× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ভাইয়ের এআই স্টার্টআপ ‘এজেন্টিকহায়ার’

ফারুক হাসান

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৬ পিএম

গ্লোবাল টেক বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশি দুই ভাই

গ্লোবাল টেক বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশি দুই ভাই

এইচএসসি ও সমমানের পরীক্ষা এখনও শেষ হয়নি, অথচ এরই মধ্যে গ্লোবাল টেক বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশি দুই ভাই।

কোনো ইক্যুইটি বা প্রতিষ্ঠানের মালিকানার অংশ না ছেড়েই নিজস্ব এআই-ভিত্তিক নিয়োগকারী স্টার্টআপ ‘এজেন্টিকহায়ার’ (AgenticHire)-এর জন্য তুলে নিয়েছেন ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা)। অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, বিভিন্ন প্রতিযোগিতা, অনুদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে এসেছে এই মূলধন।

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার একাদশ শ্রেণির ছাত্র সাবিক বিন সুলতান এই স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। আর তার ভাই, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র শাফি বিন সুলতান যুক্ত আছেন সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে।

আন্তর্জাতিক মেলবন্ধন

পুরো বিশ্বজুড়ে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এজেন্টিকহায়ার। এই ভেঞ্চারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) সিঙ্গাপুরের রিভার ভ্যালি হাই স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাওয়াং উ। সিঙ্গাপুরে একটি স্টার্টআপ অ্যাক্সিলারেটর বুটক্যাম্পে দুই ভাইয়ের সঙ্গে পরিচয় হয় উ-এর। প্রতিষ্ঠাতা দলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পাশাপাশি যুক্ত আছেন কাজাখস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়ার তরুণরা।

যেভাবে কাজ করে এজেন্টিকহায়ার

প্রাথমিক পর্যায়ের প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোতে কোনো ডেডিকেটেড এইচআর বা নিয়োগকারী দল থাকে না। ফলে কোনো প্রযুক্তিবিদ নিয়োগের আগে প্রতিষ্ঠাতা বা সিনিয়র ইঞ্জিনিয়ারদেরই ২০-৩০টি স্ক্রিনিং কল নিতে হয়, যা সময়ের অপচয়। এই সমস্যার সমাধানেই শুরু হয় এজেন্টিকহায়ারের যাত্রা।

এই অ্যাপের মাধ্যমে নিয়োগকর্তারা নির্দিষ্ট পদের জন্য এসেসমেন্ট তৈরি করে প্রার্থীদের লিংক পাঠিয়ে দেন। প্রার্থীরা তাদের সুবিধাজনক সময়ে ইন্টারভিউ সম্পন্ন করেন। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রার্থীর সব শক্তির দিক, দুর্বলতা ও সার্বিক সুপারিশসহ একটি সুনির্দিষ্ট প্রতিবেদন তৈরি করে দেয়। তবে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেন নিয়োগকর্তাই।

বর্তমানে এর ৩টি সাবস্ক্রিপশন মডেল রয়েছে-

ফ্রি প্ল্যান : ৫টি ইন্টারভিউ।

স্টার্টার প্ল্যান : মাসে ১০০ ডলারে ২০০টি ইন্টারভিউ ও সব ফিচার ব্যবহারের সুবিধা।

এন্টারপ্রাইজ প্ল্যান : বড় প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজড সুবিধা।

সমস্যার সমাধান থেকেই যাত্রা

২০২৫ সালের ডিসেম্বরে AgenticHire-এর যাত্রা শুরু হয়। সিঙ্গাপুরে একটি ফাউন্ডার-কেন্দ্রিক অ্যাক্সিলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সময় দুইভাই এই ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ শুরু করেন। সাবিক জানান, প্রাথমিক পর্যায়ের প্রযুক্তি স্টার্টআপগুলোর একটি সাধারণ সমস্যা তারা লক্ষ্য করেছিলেন। এসব প্রতিষ্ঠানে অনেক সময় আলাদা HR বা নিয়োগ টিম থাকে না। ফলে প্রতিষ্ঠাতা কিংবা সিনিয়র ইঞ্জিনিয়ারদেরই সম্ভাব্য কর্মীদের প্রাথমিক সাক্ষাৎকার নিতে হয়। তাদের মতে, একজন উপযুক্ত প্রার্থীকে টেকনিক্যাল ইন্টারভিউ পর্যন্ত নিতে অনেক সময় প্রতিষ্ঠাতাদের ২০ থেকে ৩০টি প্রাথমিক স্ক্রিনিং কল করতে হয়। এই সময়সাপেক্ষ প্রক্রিয়ার চাপ কমাতেই AI-কে প্রাথমিক টেকনিক্যাল স্ক্রিনিংয়ে যুক্ত করার উদ্যোগ নেয় তারা। প্রথমে বিভিন্ন অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ও নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সঙ্গে কথা বলে সমস্যাটি যাচাই করা হয়। এরপর একটি ন্যূনতম কার্যকর পণ্য (MVP) তৈরি করে অ্যাক্সিলারেটরের মেন্টরশিপ পর্যায়ে সেটিকে আরও উন্নত করা হয়।

অংশীদারত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৫ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে এক অ্যাক্সিলারেটর প্রোগ্রামে আইডিয়াটি তৈরি হয়। সাবিক বিন সুলতান জানান, আমরা কোনো প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট রাউন্ডে যাইনি। ইস্ট ভেঞ্চারসের ‘মাই ফার্স্ট ১০০০’, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও সিঙ্গাপুরের ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলের মতো প্লাটফর্মের অনুদান ও অংশীদারত্বের মাধ্যমে এই ফান্ডিং এসেছে।

সংগৃহীত অর্থ মূলত পণ্যের মানোন্নয়ন, দলের পরিচালনা খরচ এবং আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণে ব্যয় হচ্ছে। বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে নিজেদের সেবা ছড়িয়ে দেওয়া এবং স্টার্টআপটির দ্রুত প্রসারে এখন জোর দিচ্ছে তরুণ এই দলটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা