× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গল্প

আরেক মাদার ইন ম্যানভিল

মনিজা রহমান

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৪ পিএম

অলংকরণ: সংগৃহীত

অলংকরণ: সংগৃহীত

লেজেন্ড সব সময় মায়ের কথা বলত। চার বছরের একটা শিশু যতবার ‘মা’ শব্দটা উচ্চারণ করতে পারে, তার চেয়েও বেশি বলত ও। ক্লাসে ঢুকেই আমার হাত ধরত। কখনও ছোট দুই বাহু মেলে জড়িয়ে ধরত। কখনও আমার পাশে এসে বসে থাকত। কখনও হঠাৎ কোনো কারণ ছাড়াই বলতÑ

‘মাই মাম্মি ইউজড টু সিং টু মি!’

আমি উত্তরে কি বলব বুঝতে পারতাম না। শুধু মাথায় হাত বুলিয়ে দিতাম। কৃষ্ণাঙ্গ শিশুটির কালো মুখ আলোকিত হতো সামান্য স্পর্শে। ওর গভীর কালো চোখের মণিতে ঠিকরে পড়ত আনন্দ।

লেজেন্ডের ফাইলটা একদিন ভুল করে ডেস্কের ওপর খোলা ছিল। স্কুলের সোশ্যাল ওয়ার্কার তাড়াহুড়োয় ফেলে গিয়েছিল। সেখানে অনেক শব্দ লেখা ছিলÑ নেগলেক্ট, আনসেইফ এনভায়রনমেন্ট, সাবস্টানস এবিউজ, কোর্ট অর্ডার। শব্দগুলো একটা চার বছরের শিশুর নামের পাশে অসম্ভব নিষ্ঠুর লাগছিল। যেন কাগজে লেখা কিছু ভয়ংকর শব্দ ওর পুরো শৈশবটাকে কেড়ে নিয়েছে।

যে পরিবেশে আমি বড় হয়েছি সেখানে মা আর বাবা আমৃত্যু সন্তানের পাশে থাকবে এটাই নিয়ম। চার বছরের এক শিশু, ওর বাবা কে জানে না, মা জেল খাটছে, সেই শিশুর জীবন আর বেদনার স্বরূপ আমার কল্পনাতে ছিল না।

লেজেন্ড নামটা কে রেখেছে জানি না। তবে সত্যিকারের একজন লেজেন্ড হওয়ার মতো মেধা ওর আছে। পুরো ক্লাসে এত স্মার্ট শিশু আর কেউ নেই! ওর বড় ভাই জশুয়া বরং কিছুটা সহজ সরল। লেজেন্ডের আট বছর বয়সী ভাই গ্রেড থ্রিতে পড়ে আমাদেরই স্কুলে। সব সময়ই দেখি খুব চুপচাপ। তবে দুই ভাইয়ে খুব মিল, দেখা হলে ছুটে গিয়ে জড়িয়ে ধরবেই ধরবে।

লেজেন্ডের ছোট বোনটা আড়াই বছরের, এখনও স্কুলে যাওয়া শুরু করেনি। তিন ভাইবোনকে আলাদা করা হয়নি, এটুকুই যেন সিস্টেমের দয়া।

ওরা তিন ভাইবোন কুইন্স ব্রিজের প্রজেক্টের বিল্ডিংয়ে ফস্টার প্যারেন্টের সঙ্গে থাকে। চেসটিনি আর ডেসটিনি নামে ওই প্যারেন্টের দুই হাইস্কুল পড়ুয়া মেয়ে ছুটির পর লেজেন্ডকে নিতে স্কুলে আসে। ওই দুই বোনকে আমাদের স্কুলে সবাই চেনে, এখান থেকেই মিডল স্কুল শেষ করে চার ব্লক দূরত্বে লং আইল্যান্ড সিটি হাইস্কুলে পড়ে ওরা। আমাদের স্কুলের মতোই লং আইল্যান্ড সিটি হাইস্কুলের মানও খুব খারাপ। গরিব আর বখাটে ছেলেমেয়েরা শুধু পড়তে আসে এই দুই স্কুলে।

নিউইয়র্ক শহরের নিম্ন আয়ের মানুষদের জন্য আমাদের স্কুলের পাশে এই প্রজেক্টের বিল্ডিংগুলো। যেখানে থাকার জন্য কোনো ভাড়া লাগে না। এই প্রজেক্টের ভবনে কোনো শ্বেতাঙ্গ পরিবারকে আমি থাকতে দেখিনি। মার্টিন লুথার কিং জীবন দিল, কিন্তু কালো মানুষদের ভাগ্য বদল হলো না। কেউ কেউ না চাইলেও অপরাধ চক্রে জড়িয়ে যায়। ম্যালথাসের সেই দারিদ্র্যের দুষ্টচক্রের মতোই। লেজেন্ডের মাও সেভাবে জড়িয়েছিল, পরিণতি হিসেবে এখন জেল খাটছে বছরের পর বছর।

লেজেন্ডের ফস্টার পরিবারের সদস্যরাও কৃষাঙ্গ, তবে অত্যন্ত ভদ্র। তারা আন্তরিকভাবে লেজেন্ড আর দুই ভাইবোনকে ভালোবাসে। লেজেন্ডও ওদের সঙ্গে হাসে, ভিডিও গেম খেলে, বিকাল হলে পার্কে যায়। কিন্তু দিনের শেষে, সব ভালোবাসার ভেতরেও একটা ফাঁকা জায়গা থেকে যায়, যেখানে শুধু ওর মায়ের মুখ।

প্রি ক্লাসের নিয়ম হলো লাঞ্চের পরে সব শিশুরা কিছুক্ষণ ন্যাপ নেয়। একদিন দুপুরে সব শিশুরা ঘুমাচ্ছিল, লেজেন্ডের বিছানার কাছে গিয়ে দেখি ওর দুই চোখ খোলা। হয়তো ঘুমাচ্ছিল, কোনো কারণে ঘুম ভেঙে গেছে। আমাকে দেখে উঠে বসে ফিসফিস করে বলল,

‘টিচার, আই হ্যাড আ ড্রিম।’ 

‘কি দেখেছ?’ 

‘মাই মাম্মি কেম ব্যাক। শি ওয়াজ ওয়্যারিং এ বিউটিফুল ইয়োল ড্রেস।’ 

তারপর খুব স্বাভাবিক গলায় বলল,

‘বাট সি কুডন্টং বাই এ বিউটিফুল ড্রেস! সি ডিডন্ট হ্যাভ দ্যাটস মানি।’ 

মাটিতে বসে লেজেন্ডের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, ‘তুমি যখন বড় হবে, তখন মায়ের জন্য একটা সুন্দর ড্রেস কিনে দেবে!’ 

স্কুল শেষে প্রতিদিন যে বাসস্টপে দাঁড়িয়ে থাকি, তার পিছনে রয়েছে একটা থ্রি স্টার হোটেল। আগে সেটা হোটেল থাকলেও এখন সেটা শেল্টার। গৃহহীন কৃষ্ণাঙ্গ আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা সেখানে আশ্রয় নিয়েছে। আমার কয়েকজন ছাত্র-ছাত্রীর সঙ্গে সেখানে দেখা হয় প্রায়ই। ওদের হাত ধরে ওদের মায়েরা থাকে, ওদের চোখে মুখে আনন্দ ঠিকতে পড়ে, জীবন ওদের অনেক কিছু থেকে বঞ্চিত করলেও ওদের কখনও বিষণ্ন দেখিনি।

শুধু লেজেন্ডের কচি হাতটা ধরার জন্য ওর মা ছিল না পাশে। 

কুইন্সের শেষ ব্যস্ত সড়ক টুয়েন্টি ফার্স্ট স্ট্রিটে পাবলিক বাসে যেতে যেতে মাঝেমধ্যে লেজেন্ডের মায়ের কথা ভাবি। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায় মাথার মধ্যে। 

ওর মা কী বেঁচে আছে? নাকি কোথাও হারিয়ে গেছে? সে কী সত্যিই জেলে আছে? নাকি রিহ্যাবে? অন্য কোনো শহরে? অন্য কোনো সম্পর্কে? এজন্য কী ভুলে গেছে গর্ভের তিন সন্তানকে! 

নাকি সে এমন এক জীবনের ভেতর ডুবে গেছে, যেখান থেকে ফিরে আসার রাস্তা আর খুঁজে পাওয়া যায় না! 

আমি কল্পনায় ভাবতে থাকি, হয়তো কোনো রাতে সে সাবওয়ে ট্রেনের সিটে বসে আছে। হাতে ডানকিন থেকে কেনা কফির কাপ। ট্রেনের জানালার কাচে নিজের ক্লান্ত মুখ দেখছে। হঠাৎ পাশের এক শিশুর হাসি শুনে লেজেন্ডের কথা, জশুয়ার কথা তার মনে পড়ে গেল। তখন সে ফোন বের করে পুরনো ছবি খুঁজতে লাগল, যে ছবিতে ছোট্ট লেজেন্ড তার বুকের উপর ঘুমিয়ে আছে। 

হয়তো সে তখন কাঁদল! হয়তো কাঁদল না। কিছু মানুষ এত বেশি ভেঙে চুরে খান খান হয়ে যায় যে কান্নাও তাদের ছেড়ে চলে যায়। 

পরদিন ক্লাসে ঢুকতেই ক্লাস টিচার মিসেস রিভেইরা মনে করিয়ে দিলেন, আর কদিন পরেই মাদারস ডে, আমাদের এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে।

মাদারস ডে উদযাপন দিন দিন যেন সত্যিকারের উৎসবে পরিণত হয়েছে। চারদিকে এত বেশি আয়োজন থাকে মনে হয় নিউ ইয়ারের চেয়েও বেশি। এইদিন উপলক্ষে আমেরিকায় সবচেয়ে বেশি ফুল বিক্রি হয়! 

 ক্লাস টিচার মিসেস রিভেইরা এক বাক্স বিডস এনে দিয়ে বলল, ক্লাসের সব শিশুদের সঙ্গে ‘লাভ ব্রেসলেট’ বানাতে। আর মিসেস রিভেইরা ওদের সঙ্গে তৈরি করবে বিশেষ ধরনের কার্ড। সেখানে শিশুদের হাতের ছাপ থাকবে। রঙের ওপর হাত রেখে শিশুরা সেই হাত রাখবে কার্ডের ওপর, তারপর সেই কার্ড শুকাতে দেয়া হবে। এরপর সেখানে ‘আই লাভ ইউ মম’ লিখবে শিশুরা। 

লেজেন্ড ছাড়া ক্লাসের সব শিশুর মাকে আমি চিনি। এমনকি তাদের নামও অজানা নয় ক্লাস দোজোর কারণে। ওখানে তো নিয়মিত আমাদের যোগাযোগ হয় প্যারেন্টসদের সঙ্গে। মিসেস রিভেইরা ক্লাস দোজোতে পোস্ট দিলেন, মাদারস ডে উপলক্ষে শুক্রবার ক্লাসে পার্টি হবে। বিশেষ করে মায়েরা সেখানে আমন্ত্রিত।

লেজেন্ডও সবার মতো ব্রেসলেট বানায় আমার সঙ্গে। মিসেস রিভেইরা ওকে কার্ড বানাতেও ডাকে। যদিও সে জানে না এই কার্ড লেজেন্ড কাকে দেবে! নির্ধারিত মাদারস ডে সেলিব্রেশনের দিনে লেজেন্ড থাকতে পারবে না বলে জানায় ওর ফস্টার পরিবার। খবরটা আমাদের কিছুটা স্বস্তি দেয়। ওর সব বন্ধুদের মায়েরা আসবে আর লেজেন্ড সেখানে মা হীন হয়ে থাকবে এটা মেনে নেয়া যায় না। 

আমাদের ছোটখাটো মাদারস ডে পার্টি খুব জমজমাট হয়। শিশুরা চমৎকার পোশাক পরে উচ্চ লয়ের মিউজিকের সঙ্গে ক্যাটওয়াক করে মায়েদের সামনে। প্রিন্সিপাল এসেছিলেন কিছুক্ষণের জন্য। তিনিও প্রশংসা করেন আমাদের আয়োজনের।

আমরা আনন্দের তৃপ্তি নিয়ে বাসায় ফিরি। যেতে যেতে সহকর্মীদের কাছ থেকে শুনতে পাইÑ ‘হ্যাপি মাদার্স ডে’। আমিও ওদের বলিÑ ‘হ্যাপি মাদার্স ডে!’ বাসায় ফিরে সন্তানদের কাছ থেকে ফুল আর কেক উপহার পাই, যদিও নেপথ্যে ছিল তাদের বাবা। মা হতে পারার গর্বে আরেকবার গর্বিত হই।

পরদিন সকালে ক্লাসে লেজেন্ড এলে আমরা বলি, তোমাকে আমরা মিস করেছি গতকাল।

লেজেন্ড জানায়, সে দারুণ সময় কাটিয়েছে মায়ের সঙ্গে।

আমরা তো অবাক। মিসেস রিভেইরা আর আমি একে অন্যের দিকে তাকাই। লেজেন্ড মাকে পেল কোথায়? ওর মা তো জেলখানায় থাকে। দাগি আসামি।

লেজেন্ডের থার্ড গ্রেডে পড়া ভাই জশুয়ার ক্লাস টিচার মিস স্মিথ আসেন আমাদের ক্লাসে। লেজেন্ডের তথ্য সঠিক। জশুয়া যেহেতু বড় ও বিস্তারিত বলেছে ওর ক্লাসের শিক্ষককে। লেজেন্ডের মা যে জেলখানায় আছে, সেখানে ভালো ব্যবহারের জন্য কয়েকজন নারী আসামিকে আলাদা করা হয়। তাদের সুযোগ করে দেয়া হয় সন্তানদের সঙ্গে মাদারস ডে উদযাপনের জন্য। এটা তাদের ভালো কাজের পুরস্কার!

তারপর স্কুল সোশ্যাল ওয়ার্কার এসেও নিশ্চিত করে লেজেন্ডের কথার সত্যতা।

লেজেন্ড আর দুই ভাইবোন ফস্টার প্যারেন্টসদের সঙ্গে গিয়েছিল জেলখানায় মায়ের সঙ্গে দেখা করতে। লেজেন্ডের মা নাকি সেভাবে কোনো কথাই বলতে পারেনি। তিন সন্তানকে একসঙ্গে সামনে দেখে শুধু জড়িয়ে ধরে কেঁদেছে। 

আমার মনে হয়Ñ হয়তো সে বুঝতে পারেনি কোথা থেকে শুরু করবে। ‘কেমন আছিস রে’ বলবে নাকি ‘আমাকে ক্ষমা কর’ বলবে? নাকি শুধু ‘মা তোদের খুব ভালোবাসে’ বলেই থেমে যাবে?

কুইন্সের শেষ ব্যস্ততম সড়ক দিয়ে সিক্সটি নাইন বাসে যেতে যেতে আমার কল্পনাপ্রিয় মনে কত ভাবনা আসে

লেজেন্ডের মা হয়তো সেই মুহূর্তে একজন কয়েদি ছিল না। কোনো ফাইলের পাতায় লেখা নেগলেক্ট, সাবস্টানস এবিউজ, কোর্ট অর্ডারÑ এসবের কোনোটাই ছিল না। সে শুধু একজন মা ছিল। বহুদিন পর নিজের তিন সন্তানকে সামনে পেয়েছিল।

আর তিনটি শিশু সেদিন কোনো জেলখানা দেখেনি। তারা শুধু তাদের মাকে দেখেছিল।

হয়তো সেই কারণেই মাদারস ডে-র আগের রাতে লেজেন্ডের স্বপ্নে মা এসেছিল হলুদ পোশাকে। শিশুর মন তো যুক্তির হিসাব জানে না। সে শুধু জানে, তার মা সুন্দর। তার মা তাকে ভালোবাসে। তার মা একদিন বাড়ি ফিরবে।

সেদিন বাসায় ফেরার পথে বারবার লেজেন্ডের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, মাদারস ডে আসলে শুধু সেইসব মায়েদের জন্য নয়, যারা প্রতিদিন সন্তানের হাত ধরে স্কুলে আসে, রাতে ঘুম পাড়ায় কিংবা সকালে টিফিন গুছিয়ে দেয়। এই দিনটা হয়তো তাদের জন্যও, যেসব মা কোনো কারণে সন্তানের পাশে থাকতে পারেনি। যেসব সন্তান মাকে হারিয়েছে, যাদের মা দূরে, জেলে, হাসপাতালে, কিংবা জীবনের এমন কোনো অন্ধকার জায়গায় আটকে আছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তারাও জেলখানায় খুব চেষ্টা করে ভালো ব্যবহারের পুরস্কার জিততে, যদি সন্তানের মুখটা দেখতে পারে!

পরদিন ক্লাসে এসে লেজেন্ড খুব স্বাভাবিকভাবেই খেলছিল। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি ওর মাথায় হাত রাখলাম।

ও কিছু বলল না।

আমিও কিছু বললাম না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা