প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৭ এএম
পাখিরাই কখনও কখনও টিকে থাকার নির্মম নিয়মে নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। স্কারলেট ম্যাকাওয়ের ক্ষেত্রে তেমনই এক বিস্ময়কর আচরণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত
আকাশে পাখির ডানা মেলা মানুষের কল্পনাকে মুগ্ধ করেছে সভ্যতার সূচনালগ্ন থেকেই। কখনও স্বাধীনতার প্রতীক, কখনও সৌন্দর্যের প্রতিচ্ছবি, আবার কখনও মানুষের ঘর-সংসারের নীরব সঙ্গীÑ পাখি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক অনন্য সেতু। কিন্তু পাখিরাই কখনও কখনও টিকে থাকার নির্মম নিয়মে নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। স্কারলেট ম্যাকাওয়ের ক্ষেত্রে তেমনই এক বিস্ময়কর আচরণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
পেরুর আমাজনের গভীরে তাম্বোপাতা জাতীয় উদ্যানে বছরের পর বছর গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, স্কারলেট ম্যাকাওয়ের মা-বাবা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বাসার সবচেয়ে ছোট ছানাটিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। ফলে একাধিক ডিম থেকে জন্ম নেওয়া তৃতীয় ও চতুর্থ ছানার প্রায় সবাই অনাহারে মারা যায়। দ্বিতীয় ছানাদেরও প্রায় ২৫ শতাংশ একই পরিণতির শিকার হয়।
২০১৮ সালের নভেম্বরের এক সকালে এমনই একটি ছানাকে বাসা থেকে উদ্ধার করেন পেরুর বিজ্ঞানী গ্যাব্রিয়েলা ভিগো-ত্রাউকো। তখন তার চোখও ফোটেনি। দুর্বল ও অপুষ্ট ছানাটির নাম দেওয়া হয় ‘পার্কার’। সে ছিল চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ছিলই না। পার্কারকে প্রথমে তিন সপ্তাহ হাতে খাওয়ানো হয়। পরে তাকে একটি নতুন বাসায় দেওয়া হলে দত্তক মা টাম্বো তাকে সঙ্গে সঙ্গেই গ্রহণ করে। কয়েক মাস পর পার্কার বাসা ছেড়ে উড়ে যায়। দুই দশকের বেশি সময় ধরে স্কারলেট ম্যাকাও নিয়ে গবেষণা করা ভিগো-ত্রাউকো মনে করেন, এর পেছনে খাদ্যের সংকটই মূল কারণ নয়। বরং বিভিন্ন বয়সের ছানাকে একই সঙ্গে বড় করতে গিয়ে মা-বাবা সমস্যায় পড়ে। ছানা ফোটার মধ্যে মাত্র চার-পাঁচ দিনের ব্যবধান থাকলেও তাদের খাবারের চাহিদা ও প্রয়োজনীয় তাপমাত্রায় বড় পার্থক্য তৈরি হয়। ফলে সব ছানাকে সমানভাবে বাঁচিয়ে রাখার পরিবর্তে মা-বাবা ছোট ছানাটিকে ত্যাগ করে। এই নিষ্ঠুর আচরণ একসময় প্রজাতিটির টিকে থাকার কৌশল হলেও এখন সংখ্যায় কম প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে।
তথ্যসূত্র : বিবিসি