× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের কবরে সমাহিত হবেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪ পিএম

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

হাঁটতে হাঁটতে ক্লান্ত হলাম, খাটতে খাটতে ক্লান্ত; মন এখনো চঞ্চল হয়, মন হয় না শান্ত। (এই যে আমি), আমীরুল ইসলাম ছড়ায় এভাবে নিজেকে বর্ণনা করেছেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

তিনি ছিলেন অফুরন্ত প্রাণোচ্ছল এবং শিশুসাহিত্য অন্তঃপ্রাণ এক আশ্চর্য মানুষ। দীর্ঘদিন ধরে নানাবিধ শারিরীক জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।

আমীরুল ইসলামের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

পরিবার সূত্রে জানা গেছে, কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে আমীরুল ইসলামকে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার রাত তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

শুক্রবার জুমার নামাজের পর বেলা ১টা ৩৫ মিনিটে দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে আমীরুল ইসলামের প্রথম জানাজা হয়।

বেলা তিনটায় বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। সেখানে বেলা সাড়ে তিনটায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আসরের নামাজের পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মা আনজিরা খাতুনের কবরে দাফন করা হবে।

আমীরুল ইসলামের জন্ম ১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগের আমলীগোলায়। পিতা সাইফুর রহমান। মাতা আনজিরা খাতুন। ছয় ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। পড়াশুনা আজিমপুরের ওয়েস্ট এন্ড হাইস্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাভাষা ও সাহিত্যের। ডাকসু থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনও করেছিলেন।

শুধু নিজের লেখায় নয়, শিশুসাহিত্যের যে কোনো আয়োজন বর্ণিল ও প্রাণময় হয়ে উঠতো আমীরুল ইসলামের উপস্থিতিতে। তিনি ছিলেন মজলিসি মেজাজ আর কৌতুকপ্রিয় মানুষ। আন্তরিক আলাপ আর সরস উপস্থাপনায় যেকোনো আসর জমাতে তার জুড়ি তিনি নিজেই। শিশুসাহিত্যের এই সম্মোহনী মানুষটির হাত ধরে জন্ম নিয়েছে অসংখ্য সংগঠন। তরুণ লেখকদের নির্ভরযোগ্য আশ্রয়স্থলও ছিলেন এই সাহিত্যিক। 

দৈনিক সংবাদের খেলাঘর পাতার ‘ভাইয়া’ বিশিষ্ট শিশুসাহিত্যিক হাবীবুর রহমান তার চাচা। চাচার সংস্পর্শেই তার সাহিত্যের হাতেখড়ি। আজীবন নিয়োজিত ছিলেন শিশুসাহিত্যচর্চায়। লিখেছেন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, রূপকথা, বিজ্ঞান, নাটক, খেলাধুলাসহ নানাবিধ বিষয়ে।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক। বড়দের উপযোগী মাত্র একটা বই লিখেছিলেনÑ ‘নসরউল্লাহর পুরানা প্যাচাল।’ তার রচিত কিছু পাঠকপ্রিয় বই হলোÑ ‘লুথা দ্বীপের রহস্য’, ‘এক যে ছিল পেটুক ফড়িং ছানা’ ‘রুমঝুমপুর’, ‘অমি ওয়ান অমি টু’, ‘রাজিনের উড়ন্ত সাইকেল’, ‘হাদিসের কথা’, ‘আমি মুক্তিযোদ্ধা হতে চাই’, ‘ছড়া নাচে টুং টাং’, ‘খামখেয়ালি’, ‘তুমি আমাদের পিতা’, ‘আকাশভরা রূপকথা’, ‘আমাদের গোয়েন্দাগিরি’ ইত্যাদি।

পাঠকপ্রিয় এই লেখক লেখালিখির জীবনে পেয়েছেন নানান স্বীকৃতি। আমীরুল ইসলাম শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। শিশুসাহিত্যের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ আরো নানাবিধ পুরস্কার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা