× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্যাতিত নারী-শিশুদের ভরসা ‘সাজু আপা’

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৬ পিএম

নির্যাতিত নারী-শিশুদের ভরসা ‘সাজু আপা’

নির্যাতিত নারী-শিশুদের ভরসা ‘সাজু আপা’

পুরো নাম সাজেদা পারভীন সাজু। বয়স ৪৭ বছর। ১৯৯১ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ১১ বছর বয়সে তার বিয়ে হয়। তখন তিনি চকরিয়া দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। পড়ালেখা অবস্থায় ১৯৯৪ সাল থেকে সংসার শুরু করেন। একদিকে সংসার অন্যদিকে লেখাপড়া। শত বাধা পেরিয়ে ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। নিজেই শিকার হয়েছিলেন বাল্য বিবাহের। ২০১০ সাল পর্যন্ত সুখেই ছিল তার সংসার। ২০১১ সালে এসে তার স্বামী জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমে। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনে আর সংসারটা করা হয়ে উঠেনি। অবশেষে ভেঙে যায় সংসার। স্বামী পরিত্যক্ত হয়ে নিজের বাবার বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হিমছড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কেটে যাচ্ছে তার জীবন। তিনি মৃত হাজী মোস্তাক আহমেদ ও মৃত রাবেয়া খাতুনের মেয়ে। 

২০১১ সালে স্বামীর নির্যাতন আর অবহেলায় বুঝতে পারেন, একজন মেয়ের জীবন কত কষ্টের। তখন থেকে শপথ নেন, তার মতো কোনো নির্যাতিত নারী বা শিশু দেখলেই পাশে দাঁড়াবেন। সেই থেকে সংসার জীবনের ফাঁকে বাকি সময়টা নির্যাতিত নারী ও শিশুর জন্য কাজ করে যাচ্ছেন সাজেদা পারভীন সাজু। এলাকায় সবাই তাকে ‘সাজু আপা বা মানবাধিকার সাজু’ নামে চিনে। কাজ করতে গিয়ে অনেক মানবাধিকার সংগঠনের সাথেও সম্পৃক্ত হয়েছেন। এই পর্যন্ত তিনি ৫৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরাসরি কাজ করেছেন। এরমধ্যে ৩টি মামলায় আসামিদের সাজা হয়েছে, স্বামী ও তার পরিবার কর্তৃক নির্যাতিত ৩০ জন নারী তাদের সংসারে ফিরে গেছেন এবং ২০টি মামলা এখনও বিভিন্ন আদালতে চলমান রয়েছে। 

সাজেদা পারভীন বলেন, আমাদের পুরুষ শাসিত সমাজ। কোনো নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সব দোষ নারীদের দিয়ে থাকে। অনেক সময় লোকলজ্জা ও ভয়ে নারীরা চুপ করে যায়। নির্যাতিত একজন নারী ওই সময়ে সবচেয়ে অসহায় হয়ে পড়েন। তখন পাশে দাঁড়িয়ে তাকে মানসিক সহযোগিতা দেয়াই আমার কাজ। আপসযোগ্য বিষয় হলে তার পাশে থেকে তাকে ন্যায্য বিচার পাইয়ে দেয়ার চেষ্টা করি। এ ছাড়া চাঞ্চল্যকর বিষয় হলে ভিকটিম আইনি সেবা কোথায় কীভাবে পেতে পারেন তার পরামর্শ দেই। অনেক সময় ভিকটিমের সাথে হাসপাতাল ও থানায় যাই। আমি নারী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কাজগুলো করি। সরকারি হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং থানাগুলোতে নারী ও শিশু সেবা সেলগুলো আরও সক্রিয় করা জরুরি। এ ছাড়া ধর্ষণের শিকার নারী ও শিশুদের পরীক্ষা-নিরীক্ষা বা ডিএনএ পরীক্ষায় যেতে গাড়ি ভাড়াসহ অনেক খরচের প্রয়োজন রয়েছে। এ খাতে সরকারিভাবে বরাদ্দ রাখা প্রয়োজন। ভিকটিম গরিব হলে আমাদের বিব্রত হতে হয়। অনেক সময় নিজের থেকে খরচ করি। আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। 

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ইয়াংছা এলাকার একটি মেয়েকে বিয়ের প্রলোভনে লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকার এক ছেলে ৬ মাস ধরে বিভিন্ন জায়গায় রেখে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এখন ছেলের পরিবার ও ছেলে তাকে বউ হিসেবে মেনে নিতে অনীহা জানাচ্ছে। আমরা মেয়ে ও তার অভিভাবকসহ প্রথমে ছেলের বাড়িতে যাই তাদের সাথে আলাপ করার চেষ্টা করি। তারা বিয়ে করাতে অস্বীকৃতি জানালে বিকালে লামা থানায় আইনি সহায়তা চেয়ে অভিযোগ দায়ের করি। 

আমার উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ২০১৩ সালে ৬ বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণ, ২০১৪ সালে হাইদারনাশী এলাকায় স্বামী কর্তৃক পারভীন আক্তারকে অমানবিকভাবে নির্যাতন, ২০১৬ সালে বনপুর এলাকায় সালমা আক্তার ধর্ষণ, ২০১৮ সালে জাহেদা বেগম ধর্ষণ এবং ২০২৫ সালে মহিমা আক্তার ধর্ষণের ঘটনা। এইসব মামলা এখনও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে চলমান। অনেক আসামি জেল-হাজতে রয়েছে। 

সাজেদা পারভীন নারী ও শিশু নির্যাতনমুক্ত একটি সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করেন। সমাজ থেকে সহিংসতা দূর করে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা