আয়ারল্যান্ডের বহু প্রাচীন স্থাননামÑ প্রকৃতির হারিয়ে যাওয়া এক অভিধান। কোনো নামের মধ্যে লুকিয়ে আছে ঈগলের বাসা, কোথাও নেকড়ের স্মৃতি, কোথাও বুনো শূকর কিংবা সারসের উপস্থিতির ইঙ্গিত। গবেষকরা বলছেন, এসব নাম শুধু অতীতের গল্পই বলে না; হারিয়ে যাওয়া বন, জলাভূমি ও বন্য প্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের পথও দেখাতে পারে।
আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আটলান্টিকের মুখোমুখি কেরি কাউন্টির ডিঙ্গল উপদ্বীপ। সেখানকার একটি পাহাড়ের নাম স্লিভ আন ইওলার, যার অর্থ ‘ঈগলের পাহাড়’। বিখ্যাত আইরিশ লোককথা সংগ্রাহক পিগ সেয়ার্স স্মরণ করেছিলেন, তার শৈশবে পাহাড়টি ঈগলে পরিপূর্ণ ছিল। পাহাড়ের খাড়া ঢালে ঈগলের বাসাও দেখা যেত। কিন্তু তার জীবদ্দশাতেই সোনালি ঈগল ও সাদা-লেজি ঈগল আয়ারল্যান্ড থেকে বিলুপ্ত হয়ে যায়। এই ধরনের স্থাননাম এখন পরিবেশবিদ ও গবেষকদের বিশেষ আগ্রহের বিষয়। কারণ আয়ারল্যান্ডের বহু জায়গার নাম প্রাণী, উদ্ভিদ, ভূমিরূপ, কৃষিকাজ কিংবা আবহাওয়া-জলবায়ুর বৈশিষ্ট্য থেকে তৈরি হয়েছে। ফলে সেগুলোকে অতীতের পরিবেশগত ইতিহাসের এক ধরনের দলিল হিসেবে দেখা হচ্ছে। লোকসংস্কৃতি গবেষক মাইরেড নিক ক্রাইথের মতে, স্থাননাম শত শত বছর ধরে গড়ে ওঠা স্থানীয় জ্ঞানের প্রতিফলন। এর একটি উদাহরণ তুয়াম না মাক তিরে, যার অর্থ ‘নেকড়ের কবর’। আয়ারল্যান্ডে শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে অষ্টাদশ শতাব্দীতে নেকড়ে বিলুপ্ত হলেও স্থাননামটি তাদের উপস্থিতির স্মৃতি ধরে রেখেছে। একইভাবে ক্লনটার্ক নামের অর্থ ‘বুনো শূকরের তৃণভূমি’, আর লেইট্রিমের ওইলান না গর অর্থ ‘সারসের দ্বীপ’। সারসও কয়েকশ বছর আগে আয়ারল্যান্ড থেকে বিলুপ্ত হয়েছে।
প্রকৃতির স্মৃতি শুধু প্রাণীতে সীমাবদ্ধ নয়। দোইরে শব্দের অর্থ বন, বিশেষ করে ওকবন। কিল দারা অর্থ ‘ওক গাছের গির্জা’, আর দোইরে না ফুইনসে অর্থ ‘ছাইগাছের বন’। এসব নাম আয়ারল্যান্ডের একসময়কার বিস্তৃত বনভূমির কথাও মনে করিয়ে দেয়। ডাবলিনের উত্তরের লক গাবর নামের অর্থ ছিল ‘সাদা ঘোড়ার হ্রদ’। বর্তমানে সেখানে কোনো হ্রদ নেই। তবে মাটির নিচের স্তরে গবেষকরা অতীতের দুটি হ্রদের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি