× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইকেল বালিকা স্কুল

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৯ পিএম

সাইকেল চালিয়ে বিদ্যালয়ের উদ্দেশে ছুটে চলছে সাদা স্কুলড্রেস পরা কিশোরীরা

সাইকেল চালিয়ে বিদ্যালয়ের উদ্দেশে ছুটে চলছে সাদা স্কুলড্রেস পরা কিশোরীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত চরটেকী গ্রামের সরু কাঁচা পথে ভোর হলেই শোনা যায় টুংটাং ঘণ্টার শব্দ। একের পর এক সাইকেল চালিয়ে বিদ্যালয়ের উদ্দেশে ছুটে চলছে সাদা স্কুলড্রেস পরা কিশোরীরা। কারও কাঁধে বইভর্তি ব্যাগ, কারও সাইকেলের ঝুড়িতে খাতা-কলম। গ্রামের সেই মেঠোপথ যেন প্রতিদিনই রূপ নেয় স্বপ্নের পথে।

দূর থেকে দেখলে মনে হতে পারে, কোনো সাইকেল র‌্যালি চলছে। কিন্তু কাছে গেলেই বোঝা যায়, এটি চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিদিনের চেনা দৃশ্য। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের মাঠ সারি সারি সাইকেলে ভরে যায়। প্রায় দেড় দশক ধরে স্থানীয়দের মুখে মুখে প্রতিষ্ঠানটির নাম হয়ে গেছে ‘সাইকেল বালিকা স্কুল’। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে প্রায় দেড় শতাধিক নিয়মিত সাইকেলে বিদ্যালয়ে যাতায়াত করে। প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গড়ে প্রায় ৭৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য শুধু ফলাফলে নয়; বরং একটি রক্ষণশীল সমাজে মেয়েদের শিক্ষার পথ সুগম করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো।

সাইকেলই হয়ে উঠেছে শিক্ষার সেতুবন্ধন

চরাঞ্চলে নিয়মিত গণপরিবহনের অভাব দীর্ঘদিন ধরে মেয়েদের বিদ্যালয়ে যাতায়াতের বড় বাধা ছিল। প্রতিদিন তিন থেকে আট কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতায় সেই দুর্ভোগ আরও বাড়ত। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে না পেরে মাঝপথেই লেখাপড়া ছেড়ে দিত। এখন সেই চিত্র বদলে গেছে। সকাল দশটার আগেই দলবেঁধে সাইকেলে বিদ্যালয়ে এসে নির্ধারিত স্থানে সাইকেল রেখে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীরা। ছুটি শেষে আবার একসঙ্গে বাড়ির পথে রওনা দেয়। এতে যেমন সময় বাঁচে, তেমনি নিরাপদ যাতায়াতও নিশ্চিত হচ্ছে।

যে সমাজ একসময় আপত্তি তুলেছিল

আজকের এই দৃশ্য একসময় ছিল অকল্পনীয়। গ্রামের রাস্তায় কোনো মেয়েকে সাইকেল চালাতে দেখলেই কটূক্তি শুনতে হতো। অনেকের ধারণা ছিল, মেয়েদের সাইকেল চালানো সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নানা মন্তব্যের কারণে অনেক অভিভাবক মেয়ের জন্য সাইকেল কিনে দিতে সাহস পেতেন না। কিন্তু সময়ের সঙ্গে সেই মানসিকতা বদলেছে। এখন গ্রামের মানুষ মেয়েদের সাইকেলে বিদ্যালয়ে যাওয়া স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে। 

একজনের সাহস, শত শত মেয়ের অনুপ্রেরণা

এই পরিবর্তনের সূচনা হয়েছিল বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। জয়বিষ্ণ গ্রামের কেরামত আলীর মেয়ে সামিয়া ফেরদৌসী কলি ১৯৯৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে নিয়মিত সাইকেলে বিদ্যালয়ে যাতায়াত শুরু করেন। তিনিই ছিলেন প্রতিষ্ঠানের প্রথম সাইকেল আরোহী ছাত্রী। প্রতিদিন কটূক্তি, বিদ্রুপ ও সামাজিক বাধা উপেক্ষা করেও তিনি থেমে যাননি। তার সেই সাহসই পরবর্তীতে অন্য মেয়েদের অনুপ্রাণিত করে। একজন থেকে দুজন, দুজন থেকে কয়েকজনÑ এভাবেই বাড়তে থাকে সাইকেল চালানো শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে সামিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিন দশক আগে তার নেওয়া সাহসী সিদ্ধান্ত আজ পুরো এলাকার সামাজিক পরিবর্তনের প্রতীক।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টিভঙ্গি 

শিক্ষার্থী মাহিয়ার বাবা আব্দুল মান্নান বলেন, আগে মেয়েকে একা এত দূর পাঠাতে ভয় লাগত। সাইকেল কেনার পর সেই দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। এখন মেয়ে সময়মতো স্কুলে যায়, সময়মতো বাড়ি ফেরে এবং তার আত্মবিশ্বাসও বেড়েছে। 

দশম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া জানায়, আগে হেঁটে স্কুলে আসতে অনেক সময় লাগত। এখন সাইকেলে নির্ধারিত সময়েই বিদ্যালয়ে পৌঁছানো যায়। তবে বর্ষাকালে কাদাময় সড়কের কারণে এখনও ভোগান্তি পোহাতে হয়। সহকারী শিক্ষিকা সাজিদা আক্তার বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং নিয়মিত উপস্থিতির কারণে প্রতিষ্ঠানের সুনাম বেড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও অভিভাবকরা তাদের মেয়েদের এখানে ভর্তি করাচ্ছেন।

অবকাঠামোগত সংকট ও প্রশাসনের আশ্বাস  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন চুন্নু জানান, বর্ষাকালে প্রায় ১০০ থেকে ১৫০টি সাইকেল বিদ্যালয় থেকে দূরে রেখে শিক্ষার্থীদের হেঁটে আসতে হয়। তাই দ্রুত সড়ক পাকাকরণ, নিরাপদ সাইকেল শেড, নতুন একাডেমিক ভবন, প্রধান ফটক এবং মাঠ উন্নয়নের দাবি জানান তিনি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার অবকাঠামোগত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা