নজরুল নৃত্য উৎসব ২০২৬
রবিবার কাজী নজরুল ইসলামের সৃষ্টির সেই বহুরূপী আবেগকে শরীরী ভাষায় ধারণ করেই পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনের ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মঞ্চজুড়েই যেন ঝঞ্ঝার গতি! কোথাও বৃষ্টির রিমঝিম, কোথাও নদীর ঢেউয়ের দোলা। কখনও নৃত্যশিল্পীর চোখে প্রেমের কোমলতা, কখনও হাতের মুদ্রায় বিদ্রোহের দীপ্তি; আবার কখনও সমবেত পদক্ষেপে জেগে ওঠে সাম্য ও জাগরণের আহ্বান। মনে হয় কবিতার পঙ্ক্তি আর গানের সুর ছেড়ে নজরুল নিজেই যেন নেমে এসেছেন মঞ্চেÑ কখনও প্রেমিক, কখনও বিদ্রোহী, কখনও মানবতার কবি হয়ে।
কাজী নজরুল ইসলামের সৃষ্টির সেই বহুরূপী আবেগকে শরীরী ভাষায় ধারণ করেই পর্দা নামল বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনের ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী। রাজধানীর মঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃত্যদল ও শিল্পীদের মিলন ঘটিয়ে আয়োজনটি হয়ে ওঠে নজরুলের সৃষ্টির বহুরূপী সৌন্দর্যের এক সম্মিলিত উদযাপন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, নজরুলের কবিতা ও গানে সৃষ্টির বহুমাত্রিকতাই তাকে সাংস্কৃতিক জীবনে চিরপ্রাসঙ্গিক করে রেখেছে। তার সৃষ্টির অন্যতম শক্তি ছন্দ ও গতি। গান ও কবিতার অন্তর্নিহিত সেই ছন্দ নৃত্যের জন্য স্বাভাবিকভাবেই একটি সৃজনভূমি তৈরি করে। নৃত্যশিল্পীরা সেই ছন্দ, আবেগ ও চেতনাকে শরীরী ভাষায় প্রকাশ করেছেন। মঞ্চে আমরা শুধু নৃত্য দেখিনি; আমরা অনুভব করেছি নজরুলের চিন্তা, তার স্বপ্ন এবং তার মানবিক দর্শনের এক নান্দনিক প্রকাশ।
সমাপনী পরিবেশনার শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন ‘রিমঝিম ঘন দেয়া বরষে’। এরপর ‘পদ্মার ঢেউরে’ নিয়ে মঞ্চে আসে নৃত্যশৈলী। ‘শ্যাম সুন্দর গীরিধারী’ পরিবেশন করে ওডিশি অ্যান্ড ট্যাগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার-চট্টগ্রাম। কথক নৃত্য সম্প্রদায়ের ‘আমি যার নুপুরের ছন্দ’ আর রিপরিপ শিল্পীগোষ্ঠী-রাঙামাটির ‘হলুদ গাদার ফুল’ মঞ্চে যোগ করে ভিন্ন ভিন্ন আবহ।
নজরুলের বিদ্রোহী সত্তাও উঠে আসে একের পর এক পরিবেশনায়। নৃত্যদল বহরের ‘আমরা শক্তি, আমরা বল’, কথকিয়া-দ্য সেন্টার অব আর্টসের ‘কে দুরন্ত বাজায়’ এবং বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র ‘দূর দ্বীপ বাসিনী’ দর্শকদের সামনে মেলে ধরে নজরুলের গান ও কাব্যের ভিন্ন ভিন্ন রূপ। ‘বাগিচায় বুলবুলি’তে প্রেম ও প্রকৃতির মেলবন্ধন, আর ‘জাগো নারী জাগো’তে উঠে আসে নারীর জাগরণ ও আত্মমর্যাদার বার্তা।
দেশের বিভিন্ন প্রান্তের আরও বহু নৃত্যদল ও শিল্পী উৎসবে অংশ নেন। ময়মনসিংহের নৃত্যগ্রাম, ছন্দসিক, আলিফিয়া ড্যান্স আটেলিয়ার, সৃষ্টি কালচারাল সেন্টার, নৃত্যদল আকৃতি, রংপুর ঝংকার নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্যদল আরাধনা, কল্যাণী নৃত্যাঙ্গন, দিব্য সাংস্কৃতিক সংগঠন, ঝংকার ললিতকলা একাডেমি, কালার্স অব হিল, পুষ্পাঞ্জলি, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, উপমায়া ও অভিনয়সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নজরুলের গান ও কবিতাকে নৃত্যের ভাষায় তুলে ধরেন।
উৎসবের শেষ প্রান্তে এসে যেন আরেকবার জেগে ওঠে নজরুলের সেই দুরন্ত, অপ্রতিরোধ্য সত্তা। ভঙ্গিমা ড্যান্স থিয়েটারের পরিবেশনায় ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ দিয়ে শেষ হয় দুদিনের আয়োজন। মঞ্চের আলো নিভে যাওয়ার পরও যেন থেকে যায় ছন্দের রেশÑ বিদ্রোহের আগুন, প্রেমের কোমলতা, সাম্যের স্বপ্ন আর মানুষের মুক্তির সেই চিরন্তন আহ্বান।