কামরুন নাহার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম
বিটরুটে বৈচিত্র্য
বিটরুট শুধু সালাদ বা জুসের উপকরণ নয়। এর প্রাকৃতিক রঙ, মৃদু মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণকে কাজে লাগিয়ে তৈরি করা যায় নানা ধরনের আকর্ষণীয় খাবার। প্রতিদিনের খাবারে একটু ভিন্নতা আনতে বিটরুট দিয়ে তৈরি করা যেতে পারে চিজ বল, নারিকেল লাড্ডু, নুডলস ও ফিরনি। ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করা যায় এই চারটি পদ।
বিটরুট চিজ বল
যা যা লাগবে
বিটরুট ১টি (প্রায় ১৫০ গ্রাম), আলু ২টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, মোজারেলা চিজ প্রয়োজনমতো, ব্রেডক্রাম্ব ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা-চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন
বিটরুট ও আলু সেদ্ধ করে পানি ভালোভাবে ঝরিয়ে নিন। বিটরুট ও আলু মিহি করে চটকে নিয়ে এর সঙ্গে কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেক্স মিশিয়ে নরম মিশ্রণ তৈরি করুন। হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট অংশ নিয়ে মাঝখানে এক টুকরো মোজারেলা চিজ রেখে গোল বলের মতো তৈরি করুন। প্রতিটি বল ব্রেডক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিন। এরপর মাঝারি আঁচে গরম তেলে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। চাইলে এয়ার ফ্রায়ারেও রান্না করা যায়। গরম গরম পরিবেশন করুন।
বিটরুট নারিকেল লাড্ডু
যা যা লাগবে
বিটরুট কুচি ১ কাপ, কোরানো নারিকেল ১ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ, চিনি ১/২ কাপ, ঘি ১ টেবিল চামচ এবং এলাচ গুঁড়া ১/২ চা-চামচ।

যেভাবে বানাবেন
কড়াইতে ঘি গরম করে বিটরুট কুচি দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভাজুন। বিটরুট নরম হয়ে এলে চিনি দিয়ে রান্না করুন। চিনি গলে বিটরুট থেকে পানি বের হলে সেই পানি শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে রান্না করতে হবে। এরপর কোরানো নারিকেল ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে এলে এলাচ গুঁড়া দিয়ে চুলা বন্ধ করুন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। চাইলে লাড্ডুর ওপর কোরানো নারিকেল, পেস্তা বা বাদাম দিয়ে সাজানো যায়।
বিটরুট নুডলস
যা যা লাগবে
ময়দা ২ কাপ, বিটরুটের রস ১/২ কাপের মতো, ডিম ১টি, লবণ ১/২ চা-চামচ, তেল ১ চা-চামচ এবং প্রয়োজনমতো পানি।

যেভাবে বানাবেন
বিটরুট ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ব্লেন্ড করুন। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে রস বের করে নিন। একটি পাত্রে ময়দা ও লবণ মিশিয়ে মাঝখানে জায়গা করে ডিম, তেল ও বিটরুটের রস দিন। ধীরে ধীরে সব উপকরণ মিশিয়ে শক্ত ধরনের একটি ডো তৈরি করুন। ডোটি ভালোভাবে মথে ২০-৩০ মিনিট ঢেকে রাখুন। এরপর ডো পাতলা করে বেলে নুডলস কাটার মেশিন বা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিন। নুডলসগুলো সামান্য ময়দা ছিটিয়ে আলাদা করে রাখুন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ ও তেল দিন। নুডলস দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করুন। নুডলস সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এবার পছন্দমতো সবজি, ডিম বা মুরগির মাংসের সঙ্গে নুডলস রান্না করা যায়। বিটরুটের কারণে নুডলসে পাওয়া যাবে আকর্ষণীয় প্রাকৃতিক রঙ।
বিটরুট ফিরনি
যা যা লাগবে
বিটরুট ১/২ কাপ, ফুল-ক্রিম দুধ ১ লিটার, আতপ চাল ১/৪ কাপ, চিনি ১/২ কাপ বা স্বাদমতো, এলাচ ২টি, গোলাপজল ১ চা-চামচ এবং পেস্তা বা কাজুবাদাম কুচি প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন
আতপ চাল ধুয়ে শুকিয়ে মিহি করে গুঁড়া করে নিন। বিটরুট সেদ্ধ করে মিহি পেস্ট তৈরি করুন। একটি ভারী তলার পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। চালের গুঁড়া অল্প ঠান্ডা দুধে গুলে নিয়ে ধীরে ধীরে গরম দুধের মধ্যে ঢালুন এবং অনবরত নেড়ে রান্না করুন, যাতে কোনো দলা তৈরি না হয়। ফিরনি ঘন হয়ে এলে বিটরুটের পেস্ট ও চিনি যোগ করুন। আরও কয়েক মিনিট রান্না করে এলাচের গুঁড়া বা এলাচের দানা দিন। চুলা বন্ধ করার আগে গোলাপজল মিশিয়ে নিন। ফিরনি ছোট বাটিতে ঢেলে ওপরে পেস্তা বা কাজুবাদাম কুচি ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।