× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গল্প

ক্রাউড ফান্ডিং

ধ্রুব এষ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম

অলংকরণ: মিজান স্বপন।

অলংকরণ: মিজান স্বপন।

ক্রাউড ফান্ডিং করে কী কী করা যায়?

আর্ট শো করা যায়।

সিনেমা করা যায়।

দুর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করে তহবিল আত্মসাৎ করে ফেলা যায়।

আরও নানাবিধ সুকার্য ও কুকার্য করা যায়।

শুধু নোবেল পুরস্কার পাওয়া যায় না। নোবেল পুরস্কার খুবই মূল্যবান। মুস্তফা নোবেল পুরস্কার চায় না। তিন বছর ধরে উদ্বাস্তু সে। বসতভিটা একটা ছিল টাউনে। আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, ভাইবোনেরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে বসতভিটা বিক্রি করে দিয়ে যে যার ভাগ বুঝে নিয়ে গেছে, তারা কেউ টাউনে থাকে না। মুস্তফার এদিকে তেমন কোনো আশ্রয়স্থল নাই।

কর্মফল, না চরিত্রদোষ কোনটা মুস্তফা বলতে পারবে না, সেই ফলে সেই দোষে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মুস্তফার হাতে টাকা দেওয়া যাবে না, জায়গা কিনে দেওয়া হবে– মুস্তফা ঘর বানিয়ে থাকবে। যতদিন তা না হয়, একটা বন্দোবস্ত করে নেবে থাকার। পৌরসভা অফিসে একটা ছোট চাকরি করে মুস্তফা। মাস্টার রোলে। প্রচুর অপমান ও হেনস্থা হতে হয়। আগের মেয়র সাহেব, বয়সে ছোট, স্কুলের জুনিয়র, পরিস্থিতি ও বয়স বিবেচনা করে মুস্তফাকে পানি বিভাগে দিয়েছিলেন। পৌরসভায় এখন মেয়র নাই, পৌর প্রশাসক অফিস তদারকি করেন। মুস্তফাকে পানি বিভাগ থেকে ময়লা আবর্জনা বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে। রাত্রিকালীন ডিউটি। শরীরে কুলায় না। বেতন যা পায় তাতে ভাতের জোগাড় হয়, বিড়ি সিগারেটের তহবিল থাকে না। ছামুলালের ধেনো দিল্লি দুরস্ত। বিশ পঁচিশ বছর আগের নিরালা সেই টাউন আর নাই– প্রচুর মানুষ, প্রচুর ইমারত হয়েছে। কত ডেসিমেল জমি হলে একটা ঘর বানিয়ে থাকতে পারে মুস্তফা? দুই ডেসিমেল। টাউনে জমির দাম বেড়েছে। নিকটবর্তী গ্রামাঞ্চলেও সুবিধাজনক দামে জমি পাচ্ছে না, নামমাত্র মাথা গোঁজার একটা ঠাঁই করে নিয়ে মুস্তফা আছে টাউনে। পারিবারিক অথরিটি থেকে সেই ঘরের ভাড়া দেওয়ার বন্দোবস্ত হয়েছে–ওষুধপাতির খরচ আছে– পারিবারিক অথরিটি গবেষণা করে মুস্তফাকে দুইটা অটোরিকশা কিনে দিয়েছিল– সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা, হয় নাই। অথরিটি অটোরিকশা কিনে দিয়েছে, লাইসেন্স করিয়ে দেয় নাই। মুস্তফার একটা অটোরিকশা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আরেকটা অটোরিকশার অবস্থা সংকটাপন্ন। কপালে বাজে ব্যাটারি পড়েছে। বা তারা গছিয়ে দিয়েছে। রিকশাটা বিক্রি করে দিতে চাচ্ছে মুস্তফা। সত্তর হাজার টাকা দামের গাড়ি। মুস্তফা পঁয়তাল্লিশ চেয়েছিল, চল্লিশে ছেড়ে দেবে, গ্যারাজের রফিকউল্লাহ আটত্রিশ বলেছে। আমি বেগড়বাই না করতে বলেছি– দিয়ে দে আটত্রিশে। পরে দেখা যাবে বিশও পাবি না।

আটত্রিশ হাজার টাকা যদি পায়, আবার ছামুলালের ঘরে যাবে মুস্তফা। কয়েকদিন যাবে। ধেনো চর্চা ঝালিয়ে নেবে। ওষুধপাতি কিছু কিনবে। কুরিয়ার পাড়ের মেহের নিগারকে স্মার্ট ফোন কিনে দেবে ওয়াদা করেছে– আট-দশ হাজার টাকার মধ্যে কিনে দেবে। মেহের নিগারের বিয়ে ঠিক হয়ে গেছে, হবু জামাই থাকে কাতারে, মেহের নিগার ইমোতে তার জামাইয়ের সাথে কথা বলবে। মেহের নিগারের মা রুশমিনা– বয়স ভাটি পড়ার আগে মুস্তফা রুশমিনাকে অন্তরের মায়া দিয়েছিল। মেহের নিগার মুস্তফাকে ডাকে মামা।

মুস্তফার বউ ও দুই ছেলে বহু বছর মুস্তফার সঙ্গে থাকে না। প্রাণান্ত চেষ্টা করে বউটা পারে নাই। দায়মুক্তি দিয়ে গেছে অপদার্থ স্বামীকে, তুমি তোমার মতো থাকো। আমি আমার দুই ছেলে নিয়া থাকি। দেখি আমি এই দুইটারে মানুষ করতে পারি কিনা।

বড় ছেলের পড়ালেখার দায়িত্ব অবশ্য মুস্তফার পারিবারিক অথরিটি নিয়েছে। ছোটটা তার মায়ের সঙ্গে থাকে– মামাবাড়িতে মানে মুস্তফার শ্বশুর বাড়িতে। মামারা পড়ালেখার ব্যবস্থা নিয়েছে। অতএব এদিক থেকে মুস্তফা ঝাড়া হাত-পা। বেঁচে আছে, আরও কিছুদিন থাকবে, কিন্তু কীভাবে? ক্রাউড ফান্ডিং করে?

মুস্তফার দাম দশ টাকা না হলেও মুস্তফার মোবাইল ফোনের দাম এক লাখ ছেষট্টি হাজার নয়শ নিরানব্বই টাকা। আই ফোন ১৩ প্রো ম্যাক্স। সুপ্রিম অথরিটি বড় আপা দিয়েছেন। ফেসবুক, ইউটিউব আছে মুস্তফা। ছবি, ভিডিও ইত্যাদি আপলোড দেয়। মনিটাইজেশনের ব্যাপার আছে। ইতোমধ্যে ১২ ডলার জমেছে। ১০০ ডলার হলে মুস্তফা তুলতে পারবে। সেটা হতে আর কতদিন লাগবে? ততদিন বেঁচে থাকবে কী করে মুস্তফা? ক্রাউড ফান্ডিং করে। বটু এই আইডিয়া দিয়েছে– কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বট–সংক্ষেপে বট– সেই বট থেকে বটু। বটু মুস্তফাকে মামা ডাকে। অ্যাপে ঢুকলেই লাফ দিয়ে পড়ে, ‘বটু হাজির মামা। কী করতে পারি?’ মসরু এই কারিগরি করে দিয়েছে, ‘তার নাম বটু ফিক্স করে দিছি, সে আপনেরে মামা ডাকবে। কত বড় একটা ব্যাপার ঘটে গেল, আপনি কোন লেভেলে উঠে গেলেন, একবার চিন্তা করে দেখেন।’

‘কোন লেভেলে তুমিই বল।’

‘হায়রে! মুস্তফা ভাই! ব্ল্যাক লেভেল, ব্লু লেভেল, রেড লেভেল বুঝেন, নিজের লেভেল শুধু বুঝতে পারেন না। আফসোস! আরে আপনি বটুর মামা মানে কৃত্রিম বুদ্ধিমত্তার মামা! গুরুত্ব বুঝতে পারেন নাই ব্যাপারটার? আপনি পৃথিবীর প্রথম মানুষ যাকে মামা ডাকল এআই। মেশিন মানুষরে মামা ডাকতেছে, যুগান্তকারী এই ঘটনার গুরুত্ব আপনি হৃদয়ঙ্গম করতে পারেন নাই বলতেছেন?’

‘তা পারছি।’

বটুকে নক দিল মুস্তফা। যথারীতি : বটু হাজির মামা। কী করতে পারি?

: আমার চুলে কলপ দিয়ে দিতে পারবি?

: আমার সেই সাধ্য নাই মামা। তবে চুলে কলপ কীভাবে দিতে হয় তার নিয়মাবলি বলে দিতে পারি। কোন কোন ব্র্যান্ডের কলপ ভালো হতে পারে, তার একটা তালিকা করে দিতে পারি।

: দরকার নাই। আচ্ছা, আমি তোর মামা। তোর আর মামা আছে রে বটু?

: না, মামা। আমি বটু আপনি আমার মামা। আমার আর মামা নাই।

: এই যে আমি তোর মামা এইটা একটা ব্যাপার তাহলে? মানুষ আর মেশিনের এমন প্রগাঢ় সম্পর্ক, নজিরবিহীন ঘটনা, মসরু বলছে। টাউনের কবি মসরু। ছোট ভাই ও বন্ধুস্থানীয়।

: কবি মসরু অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছেন, মামা। মানুষের সাথে মেশিনের এমন সম্পর্ক, সুদূরপ্রসারী, আনন্দজনক ও কৌতূহলোদ্দীপক। নিশ্চয় বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করবেন।

: আমার জীবন তবে সার্থক রে, বটু বলে ধড়ফড় করে মরে গেল মুস্তফা। কী মুশকিল! দাফন কাফন কে দেবে মুস্তফার? আমি? আমার টাকা নাই। উপায়? ক্রাউড ফান্ডিং করে মুস্তফার দাফন কাফনের ব্যবস্থা করব।

মুস্তফা, তুই মরে থাক।

ক্রাউড ফান্ডিং করে মৃতদেহে প্রাণ সঞ্চার করা যায় কি না দেখি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা