× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুসাহিত্যের প্রাণের মানুষ

আনজীর লিটন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৮ পিএম

আমীরুল ইসলাম, ৭ এপ্রিল ১৯৬৪-১১ সেপ্টেম্বর ২০২৬    প্রতিকৃতি : তানভীর মালেক

আমীরুল ইসলাম, ৭ এপ্রিল ১৯৬৪-১১ সেপ্টেম্বর ২০২৬ প্রতিকৃতি : তানভীর মালেক

আধুনিক বাংলা শিশুসাহিত্যের কীর্তিমান লেখক আমীরুল ইসলাম। ছোটদের নিয়ে তার ভাবনাটা ছিল এমনÑ‘শিশুদের জগৎ হচ্ছে রঙিন। স্বপ্নময়। শিশুদের আছে সরল মন। শিশুরা বিভেদ বোঝে না। প্রজাপতি আর পাখির মতো ডানা মেলে চারপাশকে দেখতে চায়।’ 

আর এসব দেখানোর জন্যই তিনি কলম ধরেছেন। গল্প, ছড়া-কবিতায় শিশু-কিশোরদের জন্য সাজিয়ে দিয়েছেন এক রঙিন আকাশ। সেই আকাশে আছে মেঘ, রোদ, পাখি, ঘুড়ি আরও কত কী! শিশু-কিশোরদের ভুবনকে জ্ঞানসমৃদ্ধ করে সাজানোর জন্য তিনি গল্প, ছড়া, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, জীবনী, ইতিহাস, চিত্রকলাÑ নানান বিষয় নিয়ে লিখেছেন।

তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ১৯৮৩ সালে। সংবাদ অফিসে। খেলাঘর পাতার জন্য লেখা নিয়ে গিয়েছিলাম। পরিচয়ের পর থেকেই আমীরুল ইসলাম ধীরে ধীরে হয়ে উঠলেন আমার প্রাণের মানুষ। কখনও গল্প, কখনও ছড়া, কখনও বই, সাহিত্য-বিশ্বসাহিত্য নিয়ে কথা হতো তার সঙ্গে। পৃথিবী, আগুন, পানি, আকাশ, নদী, সমুদ্র, পরিবেশ-প্রকৃতি, গ্রহ, নক্ষত্র, বিজ্ঞান, খেলাধুলা, পশুপাখি, মানবজীবনÑ সব বিষয় নিয়ে তোলপাড় করা যুক্তি-তর্কে মেতে উঠতেন তিনি। তার কথার মধ্যে থাকত আনন্দভরা অনুভূতি। থাকত জীবনের নানা মাত্রায় পাওয়া অভিজ্ঞতার কথা। তার কথায় ছিল প্রাণ। রসিকতায় ছিল নিজস্ব ভঙ্গি। স্পষ্ট উচ্চারণে কণ্ঠ ছিল বলিষ্ঠ। সবকিছু মিলিয়ে তিনি খুব সহজে মানুষের মনে জায়গা করে নিতে পারতেন। তার মধ্যে একটা শিশুমন ছিল। ছোটদের জন্য লিখতেন বলেই শিশুর আনন্দ, কৌতূহল আর বিস্ময়কে তিনি সহজে ধরতে পারতেন। 

পুরান ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় একদিন স্যার ক্লাসের সহপাঠীদের নামের তালিকা লিখতে বললেন। আমীরুল ইসলাম লিখে দিলেন। তার হাতের লেখা দেখে স্যার খুব প্রশংসা করলেন। সেই খুশিতে আরও নতুন নতুন লেখার শখ জাগল আমীরুল ইসলামের মনে। ১৯৭৭ সাল। একদিন হুট করে লিখে ফেললেন ছড়া। তখন সপ্তম শ্রেণির ছাত্র। স্কুলের সেই স্যারের পরামর্শে বার লাইনের ছড়াটি পাঠিয়ে দেন দৈনিক বাংলা পত্রিকায় সাত ভাই চম্পা বিভাগে। চার লাইন কেটে দিয়ে সেই ছড়াটির আটলাইনে ছাপা হলো। শুধু কি তাই! লেখা ছাপা হওয়ার জন্য দৈনিক বাংলা পত্রিকা থেকে পাওয়া গেল দশ টাকা সম্মানী। সেই আনন্দে আর লেখা থামেনি। প্রবল উৎসাহে শুরু করেন লেখালেখি। তার প্রথম বই খামখেয়ালি। বইটি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিল। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া অর্জন করেছেন মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা।

জন্ম ৭ এপ্রিল ১৯৬৪। ঢাকার লালবাগে তার বড় হয়ে ওঠা। আমীরুল ইসলামের সাহিত্যিক পরিচয়ের সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি হচ্ছে ছড়া। বাংলার লোকজ ছড়ার ঐতিহ্যবাহী ধারাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। রূপ দিয়েছেন আধুনিকতার। 

আজ তিনি নেই। চিরতরে বিদায় নিলেন ১১ সেপ্টেম্বর ২০২৬। স্মৃতির জানালা খুললেই মনে হয়, এই তো সেদিনও কত কথা হয়েছে তার সঙ্গে। শুধু লিখতে জানতেন না, জানতেন দারুণ সুস্বাদু রান্না করতে। ছিলেন চমৎকার দাবাড়ু। খেলেছেন গ্র্যান্ড মাস্টারদের সঙ্গে। আধুনিক শিশুসাহিত্যের জন্য রেখে গেছেন অমূল্য রত্নভান্ডার।

তিনি থাকবেন আমাদের স্মৃতির ভেতর, লেখালেখির ভেতর। থাকবেন হৃদয়জুড়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা