× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের স্কুলব্যাগে যা যা থাকবে

তাসিয়া মোসাহিদ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০ পিএম

শিশুদের স্কুলব্যাগে যা যা থাকবে

শিশুদের স্কুলব্যাগে যা যা থাকবে

প্রতিদিন শিশুরা স্কুলে যাওয়ার সময় নানা জিনিসে তাদের ব্যাগ ভর্তি থাকে। এসবের মাঝেও অনেক সময় দরকারি জিনিসগুলো ভুলে বা অজান্তে দেয়া হয় না। অভিভাবকরা অবশ্যই এ ব্যাপারে সবসময় সচেতন থাকেন, তবে দরকারি জিনিস যদি কখনও মিস হয়ে যায় তাহলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকেই ঝামেলা পোহাতে হতে পারে। তাই স্কুলব্যাগ গোছানোকে শুধু প্রতিদিনের একটা কাজ হিসেবে না দেখে ছোট একটা রুটিন হিসেবে গড়ে তোলা ভালো। এতে বাচ্চাও সহজে এটি আয়ত্ত করে নিজের কাজে দায়িত্বশীল হবে। বাচ্চার বয়স, ক্লাস, আবহাওয়া আর স্কুলের নিয়ম অনুযায়ী ব্যাগের জিনিসপত্রও বদলাবে। চলুন জেনে নেয়া যাক শিশুদের স্কুলব্যাগে কী কী অবশ্যই রাখতে হবে। 

পড়াশোনার জিনিস আগে

সবার আগে অবশ্যই বই, খাতা আর হোমওয়ার্ক ফাইল ব্যাগে রাখতে হবে। তবে সব বই প্রতিদিন দেওয়ার দরকার নেই। পরদিনের ক্লাস রুটিন দেখে যেগুলো লাগবে, শুধু সেগুলোই দিতে হবে। সঙ্গে পেন্সিল, কলম, রাবার, শার্পনার, স্কেল আর দরকার হলে রঙ পেন্সিল দিতে হবে। একটা পেন্সিল বক্সে এই জিনিসগুলো দিয়ে একটা ছবি তুলে রাখবেন ফোনে, যাতে প্রতিদিন মিলিয়ে নিতে পারেন বাচ্চা সবকিছু ঠিকঠাক ফিরিয়ে আনছে কি না ক্লাস থেকে। ছবিটা তোলা থাকলে কিছু হারিয়ে গেলে সহজেই শিক্ষক বা গার্ডিয়ান ফোরামের সাহায্যে ফেরত পাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগেই পরদিনের ব্যাগটা গুছিয়ে রাখলে। সকালে আর বই-খাতা নিয়ে যুদ্ধ করতে হয় না।

পানি আর টিফিন ভুললে চলবে না

বাংলাদেশের গরমের কথা চিন্তা করলে পানির বোতল তো অবশ্যই থাকতে হবে। বাচ্চারা খেলাধুলা বা ক্লাসের মধ্যে অনেক সময় নিজে থেকে পানি খাওয়ার কথা মনে রাখে না, তাই সঙ্গে পর্যাপ্ত পানি দেওয়া ভালো। টিফিনের ক্ষেত্রেও এমন কিছু দেওয়া ভালো যেটা পুষ্টিকর, সহজে খাওয়া যায় এবং খুব ভারি না। ফল, স্যান্ডউইচ বা হালকা বাসায় বানানো স্ন্যাক যেমন নাগেট, মিটবল ভালো অপশন হতে পারে। তবে স্কুলে খাবার নিয়ে কোনো নির্দেশনা থাকলে সেটা আগে দেখে নেওয়া উচিত।

পরিচয়পত্র ও জরুরি তথ্য

সব বয়সী শিশুদের ব্যাগেই পরিচয়পত্র থাকা উচিত। বিশেষ করে ছোট বাচ্চাদের ব্যাগে একটা আইডি কার্ড থাকা খুবই দরকার। সেখানে বাচ্চার নাম, ক্লাস, রোল, ব্লাড গ্রুপ, অভিভাবকের ফোন নম্বর এবং প্রয়োজনীয় যোগাযোগের ঠিকানা থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা হলে এই ছোট্ট তথ্যগুলোই অনেক কাজে আসে। বাচ্চার যদি কোনো এলার্জি বা বিশেষ কোনো শারীরিক নির্দেশনা থাকে, সেটাও উল্লেখ করে লিখে দেওয়া জরুরি। এটি আইডি কার্ড হোল্ডারেই পিছনে একটি কাগজে নোট করে দিতে পারেন।

ব্যক্তিগত পরিচ্ছন্নতার জিনিস 

ব্যাগে ছোট একটা প্যাকেট টিস্যু, একটা রুমাল, একটি হ্যান্ড সেনিটাইজার, একটি পেপার সোপের ছোট বক্স রাখা যেতে পারে। বাচ্চা মাস্ক পরতে অভ্যস্ত হলে একটি মাস্কও সাথে রাখবেনÑ যাতে ধুলোবালিতে বা ফ্লু সিজনে বাচ্চা সেটি ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। মেয়ে বাচ্চা যাদের পিরিয়ড শুরু হয়েছে বা এই বয়সে আছে, অবশ্যই তাদের এই বিষয়ে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত করবেন আর প্রস্তুতি হিসেবে স্যানিটারি প্যাডের পোর্টেবল প্যাকেট দিয়ে রাখবেন ব্যাগে ভিতরের কোনো কম্পার্টমেন্টে।

আবহাওয়ার কথাও মাথায় রাখুন

বর্ষার সময় ছোট একটা পকেট ছাতা বা রেইনকোট খুব জরুরি। শীতকালে দরকার হলে এক্সট্রা সোয়েটার ও মাফলার রাখা যেতে পারে। বছরের এই ভীষণ গরমের দিনে পোর্টেবল মিনি ফ্যানগুলো আপনার বাচ্চাকে দিতে পারে স্বস্তির সুবাতাস। তাই ব্যাগের পকেটে এমন একটি ফ্যান চার্জ দিয়ে রাখুন যাতে স্কুলে আসা যাওয়ার সময়, বা ক্লাসে ইলেকট্রিসিটি না থাকলে এই ফ্যান ব্যবহার করে সুস্থ থাকতে পারে আপনার সন্তান।

ছোট একটা পছন্দের আইটেম 

সবকিছু যে শুধু পড়াশোনার হতে হবে, এমনও না। বিশেষ করে যেসব বাচ্চা নতুন স্কুল শুরু করেছে, তাদের জন্য ছোট গল্পের বই, পছন্দের স্টিকার বা ছোট কোনো পরিচিত জিনিস সঙ্গে থাকলে নতুন পরিবেশে একটু খাপ খাওয়াতে সুবিধা হয়। তবে অবশ্যই স্কুলে এগুলো নেওয়ার অনুমতি আছে কিনা, সেটা আগে দেখে নিতে হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা