× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয় ছড়াকার আকাশ জুড়ে গল্প তার

জারাদ ত্রিস্তান

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৪ পিএম

প্রিয় ছড়াকার আকাশ জুড়ে গল্প তার

আজ থেকে প্রায় মাস দুয়েক আগে (২৩ জুলাই ২০২৬)। শিশু পাতা ঘুঙুর খুলে আমার চোখ ছানাবড়া! একই পাতায় আমার ছোট বোন জায়রা ত্রিনিতা এবং আমীরুল ইসলামের লেখা! কি আনন্দ! একজনের বয়স বাষট্টি। যার লেখালেখির বয়স প্রায় পাঁচ দশক। যার প্রকাশিত বইয়ের সংখ্যাও প্রায় তিনশ! বর্তমানের একজন গুরুত্বপূর্ণ শিশুসাহিত্যিক। অপরজন নার্সারিতে পড়ে কেবল। নার্সারিতে পড়ুয়া সেই শিশু লেখক দশ বছর পর পত্রিকায় ছাপা হওয়া তার লেখাটি দেখে বেশ আনন্দিত হবে। ভালোও লাগবে তার। কেননা প্রিয় শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের লেখা পড়ে বড় হয়েছে এই শিশুটির বাবা মা। এমন গুণীর লেখকের পাশে ছাপা হয়েছে তার লেখা! এটা একটা বড় আনন্দময় ঘটনা।

আমীরুল ইসলামের ছড়া পড়েননি এমন মানুষের সংখ্যা কম। তবে তার আগে আমি জানতাম না তিনি এত সুন্দর গল্প লিখেন। তার পরিচয় মূলত ছড়াকার হিসেবে। তিনি অংখ্য ছড়া লিখেছেন। 

গল্প থাকে আকাশ জুড়ে, ছড়া থাকে নদীর জলে। ছড়া থাকে...

ছড়া আরও একটা জায়গায় থাকে, সেটি হলোÑ শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের ছড়ার খাতার পাতায়! 

বাংলাদেশের আধুনিক বাংলা শিশুসাহিত্যের অন্যতম রূপকার আমীরুল ইসলামের আকাশ থাকে ছড়ায় ছড়ায় ভরা। তিনি যা দেখেন তাই ছড়া যেন হয়ে যায়। 

আমাদের এই ছড়াকারের জন্ম ১৯৬৪ সালে ৭ এপ্রিল। পুরান ঢাকার লালবাগে। তার ডাকনাম ‘টুলু’! তার পিতৃব্য কবি হাবীবুর রহমান। আমার জেঠু ধ্রুব এষের সঙ্গে তার ছিল গভীর বন্ধুত্ব। 

বাংলাদেশে শিশুসাহিত্যিক বললেই সবার প্রথমে আসে তার নাম। শিশুসাহিত্য জগতের বাতিঘর তিনি। 

তিনি দীর্ঘদিন ধরে শুধু লিখছেন শিশুদেরই জন্য। ছড়া, গল্প, রূপকথারা তার কলমের মসিতে হয়ে উঠে বৈচিত্র্যময়। তার হাতের ছোঁয়ায় ছড়ার পায় সোনা রঙ।

তার লেখা ছড়া পড়ে বুঝতে পেরেছি ছড়া লেখার জন্য কোনো নির্দিষ্ট বিষয় লাগত না তার, ফুল, পাখি, লতাপাতা ইত্যাদি কিংবা মানুষের স্বভাব চরিত্র বা নামের বৈচিত্র্য সবই ছিল তার ছড়া-কবিতায়। তার কিশোর কবিতা পড়ে বোঝা যায় তিনি ছিলেন মাতৃভক্ত। তার কবিতায় বারবার মায়ের স্নেহ বা মায়ের মৃত্যুতে সন্তানের দুঃখের কথা উঠে এসেছে। মানুষের নামের বৈচিত্র্য নিয়ে তৈরি করা কবিতাগুলো আমার দারুণ লাগে। আমীরুল আজীবন শিশুসাহিত্য নিয়ে লিখেছেন। লিখেছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, রূপকথা, বিজ্ঞান, নাটক, খেলাধুলাসহ নানাবিধ বিষয়ের ওপর বই। তার উপন্যাস পিচ্চি ভূতের বাহাদুরি, রুমঝুমপুর ইত্যাদি। তার লেখা গল্প বৈশাখী বাঁশি, আমি ওয়ান আমি টু, লুথা দ্বীপের রহস্য। তিনি লিখেছেন অসংখ্য ছড়া। তার মধ্যে, খামখেয়ালি, মশা, স্লোগান, বাণী, মা ও মৃত্যু, অমি ওয়ান অমি টু, রাজিনের উড়ন্ত সাইকেল, আমি মুক্তিযোদ্ধা হতে চাই, ছড়া নাচে টুং টাং, তুমি আমাদের পিতা, আকাশভরা রূপকথা, আমাদের গোয়েন্দাগিরি ইত্যাদি। 

বাংলাদেশের ছড়া ও সাহিত্যে তার অবদান অসামান্য। এজন্য তিনি ২০০৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এ ছাড়া তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ আরও নানাবিধ পুরস্কার লাভ করেছেন।

প্রখ্যাত এই লেখকের প্রিয় পৃথিবীর বিভিন্ন দেশের শহরে শহরে ঘোড়া, রান্না করা, রবীন্দ্রসংগীত শোনা, বই পড়া, দাবা খেলা এবং পুরনো বই ও চিত্রকলা সংগ্রহ। 

তিনি তার ছড়ায় লিখেছেনÑ

‘হাঁটতে হাঁটতে ক্লান্ত হলাম

খাটতে খাটতে ক্লান্ত

মন এখনো চঞ্চল হয়,

   মন হয় না শান্ত।’ 

১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রিয় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম তারা হয়ে চলে গেলেন দূর আকাশে। তার স্মৃতির প্রতি অপার শ্রদ্ধা।

আমার একটা শখ বা আশা-আকাঙ্ক্ষা ছিল, কোনোদিন হয়তো তার লেখার পাশে আমার লেখা ছাপা হবে। কিন্তু আমার আশা অপূর্ণ রেখে এবং দেশের বহু ছড়া অনুরাগী পাঠক রেখে চলে গেছেন দূরের আকাশে। ঈশ্বর তাকে পরপারে ভালো রাখুক।

ষষ্ঠ শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড 

কলেজ, কাকরাইল, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা