× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘ফাগুনের অগ্নিকণা’

সোহেল মাজহার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৩ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪ পিএম

ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘ফাগুনের অগ্নিকণা’

ভাষা আন্দোলনকে উপজীব্য করে প্রণীত উপন্যাস ‘ফাগুনের অগ্নিকণা’। গ্রন্থকার মনি হায়দার। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মমতাজ বেগম। তাকে ঘিরেই উপন্যাসের গল্প আবর্তিত। মমতাজ বেগম নারায়ণগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রাষ্ট্রভাষা আন্দোলনে অংশগ্রহণকারী এই নারী নিজের ব্যক্তিত্বের বিকাশ, পিতার বিরুদ্ধে প্রতিবাদ ও ভালোবাসার টানে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে মমতাজ বেগম নাম গ্রহণ করে।

মমতাজ বেগম অর্থাৎ কল্যাণী রায় চৌধুরী মিনু ব্রিটিশ উপনিবেশবিরোধী একজন স্বাধীনতাকামী। লেখক যে কল্যাণী রায় চৌধুরীর ব্যক্তিত্বের ছবি ফুটিয়ে তুলেছেন, তিনি রোকেয়া সাখাওয়াত, সরোজিনী নাইডু, লীলা নাগ, করুণা আসফ আলী, নন্দিতা কৃপালিনী ও উষা মেহতা প্রমুখের ভাবাদর্শে অনুপ্রাণিত। আমরা দেখি ব্রিটিশ সরকারের কাছ থেকে পিতা বিচারপতি মহিমচন্দ্র চৌধুরীর রায় বাহাদুর উপাধিপ্রাপ্তি তার মধ্যে অসন্তোষ ও আত্মগ্লানি তৈরি করে। বিষয়টিকে সে সহজভাবে মেনে নিতে পারে না।

স্বভাবতই এ মানুষটি স্বামীর সংসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন কাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। নারায়ণগঞ্জে প্রগতিশীল রাজনীতি ও শ্রমিকদের অধিকার নিয়ে কাজ শুরু করেন। তাই দেখা যায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনে ঢাকায় ছাত্রহত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মমতাজ বেগম শিক্ষক-শিক্ষার্থীদের মিছিলে অংশ নেন। শুধু তাই নয়, সভার বক্তৃতায় রাষ্ট্রভাষা বাংলাসহ সকল গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করে। ঔপন্যাসিক মমতাজের তৎপরতা উলে¬খ করেন এভাবেÑ‘ মহিলা বা মেয়েরা মিছিল করে আসছে জনসভার দিকে। মিছিলের পেছনে মর্গান গার্লস স্কুলের ছাত্রীরা, সামনে স্কুলের প্রধান শিক্ষক মমতাজ বেগম মিনু। তিনি সামনে থেকে হাত উঁচিয়ে স্লোগানে লিড দিচ্ছেন, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, পেছনের শতিনেক ছাত্রী গলার রগ ফুলিয়ে প্রতিধ্বনি করছে, বাংলা চাই, বাংলা চাই।’ (পৃ. ৪৪, ফাগুনের অগ্নিকণা : মনি হায়দার, পূর্বোক্ত)

জনসভাটি ছিল তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিবাদ সভায় অবিভক্ত বেঙ্গল মুসলিম লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাশিম, খান সাহেব ওসমান আলী, শামসুদ্দোহা, মুস্তাফা সারওয়ার, তরুণ শিল্পী মুস্তাফা মনোয়ারসহ নাগরিক সমাজ ও রাজনীতিবিদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এই জনসভা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার ও নারায়ণগঞ্জের মহকুমা প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি করে। কারণ প্রতিবাদ সভায় মমতাজ বেগমের বক্তৃতা। কার্যত এর মধ্য দিয়ে লেখক মর্গান গার্লস স্কুলের অভ্যন্তরীণ রাজনীতি, পাকিস্তান সরকারের ভারত ভীতি, সকল কিছুর মধ্যে ভারত, হিন্দু ও কমিউনিস্ট ষড়যন্ত্র আবিষ্কার করার বিকৃত মানসিকতা চিহ্নিত করেছেন। লক্ষণীয় বিষয় হলো সরকারের ঊর্ধ্বতন মহল মমতাজ বেগমের বিষয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করে। কিন্তু মাঠ পর্যায়ের তৈলবাজ কর্মকর্তাদের অতি উৎসাহ, বিকৃতÑ অর্ধসত্য তথ্য ও সরকারের প্রিয়ভাজন হওয়ার সংস্কৃতির কারণে মুহূর্তেই মমতাজ বেগম সরকারের জন্য বিরাট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে মহকুমা প্রশাসক মমতাজ বেগমকে একজন ভারতীয়-হিন্দু এজেন্ট হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাতের মামলা দায়ের করে। সরকার জানে রাষ্ট্রভাষা আন্দোলনে গ্রেপ্তার করা হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। কিন্তু দেখা যায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হলেও জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করে ও বিক্ষুব্ধ হয়ে ওঠে। অনেক সাধারণ শিক্ষার্থী স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে পুলিশের প্রিজন ভ্যানে ওঠে বসে।

‘ফাগুনের অগ্নিকণা’র আখ্যান ভাষা সংগ্রামী মমতাজ বেগম, তার সময়কাল, রাজনীতি, সমাজ-সংস্কৃতি, পরিবেশ ও প্রতিবেশের চিত্র ফুটে উঠেছে। উপন্যাসটি সহজ গদ্য ভাষায় লেখা। পাঠে সামান্য বিরক্তও আসে না।

ফাগুনের অগ্নিকণা

মনি হায়দার

প্রচ্ছদ : চারু পিন্টু

প্রকাশনা : বেঙ্গল পাবলিকেশনস

মূল্য : ৪৮০ টাকা



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা