুষের কাছে পৌঁছানোর একটি সামাজিক পরিসর ছিল।
মদনাবাটীর পরিবেশ কেরির জন্য মোটেই অনুকূল ছিল না। নিচু ও জলাবদ্ধ ভূমি, বর্ষার বন্যা, অনাবৃষ্টি, ম্যালেরিয়া এবং অস্বাস্থ্যকর জলবায়ু তার পরিবারকে বিপর্যস্ত করে। নীলচাষও সেখানে আশানুরূপ ফল দেয়নি। তার সঙ্গে যুক্ত হয় কেরির নিজস্ব মানবিক মনোভাব। একজন নীলকরের কাছ থেকে যে কঠোরতা ও উৎপাদনকেন্দ্রিক আচরণ প্রত্যাশিত ছিল, দরিদ্র কৃষকের প্রতি সহানুভূতিশীল কেরির পক্ষে তা গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে ব্যবসায়িক সাফল্য অধরাই থেকে যায়। কিন্তু এই ব্যর্থতাই তাকে অন্য এক অর্থে সফল করে তোলে : নীলকুঠির কাজের সূত্রে তিনি গ্রামীণ সমাজের একেবারে কাছাকাছি যেতে পারেন এবং বাংলা ভাষাকে কেবল পুস্তকীয় জ্ঞান হিসেবে নয়, মানুষের মুখের ভাষা হিসেবে আয়ত্ত করার সুযোগ পান।
দিনাজপুরে কেরির সবচেয়ে স্থায়ী অর্জন ছিল বাংলা ভাষায় দক্ষতা অর্জন। কুঠির কর্মচারী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তার ভাষাশিক্ষাকে বাস্তব ও জীবন্ত করে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন, কোনো বিদেশি ভাষার মাধ্যমে এদেশের সাধারণ মানুষের সঙ্গে গভীর যোগাযোগ সম্ভব নয়। ধর্মপ্রচার, শিক্ষা কিংবা অনুবাদÑ সব ক্ষেত্রেই স্থানীয় ভাষা অপরিহার্য। তাই বাংলা তার কাছে শুধু ধর্মীয় প্রচারের মাধ্যম হয়ে ওঠেনি; তা হয়ে উঠেছিল জ্ঞান, শিক্ষা, ভাবপ্রকাশ ও জনসম্পৃক্ততার ভাষা।
এই ভাষাশিক্ষার সঙ্গে যুক্ত হয় বাংলা গদ্যের প্রতি তার গভীর আগ্রহ। কেরির সময়ে বাংলা ভাষার সমৃদ্ধ পদ্যঐতিহ্য থাকলেও আধুনিক জ্ঞানবিজ্ঞান, শিক্ষাদান, ধর্মীয় আলোচনা ও অনুবাদের উপযোগী সুসংগঠিত গদ্য তখনও পূর্ণতা পায়নি। প্রশাসনিক নথি, চিঠিপত্র বা বিচ্ছিন্ন গদ্যরীতির বাইরে সাধারণ পাঠকের উপযোগী ধারাবাহিক বাংলা গদ্যের পরিসর ছিল সীমিত। কেরি এই শূন্যতাটি অনুভব করেছিলেন। বাইবেলের জটিল ধর্মতাত্ত্বিক বক্তব্যকে বাংলায় প্রকাশ করতে গিয়ে তাকে এমন একটি ভাষার সন্ধান করতে হয়েছিল, যা একদিকে ভাবপ্রকাশে সক্ষম, অন্যদিকে সাধারণ মানুষের বোধগম্য।
কেরির বাংলা গদ্যচর্চার মূল্য এখানেই যে তিনি ভাষাকে কেবল পাণ্ডিত্য প্রদর্শনের উপকরণ হিসেবে ব্যবহার করেননি। তিনি কথ্য ও দেশীয় শব্দভান্ডার, বাক্যরীতি এবং সাধারণ মানুষের ভাষাবোধকে গুরুত্ব দিয়েছিলেন। তার গদ্য নিখুঁত বা পরবর্তী যুগের মানদণ্ডে সর্বাঙ্গসুন্দর ছিল না; বরং তা ছিল নির্মাণপর্বের গদ্য। কিন্তু এই নির্মাণের মধ্য দিয়েই বাংলা ভাষা ধর্মীয় অনুবাদ, শিক্ষামূলক রচনা, জ্ঞানবিজ্ঞান ও মুদ্রিত জনপরিসরের উপযোগী হয়ে ওঠার পথে অগ্রসর হয়।
বাইবেল অনুবাদ তার এই ভাষাচর্চার বৃহত্তম প্রকল্প। সম্পূর্ণ বাংলা বাইবেল প্রকাশিত হয় পরবর্তী শ্রীরামপুর পর্বে এবং অনুবাদের কাজ দীর্ঘ সময় ধরে চলে; কিন্তু সেই বিশাল কর্মের ভাষাগত প্রস্তুতি মদনাবাটীতেই শুরু হয়েছিল। একটি জটিল ধর্মগ্রন্থকে বাংলায় রূপান্তর করতে গিয়ে কেরিকে নতুন শব্দ, বাক্যবিন্যাস ও ভাবপ্রকাশের পদ্ধতি নিয়ে পরীক্ষা করতে হয়। দেশীয় পণ্ডিতদের সহযোগিতা তার এই কাজে গুরুত্বপূর্ণ ছিল। পণ্ডিত রাম রাম বসুর মতো ব্যক্তিদের সহায়তা কেরিকে বাংলা ভাষার অন্তর্গত রীতি ও সাংস্কৃতিক তাৎপর্য বুঝতে সাহায্য করে। পরবর্তীকালে শ্রীরামপুর ও ফোর্ট উইলিয়াম কলেজের পরিবেশে দেশীয় পণ্ডিত ও ইউরোপীয় লেখক-অনুবাদকদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা গদ্য আরও পরিণত হয়।
কেরির ভাষাচর্চার সঙ্গে তার শিক্ষাভাবনারও গভীর সম্পর্ক ছিল। ১৭৯৪ সালেই মদনাবাটীতে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। সেখানে পড়া, লেখা, অঙ্ক, স্থানীয় হিসাবপদ্ধতি এবং খ্রিস্টীয় ধর্মশিক্ষা দেওয়া হতো। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কেরি নিজে এবং পণ্ডিত রাম রাম বসুর মতো দেশীয় সহযোগী যুক্ত ছিলেন। এই বিদ্যালয়ের তাৎপর্য ছিল স্থানীয় ভাষায় শিক্ষাদান এবং অপেক্ষাকৃত সাধারণ পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। সে সময়ের প্রচলিত টোল, মক্তব ও মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার বাইরে এটি ছিল এক নতুন ধরনের পরীক্ষামূলক উদ্যোগ।
কিন্তু স্কুল চালাতে গেলে পাঠ্যপুস্তক দরকার, আর পাঠ্যপুস্তক তৈরি করতে গেলে প্রয়োজন মুদ্রণযন্ত্র। এখানেই কেরির ভাষা, শিক্ষা ও মুদ্রণচিন্তা একটি অভিন্ন কর্মধারায় এসে মিলিত হয়। মদনাবাটীতে একটি প্রেস স্থাপনের জন্য তিনি ইংল্যান্ডে যোগাযোগ করেছিলেন। সেই প্রচেষ্টা সফল না হওয়ায় কলকাতা থেকে একটি পুরোনো ছোট কাঠের প্রেস সংগ্রহ করেন। জর্জ উডনির আর্থিক সহায়তায় প্রায় ৪০ পাউন্ডে কেনা প্রেসটি ১৭৯৬ সালের দিকে মদনাবাটীতে পৌঁছায়। প্রেসটি ছিল সীমিত ক্ষমতার এবং কাঠের টাইপ ব্যবহৃত হতো; তবু প্রত্যন্ত নীলকুঠিতে একটি মুদ্রণযন্ত্র স্থাপন ছিল যুগান্তকারী ঘটনা।
মুদ্রণকাজে মি. ওয়ার্ডের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি মদনাবাটীতে এসে প্রেসের মুদ্রণের দায়িত্ব নেন এবং কেরিও মুদ্রণযন্ত্র চালানোর দক্ষতা অর্জন করেন। ফলে মদনাবাটী ধীরে ধীরে নীলচাষের কেন্দ্রের পাশাপাশি বাংলা ভাষায় ধর্মীয় ও শিক্ষামূলক মুদ্রিত সাহিত্য তৈরির ক্ষুদ্র পরীক্ষাগারে পরিণত হয়। ধর্মীয় পুস্তিকা, প্রচারপত্র এবং সম্ভবত একটি সাময়িক পত্রিকা এই প্রেস থেকে প্রকাশিত হয়েছিল বলে মিশনারি ঐতিহ্য ও পরবর্তী কয়েকটি সূত্রে উল্লেখ আছে।
এই সম্ভাব্য পত্রিকাটির প্রসঙ্গ বাংলা সংবাদপত্রের ইতিহাসে বিশেষ আগ্রহের বিষয়। এর নাম, সঠিক প্রকাশকাল বা কোনো সংরক্ষিত সংখ্যা আজ পর্যন্ত নিশ্চিতভাবে পাওয়া যায়নি। ফলে এটিকে নিশ্চিতভাবে বাংলার প্রথম সংবাদপত্র বলা ইতিহাসসম্মত হবে না। তবে যদি মদনাবাটী থেকে বাংলা ভাষায় নিয়মিত বা সাময়িক কোনো পত্রিকা সত্যিই প্রকাশিত হয়ে থাকে, তাহলে ১৮১৮ সালের সমাচার দর্পণকে ঘিরে প্রচলিত সূচনাকাহিনীর আগে বাংলা মুদ্রিত পত্রিকার একটি ক্ষণস্থায়ী পূর্বসূত্রের সম্ভাবনা সামনে আসে। এখানে গবেষণাগত সতর্কতা অত্যন্ত জরুরি : প্রামাণ্য কপি না পাওয়া পর্যন্ত এই দাবিকে ঐতিহাসিক সত্যের পরিবর্তে একটি গুরুত্বপূর্ণ গবেষণাপ্রশ্ন হিসেবেই দেখা উচিত। বিশেষত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর মিশনের বহু পুরনো নথি ও সম্পদ ধ্বংস হওয়ার ফলে ভবিষ্যতে কোনো নতুন দলিল আবিষ্কারের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
বাংলা মুদ্রণের ইতিহাসে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় চার্লস উইলকিন্সকে ঘিরে। ১৭৭২-১৭৭৮ সালের মধ্যে বাদাল কুঠিতে অবস্থানকালে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং বাংলা মুদ্রাক্ষর তৈরির কাজে মনোনিবেশ করেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। পরবর্তীকালে পঞ্চানন কর্মকার ও অন্যান্য কারিগরের সহযোগিতায় বাংলা ধাতব টাইপ আরও উন্নত হয়। ফলে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ইতিহাসে উইলকিন্সের বাংলা টাইপ-নির্মাণের প্রাথমিক প্রচেষ্টা এবং কয়েক দশক পরে মদনাবাটীতে কেরির বাংলা মুদ্রণচর্চাকে পাশাপাশি রাখলে একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক ধারাবাহিকতা লক্ষ করা যায়। উত্তরবঙ্গ তখন কেবল নীলচাষ ও কৃষির ভূখণ্ড ছিল না; ভাষা ও মুদ্রণপ্রযুক্তির ইতিহাসেও তার একটি প্রাথমিক ভূমিকা ছিল।
তবে কেরির অবদান মূল্যায়নের সময় তাকে একমাত্রিকভাবে ‘বাংলা গদ্যের জনক’ বা ‘নবজাগরণের একক পথিকৃৎ’ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বাংলা গদ্যের বিকাশ ছিল দীর্ঘ ও বহুমাত্রিক প্রক্রিয়া, যার সঙ্গে দেশীয় পণ্ডিত, লেখক, অনুবাদক, মুদ্রাকর এবং পরবর্তীকালের শিক্ষাবিদদের অবদান অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কেরির গদ্যচর্চা সেই ধারার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্ব, কিন্তু একমাত্র উৎস নয়। একইভাবে তার কাজের সঙ্গে ঔপনিবেশিক মিশনারি উদ্দেশ্যও গভীরভাবে যুক্ত ছিল। তিনি খ্রিস্টধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিশ্বাস করতেন এবং দেশীয় ধর্ম ও সামাজিক রীতির অনেক কিছুকে সমালোচনার চোখে দেখতেন। ফলে তার কর্মকাণ্ডে একদিকে ভাষা ও শিক্ষার আধুনিকীকরণের শক্তি, অন্যদিকে ঔপনিবেশিক ধর্মীয় দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাÑ দুই-ই উপস্থিত।
এই দ্বৈততাই কেরিকে ইতিহাসের বিচারে আকর্ষণীয় করে তোলে। তিনি ইউরোপীয় সভ্যতার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী একজন মিশনারি, অথচ সেই মানুষটিই বাংলা শেখার জন্য দেশীয় মানুষের দ্বারে দ্বারে গেছেন; দেশীয় পণ্ডিতের সহায়তা নিয়েছেন; কৃষক-শ্রমিকের মুখের ভাষা আত্মস্থ করেছেন; সেই ভাষায় বই লিখেছেন এবং মুদ্রণযন্ত্র বসিয়েছেন। তার উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তিনি বাংলা ভাষা ও মুদ্রিত সংস্কৃতির বিকাশে এমন এক অবদান রেখে যান, যার প্রভাব তার নিজস্ব ধর্মীয় উদ্দেশ্যের সীমা অতিক্রম করে।
১৭৯৯ সালের শেষ কয়েক মাস উইলিয়াম কেরি মিশনারির চাকরি ছেড়ে মদনাবাটী থেকে কিছুটা দূরে উটনি সাহেবের জমিসহ কুঠিবাড়িটি ক্রয় করেন। উদ্দেশ্য চাকরির নির্ভরতার পরিবর্তে চাষাবাদ ও খ্রিস্টধর্ম প্রচার করবেন। কিন্তু অর্থনৈতিক টানাপড়েনে শেষ পর্যন্ত ১৮০০ সালের ১০ জানুয়ারি কেরি খিদিরপুর থেকে শ্রীরামপুরের উদ্দেশে যাত্রা করেন। এর মধ্য দিয়ে দিনাজপুরে তার প্রত্যক্ষ কর্মজীবনের সমাপ্তি ঘটে, কিন্তু মদনাবাটীর অভিজ্ঞতা তার সঙ্গে শ্রীরামপুরে চলে যায়। বাংলা ভাষার দক্ষতা, অনুবাদের অভিজ্ঞতা, মুদ্রণপ্রযুক্তির শিক্ষা, বিদ্যালয় পরিচালনার ধারণা এবং সাধারণ মানুষের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা পরবর্তী শ্রীরামপুর মিশনের বিশাল কর্মযজ্ঞে নতুন মাত্রা পায়। মদনাবাটীর ছোট কাঠের প্রেস বৃহৎ শ্রীরামপুর প্রেসের প্রযুক্তিগত পূর্বাভাস না হলেও তার মানসিক ও কর্মপদ্ধতিগত পূর্বসূরি ছিল; মদনাবাটীর ক্ষুদ্র বিদ্যালয়ও পরবর্তী বৃহত্তর শিক্ষাভাবনার একটি প্রাথমিক পরীক্ষাক্ষেত্র।
অতএব দিনাজপুরে কেরির সাত বছরকে কেবল তার জীবনের একটি ‘নবিশীকাল’ বলে দেখলে তার ঐতিহাসিক গুরুত্ব খর্ব হয়। আবার এই সময়কে বাংলা নবজাগরণের একমাত্র উৎস বলাও অতিরঞ্জন। বরং মদনাবাটীকে দেখা উচিত একটি পরীক্ষাগার হিসেবেÑ যেখানে ধর্মপ্রচার ও ভাষাশিক্ষা, শিক্ষা ও অনুবাদ, গদ্য ও মুদ্রণ, কৃষি ও মানবসেবা, ইউরোপীয় প্রযুক্তি ও দেশীয় ভাষা পরস্পরের সংস্পর্শে এসে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল। কেরির সাফল্যের চেয়ে তার পরীক্ষাগুলোর গুরুত্ব এখানে বেশি; কারণ বহু উদ্যোগ ব্যর্থ হলেও সেগুলোর অভিজ্ঞতা পরবর্তী বৃহত্তর সাফল্যের ভিত গড়ে দেয়।
দিনাজপুরের মাটিতে কেরির প্রকৃত উত্তরাধিকার তাই কোনো স্থায়ী দালান বা সফল নীলকুঠি নয়; তার উত্তরাধিকার একটি বৌদ্ধিক কর্মপদ্ধতি। তিনি দেখিয়েছিলেন, একটি ভাষাকে জানতে হলে তার মানুষের কাছে যেতে হয়; একটি ভাষায় জ্ঞান সৃষ্টি করতে হলে তাকে মুদ্রণের উপযোগী করে তুলতে হয়; আর শিক্ষাকে বিস্তৃত করতে হলে স্থানীয় ভাষাকেই তার প্রধান বাহন করতে হয়। এই দৃষ্টিতে ১৭৯৪ সালের ১৫ জুন টাঙ্গন নদীর তীরে কেরির আগমন ছিল এক দীর্ঘ সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা। মদনাবাটীতে যে অঙ্কুরোদ্গম, শ্রীরামপুরে তার বিস্তার; আর বাংলা গদ্য, মুদ্রণ ও শিক্ষার ইতিহাসে সেই অঙ্কুর আজও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চিহ্ন হয়ে আছে।