× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেশমি চুল

মাহবুবা মিতু

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম

মডেল : তামান্না ইমু ও শৈলী মাহবুব

মডেল : তামান্না ইমু ও শৈলী মাহবুব

চুল মানুষের সামগ্রিক ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস এক নিমেষে বদলে দিতে পারে। স্বাস্থ্যকর ঘন, ঝলমলে চুল কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং তা সুস্থতারও অন্যতম লক্ষণ। কিন্তু আধুনিক নগরজীবনের ব্যস্ততা, অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ এবং কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণে চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা ও প্রাণশক্তি হারিয়ে ফেলে।

চুল কেমন থাকবে, তার সঙ্গে জড়িয়ে আছে স্ক্যাল্পের স্বাস্থ্য, প্রতিদিনের খাবার, ঘুম, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন এবং আমাদের দৈনন্দিন পরিচর্যার অভ্যাস। আবার সব চুলের প্রয়োজনও এক নয়। কারও স্ক্যাল্প তৈলাক্ত, কারও শুষ্ক; কারও সমস্যা খুশকি, কারও চুল ভেঙে যায়, আবার কারও ক্ষেত্রে অতিরিক্ত চুল পড়ার পেছনে থাকতে পারে শারীরিক কোনো কারণ। তাই চুলের সৌন্দর্য ও সজীবতা ধরে রাখতে প্রয়োজন সঠিক ও যত্নশীল পরিচর্যা। চুলের ধরন অনুযায়ী কীভাবে সঠিক যত্ন নিতে হবে, খাবারের সঙ্গে চুলের স্বাস্থ্যের সম্পর্ক কতটা, কোন অভ্যাসগুলো চুলের ক্ষতি করে এবং ঘরোয়া যত্নের সঠিক নিয়মগুলো কী- চলুন জেনে নেয়া যাক।

চুলের ধরন বুঝে যত্ন 

চুলের যত্ন নেওয়ার আগে নিজের চুলের ধরন জানা জরুরি। কারও চুল তৈলাক্ত, কারও শুষ্ক, আবার কারও চুল স্বাভাবিক। তৈলাক্ত চুলে মাথার ত্বকে দ্রুত তেল জমে যায়, ফলে ধুলা-ময়লা আটকে খুশকি ও চুলকানি হতে পারে। এ ধরনের চুলে হালকা, সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করা ভালো। অন্যদিকে শুষ্ক চুলে প্রাকৃতিক আর্দ্রতা কম থাকে। তাই ময়েশ্চারাইজিং শ্যাম্পু, কন্ডিশনার ও নিয়মিত তেল ব্যবহার উপকারী। কার্লি বা ওয়েভি চুলের ক্ষেত্রে ময়েশ্চারাইজেশন বেশি প্রয়োজন হয়। সোজা চুল সহজে চকচকে হয় কিন্তু দূষণের প্রভাবে দ্রুত নিস্তেজ হয়ে যেতে পারে। নিজের চুলের ধরন বুঝে যত্ন নিলে ফল ভালো পাওয়া যায়। স্বাভাবিক চুলে অতিরিক্ত প্রসাধনীর প্রয়োজন হয় না; পরিচ্ছন্নতা ও আর্দ্রতা বজায় রাখাই যথেষ্ট। 

এই সময়ে কখনো আকাশে চড়া রোদ তো, কখনো ঝুম বৃষ্টি। আর এমন হুটহাট আবহাওয়া বদলানোতে চুলের ক্ষতি হয় ভালোই। কীভাবে এই ক্ষতি থেকে চুলকে রক্ষা করা যায় সে সম্পর্কে লাবেলেজা ডিফাইন্ড বাই সাদিয়া এর প্রতিষ্ঠাতা সাদিয়া আফরোজ বলেন, অতিরিক্ত রোদ বা বৃষ্টি কোনোটাই চুলের জন্য ভালো না। যখন রোদের তাপ বেশি থাকবে তখন অবশ্যই স্কার্ফ দিয়ে চুল ঢেকে নিতে হবে। সম্ভব হলে ছাতা সঙ্গে রাখতে হবে। বৃষ্টির পানি পড়লে চুল ধুয়ে ফেললে সবচেয়ে ভালো নইলে চুল ফ্রিজি হয়ে যেতে পারে। যদি সঙ্গে সঙ্গে সম্ভব না হয় তাহলে বাসায় গিয়ে হলেও চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।

অনেকে ঘরেই চুলের যত্ন নিতে চান। সেক্ষেত্রে কীভাবে কী করবেন জানালেন সাদিয়া। তিনি বলেন, ‘ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে চুল ভালোভাবে ধুয়ে কিছুটা শুকিয়ে নেয়ার পর ডিপ রিপেয়ারিং মাস্ক লাগিয়ে নেয়া। ১৫ মিনিট পর চুল আবারও ধুয়ে ভেজা চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিলে চুলের সফটনেস ফিরে আসবে। চুলে নানাভাবে ক্ষতি হয়। চুল যদি বেশি শুষ্ক হয় তাহলে ময়েশ্চারাইজিং বা ডিপ নারিশ করে এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে। কালার করা বা রিবন্ডেড চুল হলে অবশ্যই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। মাথার ত্বক তৈলাক্ত হলে বা খুশকির সমস্যা হলে অবশ্যই অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বেছে নিতে হবে। সব ধরনের চুলেই চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার লাগাতে হবে।

স্ক্যাল্প পরিষ্কার রাখা- চুলের যত্নের প্রথম ধাপ 

স্বাস্থ্যকর চুলের ভিত্তি হলো- স্বাস্থ্যকর স্ক্যাল্প। ঘাম, ধুলা, অতিরিক্ত তেল, মৃত কোষ এবং হেয়ার প্রোডাক্টের অবশিষ্টাংশ স্ক্যাল্পে জমে থাকলে অস্বস্তি, চুলকানি বা খুশকির সমস্যা বাড়তে পারে। তাই স্ক্যাল্পের ধরন অনুযায়ী নিয়মিত চুল ধোয়া জরুরি। যাদের স্ক্যাল্প তৈলাক্ত, তাদের তুলনামূলক ঘন ঘন চুল ধোয়ার প্রয়োজন হতে পারে। আবার শুষ্ক স্ক্যাল্প হলে অতিরিক্ত শ্যাম্পু করার কারণে শুষ্কতা আরও বাড়তে পারে। শ্যাম্পু করার সময় শুধু চুলের দৈর্ঘ্যে নয়, মূলত স্ক্যাল্পে আলতোভাবে ম্যাসাজ করে পরিষ্কার করতে হবে। খুব জোরে নখ দিয়ে ঘষা উচিত নয়। এতে স্ক্যাল্পে অস্বস্তি বা ক্ষত তৈরি হতে পারে।

চুলের যত্নে তেলের ব্যবহার

চুলের যত্নে তেলের ব্যবহার বহু পুরনো অভ্যাস। চুল ও মাথার ত্বকে পুষ্টি জোগাতে খাঁটি তেলের বিকল্প নেই। তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। নারকেল, অলিভ, আমন্ডসহ বিভিন্ন তেল চুলকে নরম রাখতে এবং শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে। তবে তেল ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবেÑ এমন নিশ্চয়তা নেই। বরং তেলকে চুলের যত্নের একটি অংশ হিসেবে দেখা ভালো। তাছাড়া যাদের স্ক্যাল্পে খুশকি বা অতিরিক্ত তৈলাক্ততা রয়েছে, তারা তেল ব্যবহারের পরিমাণ ও সময় নিয়ে সতর্ক থাকবেন। তেল ব্যবহারের ক্ষেত্রে শুধু কোন তেল ব্যবহার করছেন, তা নয়, কীভাবে এবং কতক্ষণ ব্যবহার করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

পুষ্টিকর খাবার ও চুলের স্বাস্থ্য

চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর। চুলের বৃদ্ধি ও গঠন শরীরের পুষ্টির সঙ্গে সম্পর্কিতÑ তাই শুধু বাইরে থেকে যত্ন নিয়ে চুলের পূর্ণ স্বাস্থ্য নিশ্চিত সম্ভব না। চুলের গঠন প্রধানত কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। তাই খাদ্য তালিকায় ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, ছোলা, বাদাম ও বীজজাতীয় খাবার থাকা জরুরি। শাক-সবজি ও ফল থেকে পাওয়া ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গোড়াকে শক্ত রাখতে সহায়তা করে। আয়রনের ঘাটতি হলে চুল পড়ার প্রবণতা বাড়তে পারে। পালং শাক, কলিজা, ডাল, মাংস ও বিভিন্ন বীজে আয়রন পাওয়া যায়। জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন বি১২ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও চুলের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে এসব ঘাটতি পূরণ করতে নিজে থেকেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন। প্রয়োজন না জেনে নিজে থেকে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়। চুলের যত্নে পর্যাপ্ত পানি পান করাও জরুরি, কারণ শরীরে পানিশূন্যতা দেখা দিলে চুলের আর্দ্রতা কমে যেতে পারে। 

ভ্রমণ শেষে চুলের যত্ন 

ভ্রমণের ধকলে সবচেয়ে বেশি ক্ষতি চুলের ওপর দিয়েই যায়। রোদের তাপ, রাস্তার ধুলাবালি, অনিয়মিত ধোয়া এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে ভ্রমণ থেকে ফেরার পর চুল হয়ে পড়ে শুষ্ক, জটপাকানো ও প্রাণহীন। ভ্রমণ থেকে ফিরে চুলের হারানো শাইন ও সজীবতা দ্রুত ফিরিয়ে আনতে নিচের ধাপগুলো মেনে চলতে পারেনÑ

স্ক্যাল্প ডিটক্স : ভ্রমণ থেকে ফিরেই জমানো ধুলাবালি, ঘাম ও তেল দূর করতে শ্যাম্পু দিয়ে মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।

ডিপ কন্ডিশনিং : বাতাসে চুল রুক্ষ হয়ে পড়লে শ্যাম্পুর পর ডিপ কন্ডিশনার বা ‘টক দই + মধু’র মাস্ক ১০-১৫ মিনিট চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে আর্দ্রতা দ্রুত ফিরে আসবে।

হট অয়েল মাসাজ : ক্লান্তি দূর করতে ও চুলে পুষ্টি জোগাতে হালকা গরম নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে স্ক্যাল্পে ১০ মিনিট ম্যাসাজ করে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

সাদিয়া আফরোজ, প্রতিষ্ঠাতা, লাবেলেজা ডিফাইন্ড বাই সাদিয়া 

যেসব ভুল এড়িয়ে চলবেন 

অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি, যা চুলের মারাত্মক ক্ষতি করে। এসব অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

শ্যাম্পুর সরাসরি ব্যবহার : শ্যাম্পু সরাসরি চুলে না লাগিয়ে সামান্য পানির সাথে মিশিয়ে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে লাগান। চুল খুব জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকুন। 

মাথায় গরম পানি ঢালা : গরম পানি দিয়ে চুল ধোয়া একদম অনুচিত। এতে চুলের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। সবসময় সাধারণ ঘরের তাপমাত্রার পানি বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন।

কন্ডিশনিংয়ের সঠিক কৌশল : কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে এবং বাইরের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে সুরক্ষা দেয়। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করার সময় মনে রাখবেন, কন্ডিশনার কেবল চুলের নিচের অংশে লাগাতে হয়, মাথার ত্বকে নয়। কন্ডিশনার লাগিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন।

ভেজা চুল আঁচড়ানো : ভেজা অবস্থায় চুলের গোড়া সবচেয়ে নরম ও দুর্বল থাকে। এই অবস্থায় চুল আঁচড়ালে প্রচুর চুল ভেঙে যায়। চুল কিছুটা শুকানোর পর বড় দাঁতের কাঠের চিরুনি দিয়ে নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে জট ছাড়ানো উচিত।

অতিরিক্ত হিট স্টাইলিং : স্ট্রেইটনার, কার্লার বা হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার চুলে তাপজনিত ক্ষতি করে। প্রয়োজনে হিট প্রটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করুন এবং ড্রায়ারের কোল্ড এয়ার মোড ব্যবহার করার চেষ্টা করুন।

ঘন ঘন কেমিক্যাল ট্রিটমেন্ট : রিবন্ডিং, কালারিং বা স্মুদেনিংয়ের মতো কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের ভেতরের প্রোটিন গঠন ভেঙে ফেলে।

চুল শক্ত করে বাঁধা : শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়ে, যা ‘ট্র্যাকশন অ্যালোপেসিয়া’ বা গোড়া থেকে চুল উঠে আসার কারণ হতে পারে।

প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া পরিচর্যা 

চুলের যত্নে সবসময় দামি প্রসাধনীর প্রয়োজন হয় না। নিয়মিত ও সঠিক পরিচর্যার পাশাপাশি রান্নাঘরের রাসায়নিকমুক্ত প্রাকৃতিক উপাদান চুলে দ্রুত ও নিরাপদ পরিবর্তন আনে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এসব উপাদান দিয়ে সহজেই ঘরোয়া যত্ন নেওয়া যায়।

নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে : পেঁয়াজের রস ছেঁকে স্ক্যাল্পে লাগিয়ে ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। রসের সাথে নারিকেল তেল মিশিয়েও নিতে পারেন। 

চুলের রুক্ষতা দূর করতে : পাকা কলা ভালোভাবে চটকে ১টি ডিম, ২ চামচ টক দই, এবং ১ চামচ মধু মিশিয়ে তৈরি হেয়ার মাস্ক ২০ মিনিট চুলে রেখে ধুয়ে নিন।

স্ক্যাল্পের শুষ্কতা কমাতে : টাটকা অ্যালোভেরা জেল চুলে ও স্ক্যাল্পে মেখে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন দূর করতে : ২ চামচ টক দইয়ের সাথে আধা ফালি লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। লেবুর সাইট্রিক এসিড ও দইয়ের প্রবায়োটিক খুশকি তাড়াতে দারুণ কার্যকর।

চুলের ঘনত্ব বাড়াতে ও গোড়া শক্ত করতে : ক্যাস্টর অয়েল বেশ ঘন, তাই এটি সমপরিমাণ নারকেল তেল বা আলমন্ড অয়েলের সাথে মিশিয়ে হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সপ্তাহে ১-২ দিন এটি ব্যবহারে পাতলা চুল ঘন হয়।

কখন যাবেন চিকিৎসকের কাছে 

ঘরোয়া পরিচর্যায় সাধারণ সমস্যার সমাধান হলেও সব চুল পড়া বাহ্যিক যত্নে সারে না। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

  •  দিনে ১০০টির বেশি বা আচমকা থোকা থোকা চুল উঠতে শুরু করলে।
  •  মাথার ত্বকে গোল বা পয়সার আকৃতিতে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়া (অ্যালোপেসিয়া এরিয়াটা)।
  •  একগুঁয়ে খুশকি, অসহ্য চুলকানি, লালচে ভাব, ঘা বা পুঁজ জমা।
  •  কপাল বা তালুর চুল অতিরিক্ত ফাঁকা হয়ে মাথার ত্বক স্পষ্ট হওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা