দেয়ালে রুপালি ডাক্ট টেপ দিয়ে একটি কলা আটকে সেটিকে শিল্পকর্ম হিসেবে প্রদর্শন। দেখতে সাদামাটা হলেও মরিজিও কাত্তেলানের ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্ম বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ছবি: সংগৃহীত।
দেয়ালে রুপালি ডাক্ট টেপ দিয়ে একটি কলা আটকে সেটিকে শিল্পকর্ম হিসেবে প্রদর্শন। দেখতে সাদামাটা হলেও মরিজিও কাত্তেলানের ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্ম বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ২০১৯ সালে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হওয়া এই কলার একটি সংস্করণ ২০২৪ সালে নিলামে বিক্রি হয় ৬২ লাখ ৪০ হাজার ডলারে। তবে শিল্পের ইতিহাস বলছে, কাত্তেলানের এই কৌশল যতটা নতুন মনে হয়, আসলে ততটা নয়।
২০১৯ সালের ৪ ডিসেম্বর মিয়ামি বিচে আর্ট বাসেলের ভিআইপি উদ্বোধনে প্রথম প্রদর্শিত হয় ‘কমেডিয়ান’। লিওনার্দো ডিক্যাপ্রিও, মাইকেল বে ও ট্রাভিস স্কটের মতো তারকারাও ছিলেন সেখানে। জমকালো শিল্পমেলায় কোটি ডলারের শিল্পকর্মের ভিড়েও দেয়ালে আটকানো একটি কলা দ্রুত সবার নজর কাড়ে। কয়েক দিনের মধ্যেই শিল্পকর্মটি ভাইরাল হয়ে যায়। কেউ উপহাস করেন, কেউ বিস্মিত হন, আবার কেউ এর নান্দনিক ও বুদ্ধিবৃত্তিক মূল্য নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক মাধ্যমে তৈরি হয় ডাক্ট টেপ ও কলা নিয়ে অসংখ্য অনুকরণধর্মী মিম। প্রতিটি সংস্করণের ক্রেতাকে দেওয়া হয়েছিল সত্যতা নিশ্চিতকারী সনদ এবং প্রদর্শনের নির্দেশনা। এর মধ্যে নির্দিষ্ট সময় পরপর আসল কলাটি বদলে দেওয়ার কথাও ছিল।
কাত্তেলানের সাফল্যের অন্যতম রহস্য ছিল বিতর্ক সৃষ্টি। শিল্পজগতের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে তিনি পরিচিত ও বিতর্কিত বিষয়কে ব্যঙ্গের সঙ্গে যুক্ত করেছেন। তার ‘লা নোনা ওরা’তে পোপ দ্বিতীয় জন পলকে উল্কাপিণ্ডের আঘাতে পড়ে যেতে দেখা যায়। ‘হিম’ শিল্পকর্মে প্রার্থনারত এক শিশুর মুখে বসানো হয় অ্যাডলফ হিটলারের মুখাবয়ব।
‘কমেডিয়ান’-এর ধারণারও রয়েছে দীর্ঘ ইতিহাস। খাদ্যদ্রব্যকে শিল্পের বিষয়বস্তু হিসেবে ব্যবহারের ঐতিহ্য স্থিরচিত্র শিল্পে ১৫০০-এর দশক থেকেই রয়েছে। আবার বাস্তব জীবনের সাধারণ কোনো বস্তুকে শিল্প হিসেবে উপস্থাপনের ‘রেডিমেড’ ধারণা শতাব্দীপ্রাচীন। মার্সেল দুশাঁ ১৯১০-এর দশকেই বোতল রাখার স্ট্যান্ড, সাইকেলের চাকা ও প্রস্রাবের পাত্রের মতো সাধারণ বস্তু শিল্পকর্ম হিসেবে প্রদর্শন করেছিলেন।