মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯ পিএম
পাথরে কখনও ফুল ফোটে? ফোটে না। তবে এমন উদ্ভিদ আছে, যা দেখতে হুবহু পাথরের টুকরোর মতো! সত্যিই সে রকম উদ্ভিদ আছে। তাও সে উদ্ভিদ আছে আবার আমাদের দেশেই। উদ্ভিদের এ রকম চেহারার জন্য বলা হয় ‘জীবন্ত পাথর’ বা লিভিং স্টোনস। কেননা, পাথর তো বড় হয় না, কিন্তু পাথরের মতো চেহারা সে গাছগুলো বড় হয়, রঙ বদলায়, এমনকি সেসব গাছে ফুলও ফোটে! বড়ই অদ্ভুত সেসব গাছের চেহারা আর স্বভাব। এরা আসলে এক ধরনের রসালো বা সাকুলেন্ট ধরনের উদ্ভিদ। উদ্ভিদ হলেও দেখতে হুবহু পাথরের মতো; এদের রঙ ধূসর, সবুজ, নীলাভ কিংবা গোলাপি হতে পারে। এদের আসল নাম লিথপস। লিথপসের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলোÑ এদের পাতার রঙ ও নকশা। এদের পাতায় ক্রিম, ধূসর ও বাদামি রঙের বিভিন্ন আভা ও গাঢ় রঙের ছোপ বা রেখা দেখা যায়। এ কারণে এরা যখন কোনো পাথুরে পরিবেশে জন্মায় তখন ওদের আর গাছ হিসেবে আলাদাভাবে বুঝা দুষ্কর হয়।
প্রত্যেকটি লিথপ উদ্ভিদের একজোড়া পুরু, মোটা ও মাংসল পাতা থাকে যারা মুখোমুখি জোড়া লাগার মতো থাকে। দুটি পাতার মাঝখানে একটা ফাটলের মতো দেখায়। এই ফাটলের মধ্য দিয়েই বেরিয়ে আসে ফুল ও নতুন পাতা। প্রতি জোড়া পাতার ফাঁক থেকে সাধারণত শরতকালে একটি করে হলুদ বা সাদা রঙের ফুল ফোটে। এই ফুলগুলো প্রায়শই সুগন্ধযুক্ত হয়। বসন্তকালে পুরনো পাতাগুলো ফাঁক হয়ে নতুন পাতাগুলোকে বের করে দেয়। এরপর পুরনো পাতাগুলো শুকিয়ে যায়। খরার সময় লিথপসের পাতাগুলো সংকুচিত হয়ে মাটির নিচে চলে যেতে পারে। ছোট টবে তোমাদের পড়ার টেবিলের একপাশে বা বৈঠকখানায় এ গাছ রাখতে পারো।