× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারানো শিশুরা কি আর ফিরবে না

লাবণী মণ্ডল

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩১ পিএম

হারানো শিশুরা কি আর ফিরবে না?   অলংকরণ : তানভীর মালেক

হারানো শিশুরা কি আর ফিরবে না? অলংকরণ : তানভীর মালেক

৩০ আগস্ট, বিকাল পাঁচটা। বনানী সৈনিক ক্লাবের সামনে ফুটওভার ব্রিজের গোড়ায় মেয়েকে দাঁড় করিয়ে বীথি আক্তার পাশের ফুটপাতে গিয়েছিলেন জুতা কিনতে। কয়েক মিনিটের ব্যাপার। ফিরে এসে দেখেন মেয়ে নেই। সাইবার বয়স চার। সেদিনই বনানী থানায় ছুটে যান বীথি। জিডি করতে চাইলে পুলিশ বলে, আগে নিজেরা খুঁজে দেখুন। অভিযোগ না নিয়ে ধমক দিয়ে বের করে দেওয়া হয়। পরদিন গিয়েও একই ব্যবহার। শেষে পরিবারের লোকজন সঙ্গে নিয়ে গেলে জিডি হয় ১ সেপ্টেম্বর বিকাল চারটায়। মেয়ে হারানোর সাতচল্লিশ ঘণ্টা পর।

সাইবার নানি শরীফা বেগম বলছেন, তদন্ত কর্মকর্তা তাদের আলাদা ডেকে বলেছেন, শিশু খুঁজে বের করা পুলিশের কাজ নয়; পরিবার খোঁজ পেলে জানাক, পুলিশ গিয়ে উদ্ধার করবে। ঘরের অভাবের কথা তুলে তিনি নাকি এ-ও বলেছেন, এলাকার কোনো প্রভাবশালী লোক ধরুন। জিডির পর এক সপ্তাহেও পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।

থানার তদন্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলছেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই ফুটেজ মেলেনি।

বিশেষজ্ঞরা বলছেন, শিশু হারানোর পরের প্রথম তিন ঘণ্টাই সবচেয়ে জরুরি। সাইবার বেলায় সেই তিন ঘণ্টা কেটেছে থানার দরজায় দাঁড়িয়ে।

৬ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জড়ো হয়েছিল এমন চল্লিশটি পরিবার। অনুষ্ঠানের নামÑ ‘আমার সন্তান কোথায়?’। প্রত্যেকের হাতে ছিল সন্তানের ছবিসহ প্ল্যাকার্ড। কারও প্ল্যাকার্ডে লেখা আট দিন। কারওটায় ৩৭০ দিন। একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল ছয় হাজার ৫৫৩ দিন।

ডায়াসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কথা বলছিলেন স্বপ্না আক্তার। পল্লবীতে থাকেন। স্বামী রাজন ভ্যানে করে শিশুদের খেলনা বিক্রি করেন। গত বছরের ২৯ আগস্ট বাসার কাছে দোকানের সামনে থেকে হারিয়ে যায় তিন বছরের মেয়ে রূপা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক তরুণ মেয়েটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। পল্লবী থানায় জিডি হয়েছিল। এক বছরের বেশি সময় পার হয়ে গেছে।

স্বপ্না বলেছেন, গ্রামে তার একটা ভিটেবাড়ি আছে। কেউ মেয়েটাকে এনে দিতে পারলে পুরস্কার হিসেবে ওই ভিটেবাড়িটাই দিয়ে দেবেন। যে সংসারে জমি বলতে ওইটুকু, সেই সংসার শেষ সম্বলটাও বাজি ধরছে। মায়ের পাশে দাঁড়িয়ে ছিল দশ বছরের সিয়াম। হাতে বোনের ছবি।

রাজবাড়ীর পাংশা থেকে এসেছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম। গত বছরের ২০ মে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে তামিম স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেনি। ষোলো মাস ধরে দেশের এ মাথা থেকে ও মাথা খুঁজেছেন। কবিরাজ ধরেছেন, জিন নামানোর লোকের কাছে গেছেন, যে যা বলেছে করেছেন। অবসরের জমানো টাকার বড় অংশ চলে গেছে। নিজে পুলিশে চাকরি করেও পুলিশের কাছ থেকে সাহায্য পাননি বলে তার অভিযোগ।

চম্পা বেগম কোলে নিয়ে এসেছিলেন লামিয়াকে। লামিয়ার যমজ বোন সামিয়া আড়াই বছর আগে বাড়ির সামনে খেলতে খেলতে হারিয়ে যায়। ছয় মাস আগে টিকটকে এক শিশুর ভিডিও দেখে চম্পার মনে হয়েছিল ওটা তার সামিয়া। যশোরে ছুটে গিয়েছিলেন। পুলিশ বলেছে, মেয়েটা তার নয়। একটা মুখ অবশ্য হাসছিল। 

আজাদ রহমানের সাত বছরের মেয়ে আশফিয়াকে টঙ্গীর বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হয়েছিল গত বছরের জুলাইয়ে। মেয়ে পরে বাবাকে বলেছে, তাকে পপকর্ন খাইয়ে ট্রেনে তুলে দেওয়া হয়েছিল। গত মাসে পুবাইলের এক সরকারি আশ্রয়কেন্দ্রে মেয়েকে ফিরে পেয়েছেন আজাদ। কিন্তু ফেরাটা পুরো হয়নি। মেয়ের শোকে তার স্ত্রী শামসুন্নাহার মেয়ে হারানোর পাঁচ মাসের মাথায় মারা গেছেন।

সংখ্যা যা বলে

পুলিশ সদর দপ্তর ৩ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ৭১৭টি। উদ্ধার হয়েছে বা নিজে থেকে ফিরে এসেছে ১৩ হাজার ৬৭৯ জন। এখনও ফেরেনি ২ হাজার ৩৮ জন। শতকরা হিসাবে ১৩।

বয়স ধরে ভাগ করলে ছবিটা আরও পরিষ্কার। শূন্য থেকে নয় বছর বয়সীদের জিডি ৪৭৪টি, খোঁজ নেই ৬৮ জনের। দশ থেকে সতের বছর বয়সীদের জিডি ১৫ হাজার ২৪৩টি, খোঁজ নেই ১ হাজার ৯৭০ জনের।

আগের বছরগুলোতে নিখোঁজ-সংক্রান্ত জিডি ছিল ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪, আর ২০২৫ সালে ২২ হাজার ৫৫০। পুলিশ বলছে, অনলাইনে জিডির সুযোগ হওয়ায় খাতায় নাম উঠছে বেশি। কথাটা মিথ্যা নয়। কিন্তু অনলাইন জিডি অন্ধকারটা আলোয় এনেছে, অন্ধকারটা বানায়নি।

আসল ফাঁকটা অন্য জায়গায়। জিডি খোলার নিয়ম আছে, বন্ধ করার বাধ্যতামূলক নিয়ম নেই। সন্তান ঘরে ফিরলে বেশির ভাগ পরিবার আর থানামুখো হয় না। ফলে কে ফিরল, কীভাবে ফিরল, কোন অবস্থায় ফিরল, ফিরে এসে কী হলো, তার কোনো জাতীয় হিসাব নেই। যে রাষ্ট্র তার হারানো নাগরিকের সঠিক সংখ্যাটাই জানে না, সে খুঁজবে কী দিয়ে।

ভয়ের আরেকটা হিসাব

এই খবরগুলোর আরেকটা ফল আছে, যেটা কোনো খাতায় ওঠে না।

মিরপুরের এক মা এখন ছেলেকে নিচে খেলতে পাঠান না। কিশোরগঞ্জের এক বাবা মেয়েকে স্কুলে দিয়ে গেট ধরে বসে থাকেন, ছুটি পর্যন্ত। যে বাচ্চাটা বিকালে গলির মাথায় গিয়ে দাঁড়াত, সে এখন ঘরে বসে থাকে। মায়েরা বলছেন, সঙ্গে নিয়ে বেরোতেও ভয় লাগে। রিকশায় বসে থাকা অবস্থায় যদি হাত থেকে টান মেরে নিয়ে যায়।

ভয়টা অমূলক না। সাইবা মায়ের হাতের কয়েক হাত দূরে দাঁড়িয়ে ছিল। রূপা নিজের বাসার সামনের দোকানের কাছে ছিল। সামিয়া ছিল বাড়ির উঠানে। তোহা আদনানকে তার মা ঘরের ভেতরে মোবাইল হাতে বসিয়ে পাশের ঘরে গিয়েছিলেন, পাঁচ মিনিটের জন্য। বিছানায় মোবাইলটা পড়ে ছিল, ছেলেটা নেই।

কিন্তু এই ভয়ের দামটা দিচ্ছে শিশুরাই। গ্রামে এমনিতেই খেলার মাঠ কমে গেছে, শহরে বিকাল বলে কিছু নেই। এখন তার সঙ্গে যুক্ত হলো তালাবন্ধ দরজা। শিশুটির দুনিয়া ছোট হয়ে ঠেকল চার দেয়াল আর একটা স্ক্রিনে। বাইরের দুনিয়াটা ছোট হয়ে গেলে ভেতরের দুনিয়াটা বড় হয়ে ওঠে। সেই ভেতরের দুনিয়ায়, মোবাইলের ভেতরের পাড়ায়ও অচেনা লোক ঘোরে। সেই দরজায় কারও পাহারা নেই।

এমন অনিশ্চয়তার মধ্যে একটা প্রজন্ম বড় হচ্ছে। দায়টা কার?

পরিবারের ভাগ, সমাজের ভাগ

সবচেয়ে সহজ উত্তর, বাবা-মা খেয়াল রাখেনি। উত্তরটা সহজ বলেই সন্দেহজনক।

যে বাবা ভোর পাঁচটায় ইটভাটায় যায় আর রাত নয়টায় ফেরে, যে মা চার বাড়ির কাজ সেরে সন্ধ্যায় ঘরে ঢোকে, খেয়াল রাখার সময়টা তাদের কে দেবে। বীথি আক্তার মেয়েকে নিয়ে জুতা কিনতে গিয়েছিলেন। জসিম ফুচকা বেচে সংসার চালান, ছেলে ইব্রাহিমের খোঁজে থানায় ঘুরেছেন দিনের পর দিন। এরা কেউ অসাবধান বাবা-মা নন। এরা খেটে খাওয়া মানুষ, যাদের চোখ একসঙ্গে দুই দিকে থাকতে পারে না।

তবু পরিবারের একটা দায় আছে, সেটা সময়ের দায়। পুলিশ বলছে, অনেক পরিবার প্রথমে নিজেরা খোঁজে। আত্মীয়ের বাড়ি, বন্ধুর বাড়ি, নানির বাড়ি। দুই দিন, তিন দিন। এই দিনগুলোতেই যে নিয়ে গেছে সে অনেক দূর চলে যায়। মেয়ে হলে দেরিটা আরও বাড়ে। কারণ লজ্জা। পাড়ায় জানাজানি হবে, ছোট বোনের বিয়ে হবে না। মেয়ের নিরাপত্তার চেয়ে ঘরের ইজ্জত বড় হয়ে ওঠে।

সমাজ ঘটনাটাকে দেখে কেচ্ছা হিসেবে। একটা মেয়ে হারালে পাড়ার আলোচনা শুরু হয় মেয়েটিকে দিয়ে। কার সঙ্গে কথা বলত, কেমন সেজে বেরোত। এই আলোচনার কোথাও অপরাধীর নাম থাকে না। ফলে হারিয়ে যাওয়াটা অপরাধ হয়ে ওঠে না, হয় কলঙ্ক। আর কলঙ্ক লুকাতে হয়, তার বিচার চাইতে হয় না। ফিরে এলেও সমাজ তাকে ফিরিয়ে নেয় না। স্কুলে ফেরা যায় না, পাড়ার দোকানে দাঁড়ালে লোকে তাকিয়ে থাকে। যে মেয়েটা ট্রমা নিয়ে ফিরেছে, তাকে দ্বিতীয়বার শাস্তি দেয় তার নিজের পরিবার, পাড়া-প্রতিবেশী।

দায় কার 

ক্ষমতা রাষ্ট্রের হাতে, আর ক্ষমতার সঙ্গে জবাবদিহি আসে।

প্রথম দায় থানার দরজায় :  সাইবার মাকে যে কর্মকর্তা বলেছেন শিশু খোঁজা পুলিশের কাজ নয়, তিনি আইন জানেন না, তা নয়। তিনি জানেন, না জানার ভান করলেও কিছু হয় না। পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা এএইচএম শাহাদাত হোসাইন বলেছেন, ওই কর্মকর্তা ঠিক কাজ করেননি, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় ঘটনার পরে। শিশুটির জন্য দরকার ছিল ঘটনার প্রথম তিন ঘণ্টায় নেওয়া একটা পদক্ষেপ।

দ্বিতীয় দায় সমন্বয়ের : ১০৯৮ চাইল্ড হেল্পলাইন আছে, ৯৯৯ আছে। ২০২৪ সালে সিলেটে শিশু মুনতাহার নিখোঁজ ও হত্যার পর এক লাখ মানুষের সই নিয়ে দাবি উঠেছিল অ্যাম্বার অ্যালার্টের মতো ব্যবস্থার। তার ধারাবাহিকতায় চলতি বছরের ১৩ জানুয়ারি সিআইডির সহযোগিতায় চালু হয় মুন অ্যালার্ট আর হেল্পলাইন ১৩২১৯। সংগঠনটির হিসাবে, এ পর্যন্ত ১ হাজার ২২৬টি অভিযোগ এসেছে, উদ্ধার হয়েছে আট শতাধিক শিশু। ১৭১টি সতর্কবার্তা জারির পর ফিরেছে ১১৯ জন। ব্যবস্থাটা কাজ করে। সমস্যা হলোÑ এটা এখনো একটা বেসরকারি উদ্যোগের কাঁধে চড়ে চলছে, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢোকেনি।

তৃতীয় দায় বিচারের : শিশু আইন হয়েছিল ২০১৩ সালে, সংশোধন ২০১৮-তে। আইনে বলা আছে, প্রতিটি জেলায় এক বা একাধিক শিশু আদালত থাকবে। বলা আছে, এজলাসে লালসালু থাকবে না, আইনজীবী ও পুলিশ পেশাগত পোশাক পরবেন না, শিশুর হাতে হাতকড়া উঠবে না, বাবা-মা পাশে বসতে পারবেন।

বাস্তবে তেরো বছরে সারা দেশে বিশেষায়িত শিশু আদালত হয়েছে মাত্র ১২টি। বাকি জায়গায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকেই শিশু আদালত ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ যে ঘরে খুন-ধর্ষণের আসামি হাজির হয়, সেই ঘরেই দিনের এক-দুই ঘণ্টা শিশুদের বিচার চলে। গত ডিসেম্বরের হিসাবে শিশু আইনে বিচারাধীন মামলা ছিল ৪৪ হাজার ৫১৩টি। আইনজীবীরা বলছেন, আইনের ১৬ ধারাটাই স্ববিরোধী। একদিকে পৃথক আদালতের কথা, অন্যদিকে সেই আদালত না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালকেই শিশু আদালত ধরে নেওয়া। ফাঁকটা এত বড় যে তেরো বছরেও কারও তা ভরাট করার তাড়া হয়নি।

হারিয়ে যাওয়া শিশু আর আদালতের এই দুটো ছবি আলাদা মনে হতে পারে। আলাদা নয়। যে রাষ্ট্র আইনের সংস্পর্শে আসা শিশুর জন্য একটা মানানসই ঘর তেরো বছরেও বানাতে পারেনি, সে হারিয়ে যাওয়া শিশুর জন্য একটা ডেটাবেস বানাবে, এই আশা করা কঠিন। দুটি একই অবহেলার দুই পিঠ।

যা এখনই করা যায়

নিখোঁজ শিশুর একটা জাতীয় ডেটাবেস দরকার, যেখানে জিডি খোলার মতোই জিডি বন্ধ করা বাধ্যতামূলক হবে। জিডি নিতে দেরি বা অস্বীকার করাকে শাস্তিযোগ্য গাফিলতি ধরতে হবে। শিশু নিখোঁজের খবর এলে থানায় অপেক্ষা নয়, তৎক্ষণাৎ এন্ট্রি। মুন অ্যালার্টকে রাষ্ট্রীয় কাঠামোয় নিতে হবে। খবর পাওয়া মাত্র আশপাশের থানা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট আর সীমান্ত ফাঁড়িতে বার্তা যাবে। জিডি নেওয়ার সময় একটা ন্যূনতম ঝুঁকি যাচাই দরকার। শিশুটি অচেনা কারও সঙ্গে যোগাযোগ করত কি না, তার ফোনে কারা ছিল, আগে কেউ হুমকি দিয়েছিল কি না। এতে অভিমানে ঘর ছাড়া আর ফাঁদে পড়ে হারিয়ে যাওয়া আলাদা করা যাবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শিশু সুরক্ষা কমিটিগুলো কাগজে আছে, কাজে নেই। যে কমিটি বছরে একবার বসে চা খেয়ে চলে যায়, সে কোনো শিশুকে বাঁচাবে না। আর প্রতিটি জেলায় সত্যিকারের শিশু আদালত। সিদ্ধান্ত হয়ে আছে, করা বাকি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা